‘এদের খুঁটির জোর কোথায়?’ প্রশ্ন জামায়াত আমিরের
চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন।”
হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এ বিষয়ে তিনি লেখেন, “জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
তিনি আরও লেখেন, “জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।”
পোস্টের শেষাংশে হামলাকারীদের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এদের খুঁটির জোর কোথায়?”
কালের আলো/এসএ



আপনার মতামত লিখুন
Array