খুঁজুন
                               
, ,
           

দায়িত্ব পেয়ে জিয়ার সমাধিতে রিজভী-স্বপনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
দায়িত্ব পেয়ে জিয়ার সমাধিতে রিজভী-স্বপনের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

এদের মধ্যে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

দেশের বিভিন্ন রুটের অবৈধ স্লিপার বাসের বৈধতা দাবিতে রাজধানী বনানীতে সড়ক অবরোধ করেছে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তারা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দফতরের সামনের সড়ক বন্ধ করে দেন।

এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরা-এয়ারপোর্ট থেকে বনানীগামী এবং মগবাজার, নাবিস্কো, তেজগাঁও ও ফার্মগেট থেকে বনানীর দিকে যাওয়া গণপরিবহনগুলো। ভোগান্তিতে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাতায়াতকারীরাও।

তার আগে স্লিপার বাস মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো জানান।

দাবিগুলো হলো— আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা।

সমিতির নেতারা জানান, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।

তারা আরও বলেন, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানাচ্ছি।

স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএ’র কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। একইসঙ্গে ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানিয়েছে।

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এ পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি তাদের।

নিজেদের দাবি জানিয়ে বিআরটিএ’তে একটি স্মারকলিপিও জমা দিয়েছে স্লিপার বাস মালিক সমিতি।

এদিকে সার্বিক ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যরা নিরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। যানজট নিরসন বা সমস্যা সমাধানে তাদের ভেতর কোনো চেষ্টা নেই বলেই পথচারী ও পণপরিবহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, ‘বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

কালের আলো/আরডি/এমডিএইচ

স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসতে চায় বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসতে চায় বিআরটিএ

স্লিপার বাস চলাচল নিয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। তবে এক্ষেত্রে দেশের প্রচলিত আইন পরিপালনে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দফতরে স্লিপার বাস মালিক সমিতির দেওয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, স্মারকলিপি রাখলাম। আইনের বিষয়ে কোনো দ্বিমত নেই। আইন পরিপালনে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো নাগরিক কখনোই বলবেন না যে আমরা আইন মানি না। দেশের রাষ্ট্রীয় যে আইন আছে, তা সবার জন্যই সমান। আমি বিশ্বাস করি, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন। স্মারকলিপি আমরা পেয়েছি, বিষয়টি নিয়ে আমরা আলাপ করব।

স্লিপার বাস বন্ধ না করে সংস্কার করে চলাচলের উপযোগী করার বিষয়ে মালিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, স্লিপার বাস বা যেকোনোভাবে সংস্কার করার বিষয়ে আমরা তাদের সঙ্গে বসব। তাদের বক্তব্য শুনব।

মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে তাদের বক্তব্য রাখতে পারেন। আমরা তাদের সঙ্গে বসে কথাগুলো শুনব। এরপর আইন অনুযায়ী যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমরা সেই ব্যবস্থা নেব। তবে নিশ্চয়ই আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।

চেয়ারম্যান বলেন, আইনের বিষয়টি আমরা পুরোপুরি অনুসরণ করব, ওনারাও নিশ্চয়ই অনুসরণ করবেন। এ বিষয়ে দ্বিমত থাকার কোনো সুযোগ নেই।

এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি। এ সময় সমিতির নেতারা স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের দাবি জানান।

সমিতির পক্ষ থেকে বলা হয়, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। তাই স্লিপার বাসের জন্য কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করে চলাচলের সুযোগ দেওয়ার দাবি করেছেন তারা।

কালের আলো/আরডি/এমডিএইচ

মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা আমার প্রথম কাজ: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা আমার প্রথম কাজ: বিমানমন্ত্রী

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করাই হবে আমার প্রথম কাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয় এবং অধস্তন দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজের সুবিধার্থে আমি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করতে চাই।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে সনাতন আমলাতন্ত্রের বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই ফ্লাইট চালুর কথা ভাবছি আমরা। যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ায় ইউএস বাংলার সঙ্গে ফ্লাইট চালুর জন্য কথা বলেছি। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। এ ছাড়া আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ব্যাপারে আশা রাখছি আমরা।

কালের আলো/আরডি/এমডিএইচ