খুঁজুন
                               
, ,
           

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ

ঢাকা কলেজে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

এতে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়েছে।

সংঘর্ষের ঘটনায় একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ছাত্রশিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আসেন।

লাঠি নিয়ে অবস্থান নেন ছাত্রদলও। শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টা ধাওয়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন।

এদিকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংর্ষের সূত্রপাত বলে জানা গেছে।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যাওয়া দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কাছে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

এর আগে মঙ্গলবার বিকেলে আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিলে দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। পরে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।

কালের আলো/আরডি/এমডিএইচ

বিশ্বজুড়ে অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
বিশ্বজুড়ে অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনস্যুলার কর্মকর্তাদের জন্য নতুন একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসাসেবা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো ভিসা কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্ত করতে সহায়তা করা, যাঁরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আবেদনকারীদের বিষয়ে সিদ্ধান্ত যেন আরও সামগ্রিক ও ধারাবাহিকভাবে নেওয়া হয়, সেটিও নিশ্চিত করতে চায় পররাষ্ট্র দপ্তর।

ইতিমধ্যে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাঁদের অনেককে ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে। তবে কবে থেকে স্বাভাবিকভাবে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্দিষ্ট সময়সীমা দেয়নি।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে সাম্প্রতিক সময়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর মধ্যে অভিবাসীদের বহিষ্কার জোরদার, ভিসা বাতিল এবং আবেদনকারীদের বিষয়ে আরও কঠোর যাচাই-বাছাইয়ের মতো পদক্ষেপ রয়েছে।

এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার একটি নীতি নিয়েছিল ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ওই নীতি বাতিল করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

অভিবাসন অধিকারকর্মীরা ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, কঠোর যাচাই-বাছাই ও অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের মতো পদক্ষেপ বৈধ অভিবাসনপ্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং অনেক আবেদনকারীকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে।

তবে মার্কিন প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো দেশের নিরাপত্তা জোরদার করা এবং ভিসাপ্রার্থীদের বিষয়ে আরও কঠোর ও সামঞ্জস্যপূর্ণ মূল্যায়ন নিশ্চিত করা।

সূত্রঃরয়টার্স

কালের আলো/এসএ

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯৫০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১টি শিশু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৫১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৫০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৮। এই সময়ে ১ হাজার ১৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ