খুঁজুন
                               
, ,
           

শুল্ক এড়াতে কানাডা থেকে ব্যবসা যুক্তরাষ্ট্রে ফিরছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
শুল্ক এড়াতে কানাডা থেকে ব্যবসা যুক্তরাষ্ট্রে ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম ফিরিয়ে আনছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্কের সমালোচনা করেন ট্রাম্প।

তিনি দাবি করেন, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র প্রতি বছর ৬ হাজার কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়ছে। ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘কেন যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে বাণিজ্যে প্রতি বছর ৬ হাজার কোটি ডলারের বেশি হারাচ্ছে?’

ট্রাম্প আরও দাবি করেন, অতীতে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে স্থানান্তরিত হওয়া অনেক ব্যবসা এখন শুল্ক এড়াতে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।

তিনি বলেন, এসব ব্যবসা যুক্তরাষ্ট্রে ফিরে আসার জন্য অপেক্ষা করছে এবং বিশ্বের অন্যান্য দেশ ও ব্যবসাপ্রতিষ্ঠানও একই পথে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিতে বাণিজ্য ও শুল্ক বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই তার এই মন্তব্য এলো।

সূত্র: আনাদোলু এজেন্সি

কালের আলো/এসএ

পারস্পরিক সম্পর্ক জোরদারে তিতুমীরের সঙ্গে দিনেশ ত্রিবেদীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
পারস্পরিক সম্পর্ক জোরদারে তিতুমীরের সঙ্গে দিনেশ ত্রিবেদীর বৈঠক

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।

এ সময় বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বৈঠকে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের মন্তব্য, চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের মন্তব্য, চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনা

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সংসার ও ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত এই অভিনেত্রীকে নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও তার পুরোনো বক্তব্য মাঝেমধ্যেই নতুন করে আলোচনায় আসে। এবার পপির এমনই একটি বক্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পারাজ।

পপির আবেগঘন বক্তব্যের পর বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

যদিও বাপ্পারাজ তার পোস্টে পপির নাম উল্লেখ করেননি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মন্তব্যকে পপির বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখছেন। এ নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে এক ভিডিও বার্তায় নিজের অভিনয়জীবন ও বর্তমান জীবন নিয়ে কথা বলেন পপি। সেখানে তিনি জানান, সবকিছু থেকে দূরে গিয়ে জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান।

পপি বলেন, ‘আমি সব কিছু থেকে দূরে চলে গেছি। মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই। একটু ভালো থাকতে চাই। একটু ভালো খেতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

অভিনয়জীবনের অতীত নিয়েও আবেগ প্রকাশ করেন তিনি। পরিবারের প্রয়োজনেই অভিনয়ে আসতে হয়েছিল উল্লেখ করে পপি জানান, কাজ করতে গিয়ে অনেক গালি শুনেছেন এবং নিজের ভাষায় ‘পাপ’ও কামিয়েছেন।

তিনি বলেন, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, তবে আমি অপরাধী।’

পর্দা থেকে পপির দীর্ঘ অনুপস্থিতির পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। একপর্যায়ে তার বিয়ে, সংসার এবং সন্তানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে অভিনয়ে ফেরার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

পপির চলচ্চিত্র ক্যারিয়ার অবশ্য একসময় বেশ উজ্জ্বল ছিল। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী।

এরপর একাধিক ব্যবসাসফল ও আলোচিত সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন পপি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননাও পেয়েছেন তিনি।

বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে থাকা পপির পুরোনো বক্তব্য এবং সেটিকে ঘিরে বাপ্পারাজের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালের আলো/এসএ

হরমুজ ঘিরে উত্তেজনা, ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
হরমুজ ঘিরে উত্তেজনা, ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

কয়েক সপ্তাহের বিরতির পর আবারও হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীর লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে মার্কিন বাহিনীর হামলার পর ইরান পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। হামলার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার অঙ্গীকারও করেছে তারা।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরান হরমুজ প্রণালীতে রকেট উৎক্ষেপণ এবং সমুদ্রের পানিতে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ‘সীমিত ও নির্ভুল হামলা’ চালানো হয়েছে।

এর জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভোরে তারা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবিও করা হয়েছে। তবে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি নাকচ করে দিয়েছে। দেশটি অবশ্য একটি ড্রোন ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তারা যুদ্ধ চায় না। তবে আগ্রাসনের জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ দ্বীপে বিস্ফোরণের দৃশ্যসংবলিত ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্প খার্গ দ্বীপে হামলার হুমকি দিয়েছিলেন।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে যাতায়াত করত। বর্তমানে প্রণালীটি কার্যত বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে।

এদিকে ইরানের ওপর অর্থনৈতিক ও নৌ অবরোধও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, অবরোধের অংশ হিসেবে তারা কয়েকটি জাহাজের চলাচল বন্ধ করেছে, কিছু জাহাজে তল্লাশি চালিয়েছে এবং বহু জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কালের আলো/এমএসআইপি