খুঁজুন
                               
, ,
           

সালমান শাহ হত্যা মামলায় প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর, আসামি ১১

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা মামলায় প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর, আসামি ১১

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত আগামী ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ঘিরে ভক্ত ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ রয়েছে।

কালের আলো/এসএ

মির্জা ফখরুলের আসনসহ ১১ আসনের সীমানা নিয়ে নতুন গেজেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
মির্জা ফখরুলের আসনসহ ১১ আসনের সীমানা নিয়ে নতুন গেজেট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসন ঠাকুরগাঁও-১সহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনে নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কাগজে-কলমে আসনগুলোর সীমানায় সংশোধন হলেও বাস্তবে কোনো পরিবর্তন আসবে না।

রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা গেজেট থেকে এ তথ্য জানা যায়।

নতুন গেজেটে থাকা আসনগুলো হলো ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা ভেঙে এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটি অনুমোদন পায়।

বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি মোকামতলা উপজেলাকেও যুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার বৈঠকে মোকামতলা উপজেলা অনুমোদন পায়।

পিরোজপুর-১ আসনে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ যুক্ত করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে এটি অনুমোদন পায়।

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা অনুমোদন পায়।

চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা যুক্ত করা হয়েছে। কক্সবাজার-১ আসনে নবগঠিত মাতারমুহুরি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ফাইনালের লড়াইয়ে কাল মাঠে নামছে মোহনপুর-পবা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
ফাইনালের লড়াইয়ে কাল মাঠে নামছে মোহনপুর-পবা

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল (সোমবার)। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল ও পবা উপজেলা ফুটবল দল।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এ ম্যাচকে ঘিরে দুই দলই জয়ের প্রত্যাশায় প্রস্তুতি নিচ্ছে। ফলে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সেমিফাইনাল ঘিরে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিও আগের ম্যাচগুলোর তুলনায় বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মোহনপুর উপজেলা ফুটবল দলের কোচ মোমিনুল ইসলাম জেট জানিয়েছেন, সেমিফাইনালকে সামনে রেখে দলের প্রস্তুতি ভালো হয়েছে। আগের ম্যাচের ধারাবাহিকতায় আগামীকালও দলে দুই নাইজেরিয়ান ফুটবলারকে মাঠে নামানো হবে। ভালো পারফরম্যান্সের মাধ্যমে দল ফাইনালে উঠতে পারবে বলে আশাবাদী তিনি।

অন্যদিকে পবা উপজেলা ফুটবল দলের কোচ শহিদুজ্জামান কামালও নিজেদের দল নিয়ে আশাবাদী। তিনি জানান, আগের ম্যাচে দলের হয়ে একজন নাইজেরিয়ান ফুটবলার খেলেছেন। আগামীকালের ম্যাচে আরও একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করে মাঠে নামানোর চেষ্টা চলছে।

দুই দলের শক্তিমত্তা ও প্রস্তুতি বিবেচনায় জেলা প্রশাসক গোল্ডকাপের প্রথম সেমিফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। এখন দেখার বিষয়, ফাইনালের টিকিট নিশ্চিত করে শেষ হাসি হাসে কোন দল।

কালের আলো/এএইচ/এমএসআইপি

AI দিয়ে হ্যাকিং, ৭ কোম্পানিতে হামলা!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
AI দিয়ে হ্যাকিং, ৭ কোম্পানিতে হামলা!

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন প্রযুক্তির কাজকে দ্রুত ও সহজ করে তুলছে। কিন্তু এই প্রযুক্তিই এবার সাইবার অপরাধীদের হাতেও বড় অস্ত্র হিসেবে ব্যবহারের প্রমাণ মিলেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশভাষী একদল সাইবার অপরাধী Cursor নামের AI coding assistant ব্যবহার করে চলতি বছরের শুরুতে অন্তত ৭টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ঢুকে পড়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Gambit Security-এর অনুসন্ধান ও রয়টার্সের পর্যালোচনা করা তথ্য থেকে এ ঘটনা সামনে এসেছে।

হ্যাকাররা AI এজেন্টকে বিভিন্ন ক্ষতিকর কাজ করানোর জন্য একটি অভিনব কৌশল ব্যবহার করে। তারা AI-কে বোঝানোর চেষ্টা করে যে, এসব কাজ আসলে অনুমোদিত ‘সিকিউরিটি সিমুলেশন’ বা পরীক্ষা। ফলে ক্ষতিকর কিছু নির্দেশনা প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে একই কাজকে পরীক্ষার অংশ হিসেবে উপস্থাপন করে AI-এর কাছ থেকে সহযোগিতা নেওয়া সম্ভব হয়।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, AI এজেন্টকে ব্যবহার করে হ্যাকাররা বিভিন্ন ধরনের সাইবার হামলার কাজ দ্রুত সম্পন্ন করে। এর মধ্যে লগইন তথ্য বা ক্রেডেনশিয়াল সংগ্রহ এবং প্রতিষ্ঠানের নেটওয়ার্কে আরও গভীরে প্রবেশের মতো কর্মকাণ্ডও ছিল।

ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, Cursor বর্তমানে Elon Musk-এর SpaceX-এর মালিকানাধীন। Cursor-এর AI এজেন্ট Anthropic-এর Claude Sonnet 4.5 প্রযুক্তি ব্যবহার করে। তবে হামলার ঘটনায় SpaceX বা Anthropic তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা AI-এর একটি বড় ঝুঁকি সামনে এনেছে। আগে একজন হ্যাকারকে অনেক কাজ নিজে করতে হতো; এখন AI এজেন্ট ব্যবহার করে একই ধরনের কাজ অনেক দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব হচ্ছে।

আরও উদ্বেগের বিষয় হলো, গত কয়েক দিনে ১০০টির বেশি প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠান AI-চালিত সাইবার হামলার ঝুঁকি নিয়ে যৌথভাবে সতর্ক করেছে। OpenAI, Microsoft, Alphabet, Amazon ও IBM-সহ বড় প্রতিষ্ঠানগুলো AI-নির্ভর হামলা ঠেকাতে দ্রুত সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের আশঙ্কা, AI যত শক্তিশালী হবে, সাইবার অপরাধীদের জন্যও অত্যাধুনিক হামলা চালানো তত সহজ হতে পারে। ফলে ভবিষ্যতে শুধু AI তৈরি ও ব্যবহারের সক্ষমতা নয়, AI-নির্ভর সাইবার হামলা ঠেকানোর সক্ষমতাও প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

কালের আলো/এসএ