এআই ব্যবহারের লিমিট শেষ? কাজে লাগাতে পারেন এসব ফ্রি টুল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। ছবি তৈরি, লেখালেখি, ভিডিও বানানো, গবেষণা, অনুবাদসহ নানা কাজে নিয়মিত ব্যবহার হচ্ছে এআই টুল।
তবে চ্যাটজিপিটি বা জেমিনির মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ফ্রি ব্যবহারকারীদের জন্য অনেক ফিচারের নির্দিষ্ট ব্যবহারের সীমা থাকে। নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করতে হয়। কিন্তু বিকল্প কিছু ফ্রি এআই টুল এবং সঠিক প্রম্পট লেখার কৌশল জানা থাকলে অপেক্ষা না করেও কাজ চালিয়ে নেওয়া সম্ভব।
ছবি তৈরির বিকল্প ফ্রি এআই টুল
ছবি তৈরি ও সম্পাদনার জন্য পারচেঞ্জ এআই ইমেজ জেনারেটর, ওপেনআর্ট, ডিপএআই ও ফ্রিপিক এআইয়ের মতো টুল ব্যবহার করা যেতে পারে।
ওপেনআর্টে ছবি তৈরির পাশাপাশি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও বিভিন্ন ধরনের এডিটিং করা যায়। মাইক্রোসফট ডিজাইনার ও অ্যাডোবি ফায়ারফ্লাইতেও বিনামূল্যে সীমিত পরিসরে ছবি তৈরি করা যায়।
বিশেষ করে পারচেঞ্জ এআই ইমেজ জেনারেটর ব্যবহারের ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা বা সাইন-আপের প্রয়োজন না থাকায় দ্রুত ছবি তৈরির কাজে এটি সুবিধাজনক। অন্যদিকে, দ্রুত ভিজ্যুয়াল আর্ট তৈরির জন্য ডিপএআই ব্যবহার করা যেতে পারে।
মনের মতো ছবি পেতে প্রম্পট হতে হবে স্পষ্ট
ভালো এআই টুল ব্যবহার করলেই সবসময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। মনের মতো ছবি পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সঠিক প্রম্পট লেখা।
শুধু ‘একটি সুন্দর ছবি বানাও’—এ ধরনের সাধারণ নির্দেশের পরিবর্তে প্রম্পটে ছবির বিষয়, পরিবেশ, আলোর ধরন, ক্যামেরার অ্যাঙ্গেল, ছবির অনুপাত এবং শিল্পরীতি স্পষ্টভাবে উল্লেখ করা উচিত।
এ ছাড়া ছবিতে কোন কোন উপাদান থাকবে এবং কোনগুলো থাকবে না, সেটিও উল্লেখ করা যায়। যত বেশি নির্দিষ্ট ও পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হবে, এআইয়ের তৈরি ফলাফলও সাধারণত তত বেশি কাঙ্ক্ষিত হবে।
এআইয়ের লিমিট শেষ হলে কী করবেন?
চ্যাটজিপিটি ও জেমিনির মতো প্ল্যাটফর্মে টেক্সট চ্যাট, ছবি তৈরি বা ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে আলাদা ব্যবহারের সীমা থাকতে পারে। সীমা শেষ হলে সাধারণত নির্দিষ্ট সময় পর আবার ব্যবহারের সুযোগ পাওয়া যায়।
তবে জরুরি কাজ থাকলে মাইক্রোসফট কোপাইলট, পারপ্লেক্সিটি কিংবা অন্যান্য বিকল্প এআই টুল ব্যবহার করা যেতে পারে।
একই সঙ্গে বারবার দীর্ঘ বা অস্পষ্ট প্রম্পট না দিয়ে সংক্ষিপ্ত, পরিষ্কার ও নির্দিষ্ট নির্দেশ ব্যবহার করাও কার্যকর। এতে প্রয়োজনীয় ফল পেতে কমবার চেষ্টা করতে হয় এবং এআই ব্যবহারের সময়ও বাঁচে।
ফলে কোনো একটি এআই প্ল্যাটফর্মের ব্যবহারের সীমা শেষ হয়ে গেলেই কাজ থামিয়ে দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী বিকল্প টুল এবং কার্যকর প্রম্পট ব্যবহার করেই এআইনির্ভর কাজ চালিয়ে নেওয়া সম্ভব।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array