খুঁজুন
                               
, ,
           

ইলন মাস্ককে নিয়ে চার ঘণ্টার তথ্যচিত্র, ভেনিসে তুমুল আলোচনা

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
ইলন মাস্ককে নিয়ে চার ঘণ্টার তথ্যচিত্র, ভেনিসে তুমুল আলোচনা

টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে নিয়ে নির্মিত প্রায় চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’ প্রদর্শনের পর ভেনিস চলচ্চিত্র উৎসবে তুমুল আলোচনা শুরু হয়েছে। অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা অ্যালেক্স গিবনির পরিচালিত ছবিতে মাস্কের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তাঁর ক্ষমতা, রাজনৈতিক প্রভাব, ব্যক্তিজীবন ও জন-ইমেজকে গভীরভাবে অনুসন্ধান করা হয়েছে।

একুশ শতকের প্রযুক্তি ও ক্ষমতার আলোচনায় ইলন মাস্ক একটি পরিচিত নাম। টেসলা, স্পেসএক্স ও এক্সের মতো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ তাঁর হাতে। মহাকাশ গবেষণা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রভাব নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি রয়েছে তীব্র সমালোচনাও।

এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির মধ্যেই মাস্ককে দেখার চেষ্টা করেছেন গিবনি। ছবিতে ডটকম যুগে মাস্কের উত্থান, জিপ২ ও পেপালে সাফল্য এবং পরবর্তী সময়ে টেসলা ও স্পেসএক্সের মাধ্যমে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার গল্প তুলে ধরা হয়েছে।

তবে প্রচলিত জীবনীচিত্রের মতো শুধু সাফল্যের গল্প বলেননি নির্মাতা। বরং তাঁর মূল প্রশ্ন—একজন মানুষের হাতে যখন বিপুল ব্যবসায়িক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়, তখন এর পরিণতি কী হতে পারে?

মাস্কের অনুপস্থিতিতেই ‘মাস্ক’

তথ্যচিত্রটির অন্যতম আলোচিত বিষয় হলো, মাস্ক নিজে এতে কোনো সাক্ষাৎকার দেননি। তাঁর অনুপস্থিতি পূরণ করতে নির্মাতা ব্যবহার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটারনির্মিত একটি ডিজিটাল চরিত্র।

মাস্কের মতো দেখতে ওই চরিত্রের কণ্ঠও তৈরি করা হয়েছে তাঁর পুরোনো সাক্ষাৎকার ও প্রকাশ্য বক্তব্যের ভিত্তিতে। অর্থাৎ নতুন বক্তব্য তৈরি করে তাঁর মুখে বসানো হয়নি; বরং আগে দেওয়া তাঁর বক্তব্যগুলোকে নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে।

এই কৌশল নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ এটিকে সৃজনশীল ও কার্যকর নির্মাণশৈলী হিসেবে দেখছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, জীবিত একজন ব্যক্তির কৃত্রিম অবতার ও কণ্ঠ ব্যবহার কতটা নৈতিক।

উঠে এসেছে ব্যক্তিজীবনও

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি মাস্কের ব্যক্তিজীবনও তথ্যচিত্রটির বড় অংশজুড়ে রয়েছে। তাঁর প্রথম স্ত্রী জাস্টিন মাস্ক তাঁদের সম্পর্ক, সন্তান এবং এক সন্তানের মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তাঁর বক্তব্যের সঙ্গে মাস্কের প্রকাশ্য বক্তব্যের পার্থক্যও ছবিতে তুলে ধরা হয়েছে।

মাস্কের সাবেক সঙ্গী অ্যাশলি সেন্ট ক্লেয়ারও নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। মাস্কের সন্তান, সম্পর্ক ও পরিবার নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্যও তথ্যচিত্রে স্থান পেয়েছে।

রাজনীতিতে মাস্কের প্রভাব

মাস্কের টুইটার কেনা, সেটির নাম পরিবর্তন করে এক্স করা এবং পরবর্তী সময়ে মার্কিন রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ছবিটির গুরুত্বপূর্ণ বিষয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং রাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাব নিয়েও অনুসন্ধান করেছেন গিবনি।

নির্মাতার মতে, মাস্ককে নিয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। এমনকি তাঁর ঘনিষ্ঠ মহলেও ভয়ের পরিবেশ ছিল বলে দাবি করেছেন তিনি। এ কারণে তথ্যচিত্রটি তৈরি করতে গিয়ে মাস্কের গল্প ধীরে ধীরে তাঁর কাছে ক্ষমতা ও জবাবদিহির গল্প হয়ে ওঠে।

মাস্কের ক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি

ছবিটি ভেনিসে প্রদর্শনের আগেই এর সমালোচনা করেন মাস্ক। তাঁর দাবি, তথ্যচিত্রটি মিথ্যা, একপেশে এবং বিরক্তিকর। তাঁর আইনজীবীরাও নির্মাতা ও পরিবেশকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তাঁদের অভিযোগ, ছবিতে মাস্ক সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

তবে গিবনি তাঁর অবস্থান থেকে সরে আসেননি। তাঁর দাবি, তথ্যচিত্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করা হয়েছে এবং মুক্তির আগে আইনজীবীরা পুরো ছবিটি পর্যালোচনা করেছেন।

চার ঘণ্টার ছবিতে বড় প্রশ্ন

ভেনিসে প্রদর্শনের পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ছবিটিকে মাস্কের ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা ও রাজনৈতিক প্রভাবের কঠোর অনুসন্ধান হিসেবে দেখেছে। তবে প্রায় চার ঘণ্টার দৈর্ঘ্য এবং বিপুল তথ্যের ভার নিয়েও কিছু সমালোচনা রয়েছে। কারও কাছে এটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানী দলিল, আবার কারও কাছে দীর্ঘ এক অভিযোগপত্র।

গিবনির তথ্যচিত্র শেষ পর্যন্ত শুধু ইলন মাস্ক কেমন মানুষ—সেই প্রশ্নে আটকে থাকেনি। বরং বড় প্রশ্ন তুলেছে একজন ব্যক্তির হাতে ব্যবসা, প্রযুক্তি, গণমাধ্যম ও রাজনৈতিক প্রভাবের এতটা ক্ষমতা থাকা উচিত কি না।

মাস্কের সমর্থকেরা তাঁকে ভবিষ্যৎ নির্মাণে সাহসী প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে দেখেন। সমালোচকদের আশঙ্কা, তাঁর মতো ব্যক্তির হাতে এত ক্ষমতার কেন্দ্রীভবন গণতান্ত্রিক জবাবদিহির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ‘মাস্ক’ তথ্যচিত্রটি মূলত এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির মাঝখানে দাঁড়িয়ে ইলন মাস্ককে নতুন করে দেখার সুযোগ তৈরি করেছে।

কালের আলো/এসএ

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: প্রধান অর্থনীতিবিদ
পদসংখ্যা: ১টি
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
নিয়োগের মেয়াদ: ৩ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রয়োগমূলক সামষ্টিক অর্থনীতিবিদ হিসেবে কমপক্ষে ১৫ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বহুপক্ষীয় বা উন্নয়ন ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক অথবা অনুরূপ প্রতিষ্ঠানে সামষ্টিক অর্থনীতি, আর্থিক বিশ্লেষণ ও নীতি প্রণয়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ দুই পৃষ্ঠার কভার লেটার, শিক্ষাগত যোগ্যতা, কর্মঅভিজ্ঞতা ও সংশ্লিষ্ট দক্ষতার বিস্তারিত উল্লেখ করে সিভি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

পরিচালক (এইচআরডি-১)
মানবসম্পদ বিভাগ-১
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়
ঢাকা-১০০০

এ ছাড়া ই-মেইলেও আবেদন করা যাবে: gm.hrd@bb.org.bd

আবেদনের শেষ সময়

১১ অক্টোবর ২০২৬।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্ত ও তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

কালের আলো/এসএ

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছে তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

সরকারের বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরলেন মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
সরকারের বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরলেন মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশ পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত এক মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অর্জনের চিত্র তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, তরুণদের ক্ষমতায়ন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ এবং জুলাই গণঅভ্যুত্থানের ন্যায়বিচারসহ বিভিন্ন খাতে সরকার কাজ করছে।

তিনি জানান, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ বাংলাদেশকে নেতিবাচক থেকে স্থিতিশীল অবস্থায় উন্নীত করেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি কমানো, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের কথা জানিয়ে তিনি বলেন, এ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান এবং সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামোর কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের সরকারি বৃত্তি এবং এসএসসির শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মাহদী আমিন। কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবারের রূপরেখা এবং সেরা শিক্ষকদের পুরস্কারের উদ্যোগের কথাও বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া এবং জুলাই-সংশ্লিষ্ট মামলার বিচারিক অগ্রগতির কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

প্রবাসী কল্যাণের বিষয়ে মাহদী আমিন বলেন, গত ছয় মাসে রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথাও জানান তিনি।

এ ছাড়া সরকারি দাপ্তরিক যোগাযোগে আনুষ্ঠানিক সম্বোধনের প্রচলন কমানো, ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ প্রকল্প, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, এক্সপ্রেসওয়েতে ক্যাশলেস টোল ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মতো বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহদী আমিন বলেন, দল-মত-পথের বিভেদ পেরিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

কালের আলো/এম/এসআইপি