খুঁজুন
                               
, ,
           

দুশ্চিন্তা ও মানসিক চাপ মোকাবিলায় ইসলামের শিক্ষা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
দুশ্চিন্তা ও মানসিক চাপ মোকাবিলায় ইসলামের শিক্ষা

জীবনযাপনের গুরুত্বপূর্ণ বাস্তবতাগুলোর একটি হলো মানসিক চাপ। জীবনের নানা উত্থান-পতন, দুঃখ-কষ্ট, অপ্রাপ্তি ও বেদনা মানুষের মনে অস্থিরতা তৈরি করতে পারে। দীর্ঘস্থায়ী মানসিক চাপের প্রভাব ব্যক্তির আচরণ ও দৈনন্দিন জীবনেও পড়তে পারে।

মানসিক চাপের সময় অনেকেই নিজের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেন। এতে আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং বিষণ্নতা ও অবসাদের অনুভূতি বাড়তে পারে। কেউ কেউ অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন বা অসংলগ্ন আচরণ করতে শুরু করেন।

তাই মানসিক চাপ কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে সচেতন হওয়া জরুরি। বিভিন্ন গবেষণায় ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার সঙ্গে মানুষের মানসিক সুস্থতার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ব্যক্তিদের মানসিক ও সামগ্রিক সুস্থতার বিভিন্ন সূচকে ইতিবাচক সম্পর্ক পাওয়া যায়। তবে ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন হতে পারে।

ইসলামি বিশ্বাসেও মানসিক সংকট মোকাবিলায় আল্লাহর ওপর আস্থা, ধৈর্য ও আত্মসংযমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বিপদ-আপদের সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখার শিক্ষা দেওয়া হয়েছে।

সূরা আল-বাকারার ১৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, বিপদে ধৈর্যশীলরা বলেন—‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব।’

ইসলামি শিক্ষায় ভয় ও দুশ্চিন্তার সময় আল্লাহর স্মরণ, দোয়া, নামাজ ও ধৈর্য ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সৎকাজ করা এবং অন্যের কল্যাণে এগিয়ে যাওয়াকেও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে তুলে ধরা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরের প্রশান্তির কথাও বলা হয়েছে। সূরা আর-রাদের ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।’

মানসিক চাপের সময় নিজের প্রতি ইতিবাচক থাকা, প্রয়োজন হলে পরিবার ও কাছের মানুষের সহায়তা নেওয়া এবং পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুশীলনের পাশাপাশি এসব বাস্তব পদক্ষেপ একজন মানুষকে কঠিন সময় মোকাবিলায় সহায়তা করতে পারে।

আল্লাহর ওপর বিশ্বাস, দোয়া, নামাজ, ধৈর্য ও মানুষের সেবার মতো মূল্যবোধ একজন ব্যক্তির মনে আশা ও স্থিরতা তৈরি করতে পারে—এমন বিশ্বাস ইসলামি শিক্ষায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

কালের আলো/এসএ

আশুলিয়ায় আড়াই ঘণ্টার চেষ্টায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভার সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
আশুলিয়ায় আড়াই ঘণ্টার চেষ্টায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তুলা ও জুটের গোডাউনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ১০টি গোডাউন পুড়ে গেছে। পাশের কয়েকটি বাড়ির কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার একটি তুলার গোডাউনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের জুটের গোডাউন ও বসতবাড়িতে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালায়। রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুনে ১০টি গোডাউন পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

রেমিট্যান্স বন্ধের চক্রান্ত জনগণকে ক্ষুধার্ত রাখার শামিল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
রেমিট্যান্স বন্ধের চক্রান্ত জনগণকে ক্ষুধার্ত রাখার শামিল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে রেমিট্যান্স বন্ধের চক্রান্ত দেশের কোটি পরিবারের জীবন-জীবিকার ওপর আঘাত হানার শামিল। একই সঙ্গে এটি জাতীয় অর্থনীতির জন্যও ক্ষতিকর।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার ও ‘কমল কুঁড়ি’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, ‘রেমিট্যান্স দেশের কোটি পরিবারের জীবন-জীবিকা ও জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। রাজনৈতিক উদ্দেশ্যে রেমিট্যান্স বন্ধের চক্রান্ত জনগণকে ক্ষুধার্ত রাখার শামিল।’

তিনি আরও বলেন, রেমিট্যান্স শাটডাউনের মতো কর্মসূচির হুমকি দেশের স্বার্থের পরিপন্থী। যারা এ ধরনের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

দায়িত্ব পালনরত কর্মকর্তা বা অন্য কাউকে আক্রমণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, যেকোনো অন্যায় বা অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করা কিংবা সংবাদ সম্মেলন করা যেতে পারে। তবে দায়িত্ব পালনরত কর্মকর্তা বা অন্য কাউকে আক্রমণ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রিজভীর ভাষ্য, অপরাধে জড়িত ব্যক্তিদের রক্ষা করতে এবং রাজনৈতিক সুবিধা নিতে যারা রেমিট্যান্স শাটডাউনের মতো দেশের স্বার্থবিরোধী কর্মসূচি দিচ্ছে, তারা কখনোই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেনি।

তিনি বলেন, ১৯৭১, ১৯৮৬ কিংবা ২০২৪—বিভিন্ন সময়ে তারা জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। অন্যদিকে বিএনপি সব সময় জনগণ ও দেশের স্বার্থকে সবার আগে স্থান দিয়েছে বলে দাবি করেন তিনি।

ছাত্ররাজনীতির ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, শুধু মিছিল ও স্লোগান দেওয়াই ছাত্ররাজনীতির কাজ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুফি সাধক হাসান বসরীর একটি উক্তি স্মরণ করে তিনি বলেন, ‘অন্তরের যত্ন নিলে বাহ্যিক সত্তাও সুন্দর হয়ে ওঠে।’

দার্শনিক ফ্রিডরিখ নিৎসের ‘সাফারিং ইজ দ্য রুট অব অল গ্রেটনেস’ উক্তি উদ্ধৃত করে শিক্ষার্থীদের উদ্দেশে রিজভী বলেন, মহৎ কিছু অর্জন করতে হলে কষ্ট ও পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। জাতীয়তাবাদী ছাত্রদলকে মেধা, জ্ঞান ও গণতন্ত্রচর্চার অন্যতম কেন্দ্রে পরিণত হতে হবে।

২০২৪ সালের ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বারবার আন্দোলনের ব্যর্থতায় যে হতাশা তৈরি হয়েছিল, ২০২৪ সালের উত্তাল ছাত্র আন্দোলন তা ভুল প্রমাণ করেছে। তরুণদের সাহসিকতা ও অগ্রণী ভূমিকার কারণেই স্বৈরাচারী শাসনের পতন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কমল কুঁড়ির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বেবী নাজনীন, স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি, সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন উজ্জ্বল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি এবং জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তি।

কালের আলো/এসকে/এমএসআইপি

আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি