খুঁজুন
                               
, ,
           

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে নিয়োগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ১০ম থেকে ২০তম গ্রেডে ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী ও অস্থায়ী রাজস্বখাতের এসব পদে আগ্রহী প্রার্থীরা ২১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৪টি পদে এই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর, ফোরম্যান, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, গাড়িচালক, বিভিন্ন ধরনের ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পদ রয়েছে।

সবচেয়ে বেশি ৭৮ জন নিয়োগ দেওয়া হবে বৈজ্ঞানিক সহকারী পদে। এ পদে বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এছাড়া ২৫টি গাড়িচালক এবং ২৮টি নিরাপত্তা প্রহরী পদ রয়েছে। অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ৪৬ জনকে।

পদ ও গ্রেড অনুযায়ী বেতন ৮,২৫০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বারির অনলাইন আবেদন পোর্টালে আবেদন করতে হবে।

আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

পদের ধরন অনুযায়ী আবেদন ফি ৫৬ থেকে ২২৩ টাকা।

উল্লেখ্য, বারির ১১ মার্চ ২০২৬-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

কালের আলো/এসএ

অপ্রতিমকে কী কারণে হত্যা, বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
অপ্রতিমকে কী কারণে হত্যা, বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড সারাদেশ নাড়িয়ে দিয়েছে। ১৩ বছর বয়সি এই কিশোরকে কেন এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। অপ্রতিমের হাতে থাকা আইফোনটি ছিনিয়ে নিতেই তাকে মেরে ফেলা হয় বলে জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

তিনি জানিয়েছেন, অপ্রতিম হত্যাকাণ্ডে এখন পর্যন্ত তুহিন, ফাহাদ, কামরুল এবং সিয়াম নামে চার যুবককে আটক করা হয়েছে। তারা সবাই হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশ সুপার বলেন, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হই যে, গত ১৮ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পর্যালোচনা করি। এতে অপ্রতিমের সঙ্গে থাকা তুহিনকে এই মৃত্যুসংবাদ প্রাপ্তির পূর্বেই আমরা হেফাজতে নিই।

তিনি আরও বলেন, একটানা জিজ্ঞাসাবাদে তুহিন আমাদের কাছে স্বীকার করে যে, অপ্রতিমের মোবাইল আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পনা করে সে তাকে উক্ত নির্জন ঘটনাস্থলে নিয়ে যায়। তুহিন আরও জানায়, এই ঘটনায় ফাহাদ এবং ফাহাদের এক বন্ধু জড়িত ছিল। তার স্বীকারোক্তি মোতাবেক আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং ফাহাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদে ফাহাদ জানায়, এই হত্যাকাণ্ডের সাথে তার আরেক বন্ধু কামরুল জড়িত। ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তাকে হেফাজতে নিই।

আইফোন উদ্ধার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, তুহিনের দেওয়া তথ্য ও দেখানো মতে আমরা প্রথমে আইফোনটির জন্য তিন জায়গায় অভিযান পরিচালনা করি। সে মিসগাইড করেছিল, কোথাও পাওয়া যায়নি। অবশেষে তার স্বীকারোক্তি এবং তার দেখানো মতে তার বাসার ভিতরে অভিযান পরিচালনা করে তার তোশকের নিচ থেকে আইফোনটি আমরা উদ্ধার করতে সক্ষম হই।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড়ঘেরা নির্জন বনের ভেতরে অপ্রতিমের যে আইফোনটি ছিল সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে আইফোনটি নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, আমরা সিয়াম নামে আরেকজনকে আটক করেছি। তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করছি। আমরা ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত তুহিন, ফাহাদ ও কামরুলকে এই হত্যা মামলায় গ্রেপ্তার করেছি। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলমান রেখেছি।

বিচার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুতই পুলিশ প্রতিবেদন বা চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। রামিসা হত্যার মামলায় যেমন দ্রুত রায় এসেছে, এই মামলাটির জন্যও দ্রুত আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন রাখবো।

নিহত অপ্রতিম ও আসামি তুহিনের বয়স প্রসঙ্গে তিনি বলেন, এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, তার (অপ্রতিম) বয়স ১৩, আর আসামি সাইফুল ইসলাম তুহিন, তার বয়স ১৯। সে কুমিল্লা সিটি কলেজে একাদশ শ্রেণিতে ফেল করে ২০২৫ সালে ড্রপআউট হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছি, মূল আসামিকে গ্রেফতার করেছি এবং যে আইফোনটির কারণে হত্যাকাণ্ড, সেই আইফোনটিও আমরা আসামির দেখানো মতে তার বাসা থেকে উদ্ধার করেছি। আমরা বাকি তদন্ত কাজ শেষ করে দ্রুত বিজ্ঞ আদালতে এই মামলার পুলিশ প্রতিবেদন দাখিল করব।’

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সি কিশোর অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন (শনিবার) বেলা ১১টার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকা থেকে তার মরদেহ করে পুলিশ।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। প্রিয় সন্তানকে হারিয়ে বর্তমানে পাগলপ্রায় ওই কিশোরের মা-বাবা।

কালের আলো/আরডি/এমডিএইচ

পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে নিয়োগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বরিশাল বিভাগীয় কার্যালয়ে ১০ম ও ১৪তম গ্রেডে ২১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: যুগ্ম পরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।

পদ ও যোগ্যতা

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

হিসাব সহকারী (ইরেসপো)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

মাঠসংগঠক (ইরেসপো)
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

তিনটি পদেই মোট ২১ জন নিয়োগ দেওয়া হবে। চাকরির ধরন পূর্ণকালীন ও অস্থায়ী। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩৫ বছর।

আবেদন

আগ্রহী প্রার্থীরা বিআরডিবির ওয়েবসাইট অথবা ইরেসপোর আবেদন পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৬

সূত্র: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

কালের আলো/এসএ

এআই তদারকিতে ‘এআই ফোর্স’ গড়বেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
এআই তদারকিতে ‘এআই ফোর্স’ গড়বেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির তদারকি ও উন্নয়নের জন্য ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তাঁর প্রথম মেয়াদে গঠিত স্পেস ফোর্সের আদলে নতুন এই বাহিনী গঠন করা হবে। এ জন্য শিগগিরই এআই জার নিয়োগের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্বজুড়ে এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে উদ্বেগ বাড়লেও প্রযুক্তিটির উন্নয়ন ধীর করার পক্ষে নন ট্রাম্প। তাঁর প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, যুক্তরাষ্ট্র এআই প্রযুক্তির বিকাশে পিছিয়ে পড়লে চীন এ ক্ষেত্রে এগিয়ে যেতে পারে।

এদিকে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও জননিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তি সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিকান নেতাও এআইয়ের উন্নয়ন ধীর করার পক্ষে মত দিয়েছেন।

তবে ট্রাম্প এআই নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন আশঙ্কাকে ‘ধাপ্পাবাজি’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, এআই প্রযুক্তির বিকাশে তাঁর প্রশাসন কোনো বাধা দেবে না। তবে প্রযুক্তির অপব্যবহার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প আরও বলেন, উচ্চমাত্রার মেধাসম্পন্ন ব্যক্তিদেরই নতুন এআই জার পদে আবেদন করা উচিত।

সূত্র: দ্য গার্ডিয়ান

সন্ধানী বার্তা/এসএ