খুঁজুন
                               
, ,
           

যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়ছে, বদলে যাবে শাহ আমানত বিমানবন্দর

সিলেট সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়ছে, বদলে যাবে শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক বিমান চলাচল ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে ৩ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে সরকারি অর্থায়নের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে কিছু অংশ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রস্তাব পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। গত ১৬ সেপ্টেম্বর এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টরের কাছে চিঠি দিয়ে প্রকল্পটিকে সংস্থাটির ‘ইন্টেগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগে অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়। একই সঙ্গে ‘চট্টগ্রাম রিজিওনাল এয়ার হাব’ প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্পের খসড়া প্রস্তাবও পাঠানো হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় শাহ আমানত বিমানবন্দরের অবকাঠামো ও পরিচালনাগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বড় যাত্রীবাহী ও কার্গো উড়োজাহাজ পরিচালনার সুবিধা, দ্রুত উড়োজাহাজ ওঠানামা, আধুনিক কার্গো ব্যবস্থাপনা এবং সড়ক, রেল ও এক্সপ্রেসওয়ের সঙ্গে সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।

বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ২ হাজার ৯৪০ মিটার ও প্রস্থ ৪৫ মিটার। প্রকল্পের আওতায় রানওয়ে প্রায় ৩ হাজার ৬০০ মিটার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সমান্তরাল ট্যাক্সিওয়ে, দ্রুত বের হওয়ার ট্যাক্সিওয়ে, বড় উড়োজাহাজের জন্য ৬ থেকে ৮টি পার্কিং স্ট্যান্ড এবং প্রায় ৬টি বোর্ডিং ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

টার্মিনাল ভবন সম্প্রসারণ ও পুনর্বিন্যাসের মাধ্যমে প্রথম ধাপে বছরে ৮০ লাখ থেকে ১ কোটি যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরির লক্ষ্য ধরা হয়েছে। দীর্ঘমেয়াদে এই সক্ষমতা দেড় কোটি থেকে ২ কোটি যাত্রীতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

কার্গো ব্যবস্থাপনাতেও বড় ধরনের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে বছরে ৭৫ হাজার থেকে ১ লাখ টন পণ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে তা ৩ লাখ থেকে ৫ লাখ টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। প্রস্তাবিত কার্গো হাবে বন্ডেড গুদাম, এক্সপ্রেস কার্গো, ই-কমার্স সুবিধা, হিমাগার ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালে শাহ আমানত বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক যাত্রী পরিবহন হয়েছিল ৯ লাখ ৭৭ হাজার। ২০২৫ সালেও এ সংখ্যা প্রায় ১০ লাখে সীমাবদ্ধ ছিল। নিয়মিত কার্গো ফ্লাইট না থাকায় চট্টগ্রাম থেকে রপ্তানি পণ্য ঢাকায় নিয়ে সেখান থেকে উড়োজাহাজে বিদেশে পাঠাতে হয়।

চট্টগ্রামকে আঞ্চলিক এভিয়েশন গেটওয়ে হিসেবে গড়ে তুলতে যাত্রী ও কার্গো ফ্লাইট বাড়ানোর পাশাপাশি বিমানের দ্রুত টার্নঅ্যারাউন্ড, কোল্ড চেইন হাব এবং মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সভাপতি মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, শাহ আমানতকে কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে লাউঞ্জ, চেকিং কাউন্টার ও কার্গো ভিলেজের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি বিমানবন্দরকে ফুয়েল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমানে বিমানবন্দরটি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সচল থাকে। এটিকে ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ নেওয়া হলে আন্তর্জাতিক বিমান চলাচলে চট্টগ্রামের গুরুত্ব আরও বাড়তে পারে।

কালের আলো/এমএসআইপি 

৩০০ ফিটে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
৩০০ ফিটে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের দুই নারী নিহত

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পুলিশ সদস্য মেহেদী হাসানের মা ও স্ত্রী আফরোজা আকতার।

মেহেদী হাসান জানান, রাতে তার মা ও স্ত্রী পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

জানা গেছে, দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মেহেদী হাসানের মাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী আফরোজা আকতারকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে আফরোজা আকতারের মৃত্যু হয়।

মেহেদী হাসান আরও জানান, তাদের বাসা ঢাকার কদমতলী থানার শ্রীধারা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আফরোজা আকতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১২ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।

পদ ও বেতন

১. হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১২।
বেতন স্কেল: ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা।

২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি।
গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৮টি।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।

সব মিলিয়ে চারটি পদে নিয়োগ দেওয়া হবে মোট ১৫ জনকে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নিতে হবে।

আবেদন ফি

পদের ধরন অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

হিসাবরক্ষক পদে আবেদন ফি ১৬৮ টাকা,সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন ফি ১১২ টাকা,অফিস সহায়ক পদে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই নিয়োগে আবেদন করার শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।নিয়োগসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

কালের আলো/এসএ

পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: দূতাবাস

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: দূতাবাস

যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের পর কতদিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

মার্কিন দূতাবাস আরও জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনও কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে তার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব।

কালের আলো/আরডি/এমডিএইচ