খুঁজুন
                               
, ,
           

৩০০ ফিটে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
৩০০ ফিটে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের দুই নারী নিহত

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পুলিশ সদস্য মেহেদী হাসানের মা ও স্ত্রী আফরোজা আকতার।

মেহেদী হাসান জানান, রাতে তার মা ও স্ত্রী পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

জানা গেছে, দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মেহেদী হাসানের মাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী আফরোজা আকতারকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে আফরোজা আকতারের মৃত্যু হয়।

মেহেদী হাসান আরও জানান, তাদের বাসা ঢাকার কদমতলী থানার শ্রীধারা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আফরোজা আকতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

হাসপাতালে তাসনুভা তিশার মা, দোয়া চাইলেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
হাসপাতালে তাসনুভা তিশার মা, দোয়া চাইলেন অভিনেত্রী

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন তাসনুভা তিশা। মায়ের দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের অসুস্থতার খবর জানান তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি প্রকাশ করে দেওয়া পোস্টে তিনি জানান, চার দিন আগে তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

মায়ের অসুস্থতাকে পরিবারের জন্য কঠিন সময় হিসেবে উল্লেখ করে তিশা সবার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করার আহ্বান জানান।

পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, সবাই যেন তাঁর মায়ের জন্য প্রার্থনা করেন, যাতে আল্লাহ তাঁকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন এবং হৃদযন্ত্র হেফাজত করেন। একই সঙ্গে দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে মাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।

তিশার এই আবেগঘন পোস্টের পর থেকেই উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

পরিবারের এই কঠিন সময়ে তাসনুভা তিশার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তাঁর ভক্তরা। মায়ের সুস্থতার জন্য তাঁদের প্রার্থনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনেকে।

কালের আলো/এসএ

গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় জাসদ কার্যালয়ের সামনে অবস্থান করা শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে তা জানা যাবে।

কালের আলো/এমএসআইপি 

‘আমাকে ট্রল করার মতো কোনো কাজই করিনি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
‘আমাকে ট্রল করার মতো কোনো কাজই করিনি’

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের ট্রল ও মন্তব্য দেখা যায়। তবে এসব নিয়ে খুব একটা ভাবেন না এই অভিনেতা। তাঁর দাবি, জীবনে এমন কোনো কাজ করেননি, যা নিয়ে তাঁকে ট্রল করা যায়। বরং তাঁর সরাসরি ও প্রতিবাদী স্বভাবকেই অনেকে নিজেদের মতো করে ট্রলের বিষয় বানিয়ে ফেলেন।

সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, তাঁকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ তিনি জীবনে করেননি। তাঁর কর্মকাণ্ডকে কেউ কেউ নিজেরাই ট্রলের মতো করে উপস্থাপন করেন বলেও মন্তব্য করেন তিনি।

নিজের স্বভাবের কথা তুলে ধরে অভিনেতা বলেন, তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন এবং কিছু বিষয়ে প্রতিবাদী। তাঁর এই সরাসরি কথা বলা অনেকের পছন্দ হয় না বলেও মনে করেন তিনি। তবে এসব বিষয়কে গুরুত্ব দেন না বলে জানান ওমর সানী।

সাক্ষাৎকারে নিজের ব্যবহৃত একটি ঘড়ির প্রসঙ্গও তোলেন এই অভিনেতা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর হাতের ঘড়ি নিয়ে কেউ কেউ সেটির দাম প্রায় ২৯ লাখ টাকা বলে প্রচার করেছেন। অথচ তাঁর দাবি, ঘড়িটির প্রকৃত দাম মাত্র ১১০০ টাকা।

নিজের সামর্থ্য কিংবা সম্পদ নিয়ে কখনো বাড়াবাড়ি করেন না বলেও দাবি করেন ওমর সানী। তাঁর ভাষ্য, মার্সিডিজ গাড়ি থাকলেও সেটি নিয়ে তিনি কখনো ফুটানি করেন না। কোনো সম্পদ থাকা নিয়ে বড় করে কথা বলারও প্রয়োজন দেখেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট কখনো মুছে ফেলেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, এ ধরনের ঘটনা তাঁর ক্ষেত্রে খুব কমই ঘটেছে। একবার বা দুবার কোনো পোস্ট মুছে থাকতে পারেন বলেও জানান তিনি। তবে কাউকে ছোট করে কখনো পোস্ট করেননি বলে দাবি করেন এই অভিনেতা।

শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা নিয়েও নিজের মতামত জানান ওমর সানী। তাঁর মন্তব্য, অনেক শিল্পীই সামাজিক যোগাযোগমাধ্যমে কম কথা বলেন, অথচ যাঁরা শিল্পী নন, তাঁরাই বেশি কথা বলেন।

কালের আলো/এসএ