আবারও বিয়ে করলেন চমক!
আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’—এমন রহস্যময় ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি। ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে। এরপর থেকেই তাঁদের একসঙ্গে উপস্থিতির কারণ নিয়ে চলছে নানা জল্পনা।
শুভর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি
প্রকাশিত ছবিগুলোতে চমক ও আরিফিন শুভকে একটি সুসজ্জিত হোটেলকক্ষে দেখা যায়। কয়েকটি ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সেই ছবি, যেখানে আরিফিন শুভকে নিজের হাতে চমককে খাবার খাইয়ে দিতে দেখা যায়।
দুজনের এমন প্রাণবন্ত ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, নতুন কোনো নাটক কিংবা সিনেমায় একসঙ্গে কাজ করছেন কি না তাঁরা। বিশেষ করে চমকের ক্যাপশনে বিয়ের কথা উল্লেখ থাকায় ছবিগুলো নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
‘সুখবর তো আছেই’, বললেন চমক
বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ চমকের এই বক্তব্য রহস্য আরও বাড়িয়েছে। তিনি নতুন কোনো কাজের ঘোষণা দিতে যাচ্ছেন, নাকি অন্য কোনো সুখবর রয়েছে—তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, এ বিষয়ে আরিফিন শুভর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নতুন সিনেমা নাকি প্রচারণার কৌশল?
চমকের রহস্যময় ক্যাপশন ও শুভর সঙ্গে প্রকাশিত ছবিগুলো দেখে অনেকে ধারণা করছেন, এটি নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ হতে পারে। আবার কেউ কেউ ছবিগুলোর পেছনের গল্প জানতে আগ্রহী। তবে ছবিগুলো কোনো নতুন কাজের দৃশ্য কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে আপাতত চমকের পরবর্তী ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা। তাঁর দেওয়া ‘সুখবর’ ঠিক কী, তা জানা যাবে বিস্তারিত প্রকাশের পরই।
চিকিৎসক থেকে অভিনেত্রী চমক
রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তবে তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ছোটবেলা থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। পরিবারের ইচ্ছা ছিল, চমক চিকিৎসক হবেন। সেই লক্ষ্য পূরণে এমবিবিএসও সম্পন্ন করেন এই অভিনেত্রী। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান তিনি। পড়াশোনার কারণে অভিনয়ে নিয়মিত হতে কিছুটা সময় লাগলেও ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন চমক। এরপর ধীরে ধীরে অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচিতি বাড়িয়েছেন তিনি।
ব্যক্তিজীবনেও বিয়ের অধ্যায়
ব্যক্তিজীবনে ২০২৪ সালের ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন রুকাইয়া জাহান চমক। তাঁর স্বামীর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এবার আরিফিন শুভর সঙ্গে ছবি প্রকাশ করে ‘আবারও বিয়ে’ করার ক্যাপশন দেওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়তো নতুন কোনো অভিনয়প্রকল্পের ইঙ্গিত—তা এখনো নিশ্চিত নয়। রহস্যের উত্তর পেতে চমকের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।
কালের আলো/জেএন/এসএ

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]