খুঁজুন
                               
রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ, ১৪৩৩
           

কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা, জাহাজে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা, জাহাজে অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের কথিত যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। রোববার (১০ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে পৃথক এসব হামলার তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত এবং বাধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এসব প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন মোকাবিলা করেছে।

এদিকে, একই দিনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে সামান্য আগুন ধরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘রোববার সকালে আবুধাবি থেকে আসা পণ্যবাহী ওই বাণিজ্যিক জাহাজ মেসাইদ বন্দরের উত্তর-পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। এই ঘটনার ফলে জাহাজে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটলেও কেউ আহত হননি।’

এর আগে, ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা দোহার উত্তর-পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।

এ ছাড়া কুয়েতের সামরিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে।

দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আজ ভোরে সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমায় বেশ কিছু শত্রু ড্রোন শনাক্ত করেছে। এসব ড্রোনকে নির্ধারিত নিয়ম অনুযায়ী মোকাবিলা করা হয়েছে।’ তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি কুয়েত।

সূত্র: এএফপি

কালের আলো/আরডি/এমডিএইচ

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বা হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ৫০৩ জন সন্দেহজনক হাম রোগী এবং ২০৫ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন।

এই সময়ের মধ্যে মোট ৩৪ হাজার ৯০৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ হাজার ৮৬২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

কালের আলো/এসআর/এএএন

আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বিদেশি মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে। এবার মার্চ-এপ্রিল সময়ের জন্য আকুর বিল পরিশোধ করা হয়েছে ১৫১ কোটি ৪৯ লাখ ডলার। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে হয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে গত ৭ মে (বৃহষ্পতিবার) শেষে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে।

আকু বিল পরিশোধের পর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এর আগে গত জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকু বিল ছিল ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার।

গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকু বিল ছিল ১৫৩ কোটি ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। তার আগের দুই মাসে ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মার্চ-এপ্রিল সময়ের বিভিন্ন আমদানি দায় পরিশোধের অংশ হিসেবে আকুকে ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। এ কারণে রিজার্ভ কিছুটা নেমে আসে। তবে রপ্তানি আয়, প্রবাসী আয় ও উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড় বাড়লে রিজার্ভে আবার কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি, ভোগ্যপণ্য ও শিল্প কাঁচামাল আমদানির চাপ এখনো বেশি রয়েছে। তবে আকুর বিল পরিশোধের সময় সাধারণত রিজার্ভে সাময়িক পতন দেখা যায়। দীর্ঘমেয়াদে রিজার্ভ স্বস্তিদায়ক রাখতে রপ্তানি আয় বৃদ্ধি, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং আমদানি ব্যবস্থাপনায় নজর দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

কালের আলো/এসআর/এএএন

ঈদের আগেই আরও ১০০ প্রার্থী ঘোষণা করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
ঈদের আগেই আরও ১০০ প্রার্থী ঘোষণা করবে এনসিপি

ঈদের আগেই স্থানীয় সরকার পর্যায়ে উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ একাধিক পদে আরও ১০০ প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার পর্যায়ে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করার সময় এমন তথ্য জানিয়েছেন দলটির স্থানীয় সরকার পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

তিনি বলেন, আজ আমরা পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করেছি। খুব শিগগিরই অন্য সিটি করপোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করবো।

নির্বাচন কী জোটগতভাবে হবে, নাকি এককভাবে তা নির্বাচনের সময় সিদ্ধান্ত হবে। কিন্তু যে দল ২০৩৬ সালের মধ্যে সরকারে যাওয়ার স্বপ্ন দেখে, তারা জোটের আশায় বসে থাকতে পারে না। ফলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে আমাদের নেতারা যেন যথেষ্ট সময় পায়, সেই লক্ষে আমরা নাম ঘোষণা করছি।

তিনি বলেন, প্রথম ধাপে হাজারের অধিক আবেদন জমা পড়েছিল, আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি।

আগামী ঈদের আগেই অর্থাৎ ২০ মে’র মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম আমরা ঘোষণা করবো।

সারজিস বলেন, নাম ঘোষণা চলতে থাকবে। সারাদেশে যারা এনসিপির বিভিন্ন দায়িত্বে আছেন বা অন্য রাজনৈতিক দলের পরিশ্রমী ও গ্রহণযোগ্য যারা দুর্নীতির সঙ্গে ছিল না, যাদের ফ্যাসিজমের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা এনসিপি থেকে আবেদনের সুযোগ পাবে।

তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি এককভাবে নির্বাচনের চিন্তা করছে। জোট হবে কী না, তা নির্বাচনের আগে সিদ্ধান্ত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
কালের আলো/এসআর/এএএন