খুঁজুন
                               
, ,
           

আরাফার ময়দানে লাখো হাজি, পবিত্র হজ আজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
আরাফার ময়দানে লাখো হাজি, পবিত্র হজ আজ

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র এই দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান আজ মঙ্গলবার ধবধবে সাদা ইহরাম বেঁধে সমবেত হয়েছেন ঐতিহাসিক এই প্রান্তরে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় জনসমাগম, যেখানে একই লক্ষ্যে শামিল হয়েছেন নানা জাতি ও বর্ণের মানুষ।

সৌদি কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় হাজিরা শান্তিপূর্ণভাবে আরাফার ময়দানে পৌঁছান। ভিড় সামলাতে এবং হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে আগে থেকেই বড় ধরনের প্রস্তুতি নিয়েছিল দেশটির সংশ্লিষ্ট দপ্তরগুলো।

ভোর থেকেই হাজিদের কাফেলা জাবালে রহমত বা দয়ার পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন সমবেত মুসলমানরা। এক আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে।

ইসলামি ইতিহাস অনুযায়ী, জাবালে রহমত অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান। আজ থেকে ১৪০০ বছরেরও বেশি আগে বিদায় হজের সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এখানেই তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বর্তমানে এটি হজের সবচেয়ে পরিচিত নিদর্শন এবং আরাফাত দিবসের মূল কেন্দ্রবিন্দু। ইসলামি শরিয়ত মোতাবেক, ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন, এখানে অবস্থান ছাড়া হজ পূর্ণাঙ্গ হয় না।

মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই আরাফাত ময়দান বছরের বাকি সময় জনশূন্য থাকলেও হজের দিন কয়েক ঘণ্টার জন্য মুখরিত হয়ে উঠে। পাহাড়বেষ্টিত এই এলাকাটি তখন হয়ে ওঠে মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের সেবায় পুরো আরাফাত এলাকায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি সেবা ইউনিটগুলো পুরোদমে চালু রয়েছে। মাউন্ট আরাফাত হাসপাতালসহ ক্লিনিক ও অ্যাম্বুলেন্স স্টেশনগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।

পাশাপাশি সিভিল ডিফেন্সের বিশেষ উদ্ধারকারী দলগুলো পাহাড়ের দুর্গম ও উঁচু স্থানে মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা বা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তারা আধুনিক সরঞ্জাম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে।

এদিকে পৌরসভা ও গৃহায়ন মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের হজ মৌসুম উপলক্ষ্যে পবিত্র স্থানগুলোতে আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। হাজিদের যাতায়াতের পথগুলো সুগম করতে প্রায় ৫ হাজার টাওয়ার ও পোল-এ ২০ হাজারেরও বেশি আধুনিক লাইট লাগানো হয়েছে। মক্কা ও এর আশপাশের এলাকায় প্রায় ২ লাখ লাইটিং ইউনিটের রক্ষণাবেক্ষণ করা হয়েছে যাতে রাতভর সেবা অব্যাহত থাকে।

বিশাল এই কর্মযজ্ঞ ও জনসমুদ্রের পরেও সূর্যাস্তের পরপরই যখন হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন, তখন চিরচেনা রূপে ফিরবে আরাফাত। জনশূন্য এই প্রান্তর আবারও নিরব হয়ে যাবে পরবর্তী হজের আগ পর্যন্ত।

কালের আলো/জেএন/এমএসআইপি 

সরকারি কর্মীদের বেতন ও বকেয়া মেটাতে ৫ হাজার কোটি টাকার ঋণ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
সরকারি কর্মীদের বেতন ও বকেয়া মেটাতে ৫ হাজার কোটি টাকার ঋণ

নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বকেয়া পরিশোধের জন্য ব্যাংক খাত থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। চলতি অক্টোবর মাসে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে মোট ৬০ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই অর্থ সংগ্রহের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকা।

আগামী ১ নভেম্বর নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বেতন বৃদ্ধির বকেয়া পরিশোধের কথা রয়েছে। বাড়তি এই ব্যয় মেটাতেই চলতি মাসে সরকারের ঋণ নেওয়ার পরিকল্পনা বাড়ানো হয়েছে।

বিশেষ ট্রেজারি বিলের নিলাম

সাধারণত সরকার ব্যাংক খাত থেকে ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে ঋণ নিয়ে থাকে। তবে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটাতে এবার ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডাকা হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে সরকারের।

এ ছাড়া বাজেটের অর্থায়নে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাড়ছে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার

সরকারের ঋণ নেওয়ার চাপ বাড়ায় ট্রেজারি বিল ও বন্ডের সুদহারও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৫ অক্টোবর ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের ইল্ড ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। ২৬ অক্টোবর তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ডের ইল্ডও বেড়েছে।

অন্যদিকে, ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ গত আগস্টের শেষে ৪ লাখ ৪২ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। এত বিপুল পরিমাণ উদ্বৃত্ত তারল্য থাকার পরও সরকারের ঋণের চাহিদা বাড়ায় ট্রেজারি বিল ও বন্ডের সুদহার বাড়ছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মিরপুর-১-এ হকার উচ্ছেদের পর ফের দখল, ডিএনসিসির দ্বিতীয় অভিযান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
মিরপুর-১-এ হকার উচ্ছেদের পর ফের দখল, ডিএনসিসির দ্বিতীয় অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় হকার উচ্ছেদ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই আবার ফুটপাতে দোকান বসানোর প্রস্তুতি নেন হকাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় কয়েক শ দোকান সরিয়ে দেওয়া হয়। তবে অভিযান শেষ হওয়ার পরপরই মুক্তিযোদ্ধা সুপার মার্কেট ও হযরত শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাতে আবারও দোকান বসাতে দেখা যায় হকারদের।

বুধবার দুপুরে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। এদিকে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট কর্তৃপক্ষ মাইকিং করে মার্কেটের সামনে দোকান বসানো নিষিদ্ধ বলে জানায় এবং যাঁরা দোকান বসিয়েছেন, তাঁদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

জীবিকা নিয়ে দুশ্চিন্তায় হকাররা

মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনের ফুটপাতে দোকান বসানো এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, তাঁর কসমেটিকসের দোকানটি উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন দোকান বসাতে না পারলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

পুনর্বাসনের জন্য অন্য জায়গা নির্ধারণ করা হলে সেখানে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ওই ব্যবসায়ী বলেন, সাধারণত যেসব জায়গায় হকারদের পাঠানো হয়, সেখানে ক্রেতাদের যাতায়াত কম থাকে। মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষ সামনে দোকান দেখলে অনেক সময় পণ্য কেনেন। অন্য জায়গায় গেলে সেই সুযোগ কমে যেতে পারে বলে তাঁর ধারণা।

অন্যদিকে হযরত শাহ আলী শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী রিপন খান বলেন, হকারদের এক জায়গা থেকে সরিয়ে দিলে তাঁরা অন্য জায়গায় গিয়ে বসেন। প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর আবারও ফুটপাত দখল করা হয়। তাঁর মতে, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া যেতে পারে। তবে তাঁদের রাস্তার পাশে বসার প্রবণতা বন্ধ করাও জরুরি।

আবারও অভিযান, চলবে নজরদারি

দুপুর পৌনে ৩টার দিকে ডিএনসিসির অঞ্চল-২-এর একটি গাড়ি ঘটনাস্থলে আসে। রাস্তার পাশে পড়ে থাকা কাঠ, বাঁশ, ইটসহ দোকান বসানোর বিভিন্ন সরঞ্জাম ট্রাকে তুলে নেওয়া হয়। এ সময় নতুন করে দোকান বসানো কয়েকজন হকারকে সরিয়ে দেওয়া হয়। অন্যদের দোকান সরিয়ে নিতে বলা হলে তাঁরা নিজেরাই সেগুলো সরিয়ে নেন। পরে পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন।

এ সময় ডিএনসিসির অঞ্চল-২-এর পরিদর্শক জহুরুল আলম সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই; যেকোনো সময় অভিযান চালানো হবে। এ ছাড়া সিটি করপোরেশনের আরও দুটি দল রয়েছে, যারা বিভিন্ন সময়ে এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

ফুটপাত দখলমুক্ত রাখার ঘোষণা

এর আগে দুপুর ১টার দিকে প্রথম দফার অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, এই অভিযান শুধু ফুটপাত উচ্ছেদের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজধানীর যেসব স্থানে অব্যবস্থাপনা রয়েছে এবং নগরবাসীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করার কথাও জানান তিনি।

ডিএনসিসির প্রশাসক বলেন, জনগণের হাঁটাচলার রাস্তা তাঁদের ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে দেওয়া তাঁর নৈতিক দায়িত্ব। আশপাশের বিভিন্ন মার্কেটের কমিটির নেতা ও সাধারণ মানুষ এ বিষয়ে তাঁকে একাধিকবার অভিযোগ জানিয়েছেন।

তিনি আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করবেন। ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ করাই তাঁর লক্ষ্য।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

সাদমানের ৯৯, মিরপুর টেস্টে দাপুটে অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
সাদমানের ৯৯, মিরপুর টেস্টে দাপুটে অবস্থানে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটি দাপটের সঙ্গে শেষ করেছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের ধৈর্যশীল ব্যাটিংয়ে বুধবার (২৮ অক্টোবর) দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান।

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ৯৯ রানে অপরাজিত রয়েছেন সাদমান। তাঁর সঙ্গে ১০ রান নিয়ে অপরাজিত আছেন লিটন দাস। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৯ রানেই জেইডেন সিলসের বলে ৭ রান করে আউট হন তানজিদ হাসান।

এরপর দ্বিতীয় উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক। ৫১ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিক্যানের শিকার হন তিনি। একই বোলারের বলে ১৯ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে ১১০ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে এগিয়ে নেন সাদমান ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে দুজনের ব্যাটে আসে ৮৮ রান। ৮৪ বলে ৪২ রান করে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন হৃদয়। তাঁর বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯৮ রান।

এরপর লিটন দাসকে নিয়ে দিনের বাকি সময় পার করেন সাদমান। ২১৯ বল মোকাবিলা করে ১০টি চারের সাহায্যে ৯৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। শুরু থেকে উইকেটের এক প্রান্ত আগলে রেখে তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিক্যান ৩৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন জেইডেন সিলস।

আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার আগে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দ্বিতীয় দিন সাদমানের সেঞ্চুরি এবং বড় সংগ্রহ গড়ার দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা।

কালের আলো/এসকে/এমএসআইপি