খুঁজুন
                               
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি

পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে।যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বলেছে, ড্রোনের মাধ্যমে পরিচালিত এ হামলা চলমান রয়েছে।

পাশাপাশি ওয়াশিংটনকে হুঁশিয়ার করে তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: আল জাজিরা।

পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।

গত সোমবার বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় বিপ্লবী গার্ড বিবৃতিতে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলতে থাকে তাহলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারা বলেছে, “মিথ্য অজুহাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকার জাস্ক, সিরিক এবং কিশমের বিভিন্ন জায়গায় আজ ভোরে হামলা চালিয়েছে। এতে সিরিকের একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। এর জবাবে বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে। যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে পরবর্তীতে আরও কঠোর হামলা চালানো হবে।’

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ক্যাবল অপারেটরদের সিন্ডিকেট ভাঙলেন তথ্যপ্রতিমন্ত্রী, বিটিভিতে দেখা যাচ্ছে বিশ্বকাপ ফুটবল

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
ক্যাবল অপারেটরদের সিন্ডিকেট ভাঙলেন তথ্যপ্রতিমন্ত্রী, বিটিভিতে দেখা যাচ্ছে বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের রঙে রঙিন গোটা দুনিয়া। বিশ্বজয়ের দামামায় মর্যাদার মঞ্চে খেলছে ৪৮ দেশ। ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর ফুটবল উৎসবের খেলা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নামমাত্র খরচে সরাসরি সম্প্রচার করার ঘোষণা আগেই দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সম্প্রচারস্বত্বের জটিলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং প্রায় ২০০ কোটি টাকার সম্ভাব্য বাণিজ্যিক সিণ্ডিকেটের অভিযোগের অবসান ঘটাতে সক্ষম হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কিন্তু ক্যাবল অপারেটরদের চালবাজিতে অনেকেই বিটিভিতে বিশ্বকাপ ফুটবল না দেখতে পাওয়ার অভিযোগ তুলেন। গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ নিয়ে ভুক্তভোগী সাংবাদিক মাসুদ করিম নিজের ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলেন।

সামাজিক মাধ্যমের সেই পোস্ট সরাসরি নজরে আসে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর। অভিযোগ আমলে নিয়ে সরাসরি অ্যাকশনে যান তিনি। প্রতিমন্ত্রী বিটিভির ডিডিজিকে (উপ-মহাপরিচালক) ফোন করে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। ভুক্তভোগীর সঙ্গে দফায় দফায় কথা বলেন বিটিভির কর্মকর্তারাও। তাঁরা একই সঙ্গে অপারেটর ও ফিড অপারেটরদের কাছে গিয়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করেন। সরকারের উচ্চ পর্যায় থেকে মনিটরিং করা হয় পুরো বিষয়টি। সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। এভাবেই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ভেঙে যায় ক্যাবল অপারেটরদের সিণ্ডিকেট। এখন দর্শকরা স্বাচ্ছন্দ্যে বিটিভিতে উপভোগ করছেন আনন্দের ফুটবল মহারণ। স্বভাবতই সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তড়িৎ গতিতে সমস্যার সমাধান করায় তথ্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী সেই সাংবাদিকও।

ঘটনার সূত্রপাত যেভাবে
ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক মাসুদ করিম গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক ফেসবুক পোস্টে লিখেন-‘শান্তিবাগে বিটিভি অফ করে দিয়েছে ক্যাবল অপারেটর। বিশ্বকাপ দেখতে পারছি না। ক্যাবল অপারেটররা সিন্ডিকেট করেছে।’ এই পোস্টটি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দৃষ্টিতে আসার পর তিনি ক্যাবল অপারেটরদের স্বেচ্ছাচারিতা ও সিণ্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। প্রতিমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আদাজল খেয়ে মাঠে নামেন বিটিভির কর্মকর্তারা।

এর পরের গল্পও শুক্রবার (১২ জুন) আরেকটি ফেসবুক পোস্টে বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক মাসুদ করিম। সেখানে তিনি বলেন, ‘কাল বিশ্বকাপ চলাকালে শান্তিবাগে আমার টিভি সেটে বিটিভি দেখা যাচ্ছিল না। আমি বিষয়টি আমার ক্যাবলের ফিড অপারেটরকে জানাই। তিনি আমাকে টি স্পোর্টসে খেলা দেখার অনুরোধ করেন। আমি তখন তাকে আমার বাসায় আসতে বলি। তিনি এলে আমি তাকে বলি যে, আপনি অন্য চ্যানেল দেখতে বলছেন কেন। তিনি তখন কিছুক্ষণ রিমুট টিপে বলেন যে, বিটিভি আসছে না। এটা পাওয়া যাবে না। আমি বিষয়টি বিটিভিতে আমার বন্ধু মোস্তাফিজ ও অনুজ পন্নিকে জানানোর পর জানতে পারলাম ক্যাবল অপারেটররা সিন্ডিকেট করেছে। তারা অনেক জায়গাতেই টি স্পোর্টসে খেলা দেখতে বলছে। পন্নির নিজের টিভিতেও একই সমস্যা হয়েছে। কিছুক্ষণ পর পন্নি আমাকে বলল, আপনাকে বিটিভি থেকে একজন ফোন করবে।

বিটিভির লাইসেন্স শাখার একজন ফোন করে জানতে চাইলেন, বিটিভি দেখা যাচ্ছে কিনা। আমি দেখলাম, দেখা যাচ্ছে। আমি লাইসেন্স শাখার কর্মকর্তা ও পন্নিকে ধন্যবাদ জানিয়ে বিটিভিতে খেলা দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি, একই সমস্যা। বিটিভি দেখা যাচ্ছে না। অগত্যা আমি বিরক্ত হয়ে ফেসবুকে অপারেটরদের বিটিভি দেখাতে গড়িমসি জানিয়ে একটি পোষ্ট দিলাম।’ জ্যেষ্ঠ এই সাংবাদিক আরও লিখেছেন-‘আমাকে বিটিভি থেকে জানাল মাননীয় তথ্য প্রতিমন্ত্রী বিটিভির ডিডিজিকে ফোন করেছেন বিষয়টি তদন্ত করার জন্য। বিটিভির কর্মকর্তারা আমাকে একের পর এক ফোন দিচ্ছেন। আমি তাদের বলেছি, বিটিভি দেখা যাচ্ছে। তবুও তারা অপারেটর ও ফিড অপারেটরদের কাছে যাচ্ছেন। জিজ্ঞাসাবাদ করছেন।’

তথ্য প্রতিমন্ত্রীর কঠোর পদক্ষেপে অভিভূত সাংবাদিক, প্রশংসা নেটিজেনদের
তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তিগত পরিচয় না থাকা সত্ত্বেও সাধারণ নাগরিকের সমস্যাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমলে নেয়া হয়েছে, তাতে অভিভূত হয়েছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তার ফেসবুক পোস্টের শেষে আরও লিখেছেন-‘মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আমার পরিচয় নাই। তবুও তিনি যে সমস্যাটাকে আমলে নিয়েছেন তা দেখে আমি অভিভূত। সকল মন্ত্রী এভাবে কাজ করলে আমাদের নাগরিকদের অনেক সমস্যাই দূর করা সম্ভব। ধন্যবাদ, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী!’

এই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করছেন। আফরাইম রহমান প্রান্ত নামের একজন লিখেছেন- ‘বিষয়টি খুব গুরুত্ব দিয়ে পরলাম, খুব ভালো লাগলো বিষয়টি। ধন্যবাদ মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহোদয়কে।’ এমডি রনি লিখেছেন-‘একজন নাগরিকের সামান্য অভিযোগ যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এবং দ্রুত তদন্তের উদ্যোগ নেয়, তবে সেটিই জবাবদিহিমূলক প্রশাসনের ইতিবাচক উদাহরণ। গণমাধ্যমের অবাধ প্রাপ্যতা নিশ্চিত করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি লাইসেন্সপ্রাপ্ত সেবাদাতাদেরও জনস্বার্থের প্রতি দায়বদ্ধ থাকা জরুরি। ঘটনাটি প্রমাণ করে, সদিচ্ছা ও তৎপরতা থাকলে নাগরিক ভোগান্তি নিরসন অসম্ভব নয়।’ এখানে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মহিউদ্দিন আহমেদও। তিনি লিখেছেন-‘দেশের কারো যেন বিটিভিতে খেলা দেখতে সমস্যা না হয় সেজন্য গতকাল রাতে আমি নিজে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশক্রমে কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি এবং অনুরোধ করা হয়েছে এমনটি যেন আর কোথাও না ঘটে।’ জামিল রহমান নামে আরেকজনের মন্তব্য-‘সব সেক্টরের সিন্ডিকেট ভাঙতে হলে আপনার মতো মানুষদের প্রতিবাদ গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনার লেখার জন্য। আমরাই পারবো সিন্ডিকেটদের বয়কট করতে।’

কালের আলো/এমএএএমকে

পরিবেশ সুরক্ষায় বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ: প্রিন্স

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
পরিবেশ সুরক্ষায় বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ: প্রিন্স

Oplus_131072

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপি অঙ্গীকারবদ্ধ। এ কারণেই ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি নতুন বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ কর্মসংস্থান সৃষ্টি, ‘এক শিশু এক গাছ’ কর্মসূচি এবং পরিবেশবান্ধব চাষাবাদসহ বিভিন্ন পদক্ষেপ সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন।

শনিবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনের পরপরই ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে ময়মনসিংহ জেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের নিজস্ব স্থাপনা ও প্রকল্পভুক্ত এলাকায় প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেটকে মানবিক অর্থনীতি গঠনের প্রচেষ্টা, অর্থনীতিতে গতিশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ হিসেবে মূল্যায়ন করলেও বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু নেতা নেতিবাচক মন্তব্য করছেন। বিএনপি দেশ ও জনগণের সমস্যা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের কথা বিবেচনা করেই রাজনীতি করে এবং সেই ধারাবাহিকতায় নির্বাচনি ইশতেহার ও বাজেট প্রণয়ন করেছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

সবার প্রতি বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের পরিচর্যা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রিয়জনকে গাছ উপহার দিন, সন্তানদের গাছ লাগাতে উৎসাহিত করুন এবং নিজের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরসহ জেলা পরিষদ ও বিএনপির নেতারা বক্তব্য দেন।

পরে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বধ্যভূমি, কবরস্থান, শ্মশানঘাট, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করেন।

কালের আলো/এসএকে

বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না: রাশেদ প্রধান

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, আগের আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, আর বিএনপির হয়েছে ‘কার্ড বন্ধু’। বর্তমান সরকারের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।

তিনি বলেন, তারা কথায় কথায় শুধু নতুন নতুন কার্ডের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর বাকশাল টিকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‌‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় তিনি বাংলাদেশের নয়, ভারতের কোনো মুখ্যমন্ত্রী।

রাশেদ প্রধান বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এত অল্পসময়ের মধ্যে এতটা অজনপ্রিয় ও অগ্রহণযোগ্য হয়ে ওঠেনি।দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য খুব বেশি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় তিনি ভারতের কোনো মুখ্যমন্ত্রী।

কালের আলো/এসআর/এএএন