খুঁজুন
                               
সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৫ আষাঢ়, ১৪৩৩
           

চিকিৎসা শেষে ফের কারাগারে দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
চিকিৎসা শেষে ফের কারাগারে দীপু মনি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন সাবেক এ মন্ত্রী।  সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দীপু মনিকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগে দীপু মনির প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান।

সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেক ব্যক্তিকে পরে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ডা. দীপু মনিও রয়েছেন এবং বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

হেক্সা মিশনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মাঠে নামছে ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলবে সেলেসাওরা। শেষ বত্রিশে ভিনিসিয়ুসদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। রোববার (২৮ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপানের বিপক্ষে ম্যাচে রক্ষণে পরীক্ষিত চার তারকার উপরই ভরসা রাখছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন অ্যালিসন বেকার। এরপর ৪-২-৩-১ ফরমেশনে রক্ষণে থাকছেন দানিলো, মার্কিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালেয়াস এবং ডগলাস সান্তোস।

মাঝমাঠের খেলা নিয়ন্ত্রণে থাকছে একপাশে ক্যাসেমিরো এবং অপরপাশে ব্রুনো গিমারেস। এ দুজনের সঙ্গে থাকবেন লুকাস পাকেতাও।

আর আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে থাকবেন মাথেউস কুনিয়া এবং তরুণ রায়ান। স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি।

এদিকে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার জুনিয়র। যথারীতি আজও তিনি বেঞ্চে থেকেই খেলতে নামবেন। স্কটিশদের বিপক্ষে ১৫ মিনিট খেললেও আজ সময় বেশি পেতে পারেন তিনি।

ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাথিয়াস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

কালের আলো/আরডি/এমডিএইচ

আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদানে বিরত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলেন। অর্থ বিলের ওপর সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’

স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়।

কালের আলো/এসএকে

বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজ নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ–সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। একইসঙ্গে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

আরেকটি পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।

কালের আলো/এসএকে