খুঁজুন
                               
, ,
           

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি জানিয়েছেন, সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

রবিবার সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বিগত ও বর্তমান সরকারের খরচের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনার পর বিশাল অঙ্কের দুর্নীতি হলেও, এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা ছিল যে খেলা দেখানোর ক্ষেত্রে কোনোভাবেই জনগণের টাকা খরচ করা যাবে না।

সেই নির্দেশনা মেনেই এবারের ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখানোর ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছিল।

চারটি গণমাধ্যমে খেলাটি সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে হয়তো ৩ থেকে ৪ কোটি টাকার একটা ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের আয় থেকে পুরোপুরি উঠে আসবে। ফলে বলা যায়, এবার সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্যের কোঠায়।

সাবেক সরকারের আমলের দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, বিটিভির মাধ্যমে হওয়া ওই ১৪০ কোটি টাকার দুর্নীতির বিষয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে।

তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরবর্তী আইনি পর্যালোচনার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কালের আলো/জেএন/এমএসআইপি 

তারেক রহমানকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছে: চিফ প্রসিকিউটর

আদালত প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
তারেক রহমানকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘জেআইসি সেল’-তে নেওয়া হয়েছিল এবং সেখানে তাকে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি, প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা রাজধানীর কচুক্ষেতে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর বলেন, বিচারের একটি অংশ হিসেবে আজকে তিনজন বিচারপতি, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, আমাদের প্রসিকিউশন টিমের সদস্যরা ডিজিএফআই কমপ্লেক্সের ভেতরে গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শন করেন। এটি টর্চার সেল ‘আয়নাঘর’ নামে পরিচিত।

 ডিফেন্স টিমের আইনজীবী বন্ধুরাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জেআইসি মানুষকে ধরে এনে বন্দি রেখে তাদের ওপর অত্যাচার এবং নির্যাতন করার একটা সেল।

সেখানে কী অমানবিকভাবে বন্দিদের ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে; সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে। ব্রিগেডিয়ার আজমীসহ বন্দিদের এই জেআইসিতে রাখা হয়েছে।

দিনের পর দিন তাদের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়েছে।

এই গোপন বন্দিশালায় তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এক-এগারোর সময় আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জেআইসি সেলের কোনো একটি কামরায় আনা হয়েছিল এবং তার ওপর নির্যাতন করা হয়েছিল। তদন্তে বিভিন্ন সাক্ষীদের বর্ণনায় সেই তথ্য পাওয়া গেছে।

আমিনুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল। যেখানে কিছুসংখ্যক অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সরকারের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাঘর নামে টর্চার সেলগুলো প্রতিষ্ঠা করেছিল।

সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইসলামিক সংগঠনের নেতা, ভিন্ন মতের ব্যক্তিত্ব তাদের ধরে আনা হয়েছিল। অনেক মানুষকে এখান থেকে পরে গুম করা হয়েছে। অনেক ভিকটিমদের এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি বলেন, ডিজিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তা ছিল, তাদের অনেককেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে। ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এভাবে পাওয়া যাবে, তাদেরও বিচারের সম্মুখীন করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, হুম্মাম কাদের চৌধুরী, তাকেও কিন্তু এই জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। তিনি কতদিন বন্দি ছিলেন, তার নিজের হাতের একটা লেখা ছিল ‘এইচ কিউ সি’। সেটি পরে সাদা রং করে প্লাস্টার করে দিয়েছে।

প্লাস্টারের পরেও তার এই লেখাটা কিন্তু এখনো জেআইসি সেলের একটি রুমে আছে। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। বিচার শেষ না হওয়া পর্যন্ত এগুলো আমাদের কাস্টডিতে থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মালয়েশিয়াকে উড়িয়ে ৮৯ রানে জিতল বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
মালয়েশিয়াকে উড়িয়ে ৮৯ রানে জিতল বাংলাদেশ এইচপি

জয় এসেছে বড় ব্যবধানেই। তবে ৮৯ রানের এই জয়েও ব্যাটিং নিয়ে পুরোপুরি স্বস্তি পাওয়ার সুযোগ নেই বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের। মিরপুরে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে ২০ ওভারে ১৫৮ রান তুলেছে বাংলাদেশ। এরপর বোলারদের দাপটে মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের জয় পেয়েছে স্বাগতিকেরা।

ব্যাটিংয়ে বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। বাজে শটে উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতাই ছিল বেশি। শেষ দিকে মেহরব হাসান ও আবদুল গাফফার কিছুটা প্রতিরোধ গড়ে না তুললে দলের সংগ্রহ আরও কম হতে পারত।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ওপেনার জিসান আলম সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। আরিফ উল্লাহর অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে ৩০ গজের ভেতর ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অন্য ওপেনার জাওয়াদ আবরার অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। একটি দৃষ্টিনন্দন ছক্কার পাশাপাশি তিনটি চার মেরে ১৮ বলে ২৮ রান করেন তিনি।

এরপর আরিফুল ইসলাম, সাব্বির রহমান ও প্রিতম কুমারও ইনিংস বড় করতে ব্যর্থ হন। আরিফুল ১২ বলে ১৫, সাব্বির ১২ বলে ১৪ এবং প্রিতম ৭ বলে ৪ রান করে ফেরেন।

পঞ্চম উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংস কিছুটা সামাল দেন মেহরব হাসান ও আবদুল গাফফার। ষষ্ঠ উইকেটে দুজনের ৫৩ রানের জুটি বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

মেহরব ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪০ রান করেন তিনি। গাফফার ২৬ বলে করেন ৩২ রান।

তবে এই জুটি ভাঙার পর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পাঁচ উইকেট মাত্র ৩২ রানের মধ্যে হারিয়ে ২০ ওভারে ১৫৮ রানে থামে তাদের ইনিংস।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে কোনো সময়ই স্বস্তিতে ছিল না মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬ ওভারেই ৬৯ রানে অলআউট হয়ে যায় তারা।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহেদ। ২৫ বলের ইনিংসে ছিল তাঁর লড়াইয়ের চেষ্টা। এ ছাড়া মোহাম্মদ আমির ২২ বলে ১৫ এবং বিজয় উন্নি ১৫ বলে ১৪ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান। দুজনই নেন দুটি করে উইকেট। এ ছাড়া আবু হায়দার, আবদুল গাফফার, মেহরব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট পেয়েছেন।

ব্যাটিংয়ে প্রত্যাশামতো পারফরম্যান্স না এলেও বোলারদের দাপটে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি।

কালের আলো/এসএ

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইবেন-এ দুটি পরস্পরবিরোধী বিষয়।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ‘ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পত্রিকায় দেখলাম, ভারতের মুখপাত্র বলছেন, বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন, তা ভারত সমর্থন করে না। তো ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াকে সমর্থন করে? এভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক রাখব।

আমাদের এই দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে আন্তনির্ভরশীলতা আছে এবং এই আন্তনির্ভরশীলতাকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।

তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারব না।

বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে, পারস্পরিক মর্যাদা ও সম্মান এবং সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখব। তার মানে এই নয়, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটি পরস্পরবিরোধী। আশা করি, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন বলা হচ্ছে, তারেক রহমান লন্ডনে বসে এবং সালাহউদ্দিন সাহেব ভারতে বসে যদি রাজনীতি করতে পারেন, তাহলে হাসিনার দোষ কী? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফ্যাসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে জোরপূর্বক নির্বাসিত হয়েছি। এটাই হাসিনার সঙ্গে আমাদের ব্যবধান।

তিনি আরও বলেন, হাসিনার সঙ্গে আমাদের আরও ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গেছেন এবং হিন্দন বিমানবন্দরে আপনাদেরই একজন মন্ত্রিপরিষদ সদস্য তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সঙ্গে ব্যতিক্রম। আর আমাদের বস্তাবন্দি করে, হাত-পা ও চোখ বেঁধে বস্তাসহ সেখানে ফেলে দেওয়া হয়েছে। এই ব্যতিক্রমগুলো আছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা এই দেশে মানবতাবিরোধী অপরাধ করেছেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ১ হাজার ৪০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সেখানে নারী ও শিশুর হার ছিল ১৩ থেকে ১৪ শতাংশ। আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে এ দেশের মানুষকে হত্যা করা হয়েছে।

এরপরও কি তাকে গণতান্ত্রিক সংস্কৃতির কোনো নেতা হিসেবে ব্যবহার করার সুযোগ দিতে পারি? এই প্রশ্ন আমার রইল।

এ সময় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হিটলারের গণহত্যার পর তার দলের বিরুদ্ধে বিচার হয়েছে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে বিচারের কথা বলছি। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে সেই আইন করা হয়েছে। আইসিটি অ্যাক্টেও সেটা আছে।

তিনি আরও বলেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে স্থগিত হবে কি না-এসব বিধান সেখানে দেওয়া আছে। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে কি না, সেটাও ওই আইনে বলা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত হচ্ছে। আমরা আশা করব, সেই তদন্ত শেষ হবে। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান। কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরও অনেকগুলোর ক্ষেত্রে ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে হাসিনার নামে ফাঁসির রায় আছে এবং আরও মামলা চলমান আছে। কিন্তু এই ফ্যাসিস্টের কোনো অনুশোচনা নেই। বাংলাদেশের মানুষের সামনে তিনি দুঃখ প্রকাশ করেননি।

তিনি বলেন, তবে একটা বিষয় তিনি খুব ভালো জানেন। তিনি বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপতৎপরতা ও মিথ্যা বলার কোনো বক্স অফিসে চ্যাম্পিয়ন হলে, সেটা হলো হাসিনার বাক্স।

কালের আলো/জেএন/এমএসআইপি