খুঁজুন
                               
, ,
           

ভিডিও কল থেকে ক্যাশলেস ক্যান্টিন, ইনোভেশন ফেয়ারে কারা অধিদপ্তরের চমক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ভিডিও কল থেকে ক্যাশলেস ক্যান্টিন, ইনোভেশন ফেয়ারে কারা অধিদপ্তরের চমক

কারা ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগের অংশ হিসেবে ভিডিও কলিং, ডিজিটাল হাজিরা ও ক্যাশলেস ক্যান্টিনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে কারা অধিদপ্তর। এসব আধুনিক সেবা এবার প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটার প্রাঙ্গণে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কারা অধিদপ্তরের স্টলে এসব প্রযুক্তি ও সেবা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

স্টলের দায়িত্বপ্রাপ্ত কারা অধিদপ্তরের জেলার মো. আবুল হোসেন জানান, বন্দিদের জন্য চালু করা ভিডিও কলিং সুবিধাটি বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে মুন্সিগঞ্জ কারাগারে চালু রয়েছে। অনুমোদিত নিকটাত্মীয়দের—স্বামী, স্ত্রী, সন্তান, বাবা-মা ও ভাই-বোন—নম্বর সিস্টেমে যুক্ত থাকবে। বন্দিরা কেবল অনুমোদিত নম্বরেই ভিডিও কল করতে পারবেন।

এ ছাড়া বন্দিদের কেনাকাটায় স্বচ্ছতা আনতে চালু করা হয়েছে ‘ক্যাশলেস প্রিজন্স’ সেবা। এর মাধ্যমে স্বজনরা ঘরে বসে মোবাইল ব্যাংকিং বা এমএফএস অ্যাপ ব্যবহার করে বন্দির ‘প্রিজনার্স ক্যাশ’ (পিসি) অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।

বন্দিদের জন্য বিশেষ এফআইআর আইডি সংবলিত রিস্টব্যান্ড দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মাধ্যমে বন্দিদের সহজে ট্র্যাকিং করা যাবে। ক্যাশলেস ক্যান্টিন ব্যবস্থায় নগদ অর্থ ছাড়াই বন্দিরা কেনাকাটা করতে পারবেন এবং নিজেদের অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখতে পারবেন। মুক্তির সময় রিলিজ স্লিপের মাধ্যমে অবশিষ্ট টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকবে।

কারা অধিদপ্তরের ‘KaraPay’ অ্যাপের মাধ্যমেও স্বজনরা ঘরে বসে বন্দির অ্যাকাউন্টে টাকা জমা এবং ভিডিও কলসংক্রান্ত তথ্য এন্ট্রি করতে পারবেন। এতে প্রয়োজনীয় তথ্যের জন্য স্বজনদের বারবার কারাগারে যাওয়ার প্রয়োজন হবে না।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে আয়োজিত এ মেলা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী দিনেই উদ্ভাবক, নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

কালের আলো/এমএসআইপি/এসকে 

বাব আল-মানদেব হুতিদের নিয়ন্ত্রণে, বাড়ছে বিশ্ববাণিজ্যের ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
বাব আল-মানদেব হুতিদের নিয়ন্ত্রণে, বাড়ছে বিশ্ববাণিজ্যের ঝুঁকি

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরোটা এখন হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বন্দরনগর মোখা ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন (পেরিম) দ্বীপ দখলের পর বাব আল-মানদেব প্রণালিতেও গোষ্ঠীটির নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।

আফ্রিকার উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে হুতি বাহিনী। এরই মধ্যে ইয়েমেন থেকে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিতে শুরু করেছেন হাজারো মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি ইয়েমেনি জিবুতিতে পৌঁছেছেন।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হয়। তেল ও এলএনজির বড় একটি অংশও এই পথ দিয়ে পরিবহন করা হয়।

হুতিদের সাম্প্রতিক অগ্রগতিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ বেড়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক প্রতিষ্ঠান এখনো লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে কেপ অব গুড হোপ দিয়ে জাহাজ চালাচ্ছে। এতে একটি যাত্রায় ২০ দিনের বেশি সময় বাড়ছে এবং পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

লোহিত সাগরে জাহাজ চলাচল কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসর। সুয়েজ খালের টোল দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে খালের আয় থেকে মিসর প্রায় ৭ বিলিয়ন ডলার হারিয়েছে।

এদিকে হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে আন্তর্জাতিক নৌবাহিনীর নজর বাড়ায় হর্ন অব আফ্রিকার উপকূলে নিরাপত্তার ঘাটতি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সোমালিয়ার উপকূলে জলদস্যুতার পুনরুত্থানের আশঙ্কাও করছেন।

ফলে ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রগতি এখন শুধু দেশটির অভ্যন্তরীণ সংঘাতের বিষয় নয়। এর প্রভাব পড়ছে লোহিত সাগরের নিরাপত্তা, বিশ্ববাণিজ্য, সুয়েজ খাল এবং আফ্রিকার উপকূলীয় নিরাপত্তার ওপরও।

কালের আলো/এসএ

৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান আবারও মা হতে চলেছেন। ৪১ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি। কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ২০২৬-এর লালগালিচায় বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সুখবরটি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।

এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে মাহিরা জানিয়েছিলেন, এবারের গর্ভাবস্থা তাঁর পরিকল্পনায় ছিল না। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা পরিকল্পনা করি…আর তারপর আসে আল্লাহর পরিকল্পনা।’

২৪ বছর বয়সে প্রথমবার মা

মাহিরা প্রথমবার মা হন ২০১০ সালে, মাত্র ২৪ বছর বয়সে। তাঁর প্রথম সন্তান ছেলে আজলান। সন্তানের বাবা তাঁর প্রথম স্বামী আলি আসকারি।

যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় আলি আসকারির সঙ্গে মাহিরার পরিচয় হয়। ২০০৭ সালে ২১ বছর বয়সে তাঁকে বিয়ে করেন অভিনেত্রী। তিন বছর পর তাঁদের সংসারে আসে আজলান। ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

দ্বিতীয় বিয়ে

প্রথম সংসার ভেঙে যাওয়ার কয়েক বছর পর মাহিরার জীবনে আসেন পাকিস্তানি ব্যবসায়ী ও উদ্যোক্তা সেলিম করিম। ২০১৯ সালে তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। ২০২৩ সালের অক্টোবরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেলিমকে বিয়ে করেন মাহিরা।

বর্তমানে মাহিরার প্রথম সন্তান আজলানের বয়স ১৭ বছর। দ্বিতীয় বিয়ের তিন বছর পর আবারও মা হতে চলেছেন অভিনেত্রী।

‘এই গর্ভাবস্থা পরিকল্পনায় ছিল না’

টিআইএফএফে এক সংবাদ সম্মেলনে মাহিরা জানান, এবারের গর্ভাবস্থা পরিকল্পিত ছিল না। ২৪ বছর বয়সে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতার তুলনায় ৪১ বছর বয়সে দ্বিতীয়বারের মাতৃত্ব তাঁর কাছে অনেকটাই ভিন্ন।

বয়সের কারণে এবারের গর্ভাবস্থা শারীরিকভাবে বেশি চ্যালেঞ্জিং বলেও জানান তিনি। একই সঙ্গে বড় হয়ে যাওয়া সন্তানের মা হিসেবে আবার নবজাতকের মা হওয়ার জন্য তাঁকে মানসিকভাবেও নতুন করে প্রস্তুত হতে হচ্ছে।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না মাহিরা। তাই সুখবরটি প্রকাশ্যে আনতেও কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত জীবনের নতুন এই অধ্যায়টি লুকিয়ে না রেখে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেন।

কেন টিআইএফএফে মাহিরা?

২০২৬ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্মাতা বাসাম তারিকের আমন্ত্রণে অংশ নেন মাহিরা। পরিচালকের ‘ইয়োর মাদার, ইয়োর মাদার, ইয়োর মাদার’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে হাজির হন তিনি। ছবিটিতে অস্কারজয়ী অভিনেতা মাহেরশালা আলীও অভিনয় করেছেন। টিআইএফএফে এটাই মাহিরার প্রথম উপস্থিতি।

লালগালিচায় পাকিস্তানি ঐতিহ্যবাহী জমকালো শাড়িতে দেখা যায় তাঁকে। ছিল মিনিমাল মেকআপ ও কানে লম্বা ঝুমকা।

সিনেমাটির প্রিমিয়ারের পাশাপাশি উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট প্রোগ্রামেও অংশ নেন মাহিরা। চলচ্চিত্রে অবদানের জন্য সেখানে তাঁকে সম্মানিত করা হয়। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানি সিনেমা ও দক্ষিণ এশিয়ার গল্প তুলে ধরার সুযোগও কাজে লাগান তিনি।

সব মিলিয়ে, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাহিরার প্রথম লালগালিচায় উপস্থিতি হয়ে উঠেছে দ্বিগুণ আনন্দের উপলক্ষ—একদিকে সিনেমার আন্তর্জাতিক মঞ্চে অভিষেক, অন্যদিকে জীবনের নতুন অধ্যায়ের সুখবর।

সূত্র: এনডিটিভি

কালের আলো/এসএ

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, মশার লার্ভার উৎস ধ্বংসের পাশাপাশি মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা ও কারিগরি সক্ষমতা জোরদার করা হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মশা নিয়ন্ত্রণে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সিটি করপোরেশনগুলো সর্বাত্মকভাবে কাজ করছে। মশার লার্ভা যেখানে জন্ম নেয়, সেসব স্থান চিহ্নিত করে পানি জমতে না দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, জাপানসহ বিভিন্ন উন্নত দেশের সহযোগিতায় মশা নিধনের ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা ও পর্যালোচনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। মশা নিয়ন্ত্রণে বিভিন্ন সিটি করপোরেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্প্রে এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির ভেতর, ছাদ, বারান্দা ও আশপাশে পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ১৩টি সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের ১১টি সিটি করপোরেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

কালের আলো/এমএসআইপি