খুঁজুন
                               
, ,
           

পুনর্মিলনী উৎসবে সেনাপ্রধানের স্মৃতির ঝাঁপি, নতুন ক্যাডেটদের মননে গেঁথে দিলেন সাফল্যের মন্ত্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ
পুনর্মিলনী উৎসবে সেনাপ্রধানের স্মৃতির ঝাঁপি, নতুন ক্যাডেটদের মননে গেঁথে দিলেন সাফল্যের মন্ত্র

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

কুয়াশার আড়মোড়া ভেঙে সূর্য ঝলমল করছে চারপাশে। দীর্ঘ দিন পর একে অন্যের সঙ্গে দেখা। ক্ষণিক সময়ের জন্য হলেও সবাই যেন ফিরলেন ক্যাডেট জীবনের বর্ণিল দিনগুলোতে। কোনো কোনো আড্ডার স্থান থেকে ভেসে আসছিল, বিশ্বকবির সেই বিখ্যাত গান ‘পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়…।’ পুরোনো কোনো বন্ধুকে দেখলেই বুকে টেনে নিচ্ছেন অনেকেই। মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টায় কেউ কেউ। আড্ডায় যুক্ত ছিলেন স্ত্রী-সন্তানেরাও।

ছুটির দিনের মৌনতা ছাপিয়ে শুক্রবার (২৭ জানুয়ারি) এমনই জমজমাট ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজ। প্রাক্তন ক্যাডেটদের নিয়ে তিন দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনের অনন্য মিলন মোহনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। এবারের পুনর্মিলনী উৎসবে তিনি সশরীরে যোগ দিয়ে দিনমান ভেসেছেন স্মৃতির ভেলায়। ‘নেতৃত্বের কারিগর, সর্বোত্তম ও সর্বোজ্জ্বল’—এই স্লোগানেই তিনি সম্ভবত উদ্দীপ্ত হয়েছিলেন ইতিহাস আর ঐতিহ্যের ঝিনাইদহ ক্যাডেট কলেজে, জীবনের সেই প্রত্যুষে। ক্যাডেট কলেজের পরতে পরতে ছড়িয়ে থাকা অতীত স্মৃতি চিরকাল অমলিন তাঁর জীবনে।

দেশপ্রেমিক সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার চরম ব্যস্ততার ভিড়েও তিনি এদিন যেন ফিরলেন আপন ঘরে! পুরোনো বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ, আড্ডা-স্মৃতিচারণা বা যোগাযোগ অপার আনন্দের। পুনর্মিলনী সেই সুযোগ করে দিলো তাকে। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁরই জীবনসঙ্গী বেগম নূরজাহান আহমেদও। দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজে এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এই ক্যাডেট কলেজে পড়াশোনাকালীন স্মৃতির ঝাঁপি যেমন খুলেছেন তেমনি আলোকের ঝর্ণাধারায় নতুন ক্যাডেটদের ঐশ্বরিক শক্তিকেও জাগিয়ে তুলতে বলেছেন। সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা একটা মহান সুযোগ তোমাদের জন্য। ক্যাডেট কলেজে সবাই চান্স পায় না, তোমরা পেয়েছো। সরকার তোমাদের পেছনে অনেক অর্থ ব্যয় করে। জীবনের মূল বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ সময় তোমরা এখানে অতিক্রম করছো। এটাকে সুন্দরভাবে যদি তোমরা ক্যাপিটালাইস করতে না পারো, ভবিষ্যতে কীভাবে টিকবে।’

নতুন ক্যাডেটদের মন-মননে সাফল্যের মন্ত্র গেঁথে দিলেন। ক্যাডেটদের গুণগত জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে সুযোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে উপদেশ দিলেন সেনাপ্রধান। উচ্চারণ করলেন—’আমরা এখন শেষ পর্যায়ে, তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদের ভবিষ্যতেই বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। তোমরা ডেভেলপ হবে বাংলাদেশও ডেভেলপ হবে। আমি চাই তোমরা তোমাদের লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যে সকল উপাদান এই ক্যাডেটে বা এখানে আছে সবগুলোই আন্তরিকভাবে গ্রহণ করো। একজন ভালো সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে ভবিষ্যতে জাতির সেবা করো।’ এক্স- ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাহফুজুর রহমান এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে ক্যাডেট কলেজে পৌঁছান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে তিনি কলেজ চত্বরে গাছের চারা রোপণ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এরপর প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সেনাপ্রধানকে অভিবাদন জানান। ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন এই পুনর্মিলনী উৎসবের আয়োজন করে। এ সময় সেনাবাহিনী প্রধান প্রাক্তন ছাত্রদের সাথে মতবিনিময়, পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এসএম রাজিব ইবনে রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় ২ হাজার ১’শ প্রাক্তন ক্যাডেট, শিক্ষক-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে ঢাকা ফিরেন সেনাপ্রধান।

কালের আলো/এমএএএমকে

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে একই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ নিয়ে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই দফায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

তার এই মন্তব্যের মধ্য দিয়ে দুদকের অভিযোগকে ব্যঙ্গাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি