বরিশালে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব
‘ভক্ত কবীর জাতে জোলা, প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই’—ফকির লালন শাহের এই গানের বাণীকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে কবীর-লালন ভাবসংগীত উৎসব।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্ব সংঘের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর রশীদ।
লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জান্নাত শিরীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা ফয়জুন নাহার শেলী। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবীর ও লালনের দর্শন এবং তাঁদের ভাবধারা নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, লালনের দর্শন আজ বিশ্ব দর্শনে পরিণত হয়েছে। তাঁর বাণী মানুষের মধ্যে বিভেদ ভুলে ঐক্য ও মানবতার চেতনা জাগায়। পাশাপাশি সন্ত কবীরের জীবন ও দর্শনও মানুষকে আলোকিত করে।
উৎসবের দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আগত কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা কবীরের ১০টি এবং লালনের ১০টি সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উৎসবে ভিন্ন মাত্রা যোগ হয়।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array