খুঁজুন
                               
, ,
           

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটের আশা প্রার্থীদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটের আশা প্রার্থীদের

কালের আলো  রিপোর্ট:

আলোচনার মূল বিষয়বস্তু এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দিনক্ষণ নির্ধারিত হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। উৎসবমুখর ভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। স্বভাবতই মনোনয়নপত্র জমা দেওয়ার চাপ বেশিই ছিল। এদিন সারা দেশে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রতিটি প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রতিটি প্রার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন।

মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে বলে গুঞ্জন ছিল। তবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ছেনা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, মনোনয়ন দাখিলের জন্য আর সময় বাড়ানো হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।

জানা যায়, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা জানায়, শেষ দিনে ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি সংসদীয় আসনের বিপরীতে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলে ৩৫টি সংসদীয় আসনের বিপরীতে ৩৬৫টি ও রাজশাহী অঞ্চলে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে ২৬০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এছাড়া, খুলনা অঞ্চলে ৩৬টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি সংসদীয় আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৪৬টি ও রংপুর অঞ্চলে ৩৩টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র দাখিল করেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি সংসদীয় আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুইটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য রাজনৈতিক ও আইনি পরিস্থিতি মোকাবিলায় বিকল্প কৌশল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ‘প্ল্যান বি’ও। সোমবার (২৯ ডিসেম্বর) দেশের সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

জানা যায়, এবার বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ (সদর) আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া-৭ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এবং গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও তার নির্বাচনি সমন্বয়ক রফিকুল আলম ওরফে মজনু। এর আগে রোববার দিনাজপুর-৩ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। অসুস্থতার কারণে খালেদা জিয়ার স্বাক্ষরের পরিবর্তে মনোনয়নপত্রে আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম। অন্যদিকে, তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার উন্নতি নিয়ে এখনই আশাবাদী হওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। এ পরিস্থিতিতে খালেদা জিয়ার তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রফিকুল আলম (মজনু)। বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টন এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রয়োজনে তাঁরা বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এদিকে একই দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর সেগুনবাগিচায় মনোনয়নপত্র দাখিল করা হয়। কুমিল্লা-১ আসনে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন মনোনয়ন জমা দেন। নরসিংদী-২ আসনে মনোনয়ন দাখিল করেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর কাছে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এর আগে বৃহস্পতিবার ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার দিতে পারি সেই প্রত্যাশা করছি। তিনি বলেন, আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে। তিনশ’ আসনে শরীক দলগুলোর কে কতটি আসন পেয়েছেন এটা কখন জানা যাবে জানতে চাইলে তিনি বলেন, তিনশ’ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজ (সোমবার) রাতের মধ্যেই জানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমাদের এই আসন সমঝোতা কোনও জোটবদ্ধ নির্বাচন নয়। কিন্তু এটা অন্য যেকোনও জোটের চেয়েও শক্তিশালী হবে ইনশাল্লাহ। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে আমরা ইলেকশন করবো। শুধু একটা আসনে একটি দলই থাকবেন। বাকিরা আমরা সমর্থন জানাবো।’ জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আরেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। তার নাম পরে জানানো হবে।’ এদিকে ঢাকা-১৫ আসন থেকে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম ফজলুল হক, গণফোরামের একেএম শফিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।

এছাড়াও ঢাকা ১৪ আসন থেকে জামায়াতের মনোনয়ন জমা দিয়েছেন- মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসন থেকে আব্দুল বাতেন, ঢাকা -১২ আসন থেকে সাইফুল আলম মিলন, ঢাকা-২ আসন থেকে আব্দুল হক, ঢাকা-৬ আসন থেকে আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে এনায়েত উল্লাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ঢাকা ১৩ আসন থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এই আসনটি ছেড়ে দিতে হয়েছে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। এছাড়া ঢাকার বেশ কয়েকটি আসন এনসিপি নেতাদের জন্য ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। তবে জোটভুক্ত হলেও কোন কোন আসনে জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বা শরীক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি শীর্ষ নেতারাও
বিএনপি ও জামায়াতের মতো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা থেকে। গত কয়েকদিনের টানা আলোচনার পর রোববার রাতে জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনের কথা জানিয়েছে এনসিপি। এরপরই ঢাকার বাড্ডা রামপুরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হন নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ নাহিদ ইসলামের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন। নাহিদ ইসলাম এই আসনে প্রার্থী হওয়ায় ওই আসন থেকে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ঢাকা-৮, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রার্থী হয়েছেন ঢাকা-১৮ আসনে। এনসিপি জানিয়েছে, জামায়াতসহ আট দলের সাথে রোববার নির্বাচনী ঐক্য চূড়ান্ত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াত সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসনে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকার কয়েকটি আসনসহ সারাদেশের ৪৭টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তারা। আহ্বায়ক ঢাকায় প্রার্থী হলেও আখতার লড়ছেন রংপুরের একটি আসনে। এর মধ্যে জোটের সাথে আলোচনার ভিত্তিতে কিছু আসন চূড়ান্ত হয়েছে। কিছু আসন এখনো চূড়ান্ত হয়নি। এদিকে, এদিন বিকেলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রার্থী হননি। এর আগে আসিফ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।

কালের আলো/এমএএইচ/এইচএন

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, হাতেনাতে গ্রেপ্তার সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, হাতেনাতে গ্রেপ্তার সন্ত্রাসী

রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭জুলাই) রাত সোয়া ৯ টার দিকে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি-সংলগ্ন চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাইদুল জানান, রাতে মুন্সি বাড়ি রোডে সাইফুল ইসলাম সিজু তার নিজ অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ জাকির হোসেনের শান্তর (২৭) নেতৃত্বে ৩/৫জন এলোপাতাড়ি গুলি করে। এতে সাইফুলের কোমরে এবং দুই পায়ে গুলি লাগে।

সিজু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ​গোলাগুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। তবে ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু জনতা ধাওয়া করে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে। পরবর্তীতে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে শান্ত ভূঁইয়া নামে এক ব্যক্তি বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

দুই গোল পিছিয়ে থেকেও শেষ সময়ে জয় পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
দুই গোল পিছিয়ে থেকেও শেষ সময়ে জয় পেল আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ৩-২ গোলের জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে (শেষ আট) জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুটা ছিল মিশরের পক্ষে। প্রথমার্ধেই ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় তারা। এরপর মোস্তফা জিকো ব্যবধান দ্বিগুণ করলে বড় অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে মিশর।

তবে পিছিয়ে পড়ে হাল ছাড়েনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে প্রথমে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমায় তারা। এরপর দলের প্রাণভোমরা লিওনেল মেসি গোল করে ম্যাচে সমতা ফেরান।

এর আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও মেসি শেষ পর্যন্ত নিজের অষ্টম গোল তুলে নেন। এই গোলের মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়েও নিজের অবস্থান শক্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আসে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। লাউতারো মার্টিনেজের দুর্দান্ত ক্রস থেকে এনজো ফার্নান্দেজ হেডে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

গোলের আগে ফাউলের অভিযোগ তুলে ভিএআরের কাছে আবেদন করে মিশর। কিন্তু পর্যালোচনার পর গোল বহাল রাখেন কর্মকর্তারা। প্রতিবাদের কারণে মিশরের কোচিং স্টাফের এক সদস্য লাল কার্ড দেখেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের সাক্ষী হয় বিশ্বকাপ। ০-২ গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মেসির পেনাল্টি মিসে পিছিয়ে থেকে প্রথমার্ধে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
মেসির পেনাল্টি মিসে পিছিয়ে থেকে প্রথমার্ধে আর্জেন্টিনা

চলতি আসরে প্রথমবার আর্জেন্টিনা পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল। শুরুতেই তারা গোল হজম করে। পেনাল্টি মিস করার কারণে গোল শোধ দিতে পারেনি তারা। মিশর ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করবে।

শুরুতেই আর্জেন্টিনার জাল কাঁপায় মিশর। ১৫ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নরা ১-০ গোলে পিছিয়ে পড়ে।

মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেড করেন। বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালের ভেতরে পাঠান তিনি। কর্নার থেকে উড়ে আসা বলে ক্রস বাড়িয়ে এই গোলটিতে অ্যাসিস্ট করেন মারওয়ান আতিয়া।

১৫ মিনিটে গোল খাওয়ার পর পাঁচ মিনিটের ব্যবধানে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি।

তাগলিয়াফিকো মিশরের বক্সের মধ্যে ফাউলের শিকার হন। ২১ মিনিটে মেসি পেনাল্টি কিক নেন। তার বাম পায়ের শট বাঁ দিকে ডাইভ দিয়ে ফিরিয়ে দেন মোস্তফা শোবেইর।

বিশ্বকাপে নেওয়া মোট ৮টি পেনাল্টির মধ্যে ৪টিই মিস করলেন মেসি। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি গোল করতে পারেননি তিনি।

মেসি শটটি গোলরক্ষকের বাঁ দিক ঘেঁষে নিলেও তাতে যথেষ্ট গতি ছিল না। মিশরের গোলরক্ষক মোস্তফা সঠিক উচ্চতায় থাকা বলটিকে দারুণভাবে প্রতিহত করেন।

গোলরক্ষক মোস্তফার জন্যও এটি এই টুর্নামেন্টের দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে গ্রুপ পর্বে ইরানের তারেমির পেনাল্টিও তিনি একইভাবে আটকে দিয়েছিলেন।

২৮ মিনিটে আরেকবার আর্জেন্টিনাকে ফিরিয়ে দেন মোস্তফা। রদ্রিগো ডি পলের ক্রসে ম্যাক অ্যালিস্টারের হেড ডানদিকে ঝুঁকে রুখে দেন তিনি।

১০ মিনিট পর মেসির বাঁ পায়ের শট গোলবারের অনেক উপর দিয়ে যায়। পরের মিনিটেই তাগলিয়াফিকোর কাটব্যাক থেকে বল পেয়ে আলভারেজ শট নেন। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বল রুখে দেন মোস্তফা।

কালের আলো/জেএন/এমএসআইপি