খুঁজুন
                               
, ,
           

খালেদা জিয়ার জন্য দল-মত নির্বিশেষে শোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার জন্য দল-মত নির্বিশেষে শোক

জারিফ নিহাল, কালের আলো:

প্রতিকূলতা, রাজনৈতিক প্রতিহিংসা আর কারাবাসের মুখে পড়েছেন বারবার। কখনও নীতির প্রশ্নে আপস করেননি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত দেশ। তার আত্মার মাগফেরাত কামনা করে শোক বার্তা এসেছে দল-মত-নির্বিশেষে।

আশির দশকে বিএনপির হাল ধরে খালেদা জিয়া স্বৈরাচার পতনের আন্দোলনে কী ভূমিকা রেখেছেন, পরবর্তীতে তিন দফা রাজপথ থেকে প্রধামন্ত্রীর চেয়ারে বসেছেন, গণতান্ত্রিক আন্দোলনে মাঠে থেকে কাজ করে গেছেন- বিভিন্ন দল ও সংগঠনের শোকবার্তায় এসবই স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। দেশের স্বার্থ এবং গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপসহীনতার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন সবাই। কারণ, দেশের চরম সংকটেও তিনি ছিলেন অটল-অনড়। তিনি নিজেই বলতেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই (বাংলাদেশ) আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি-মানুষই আমার সবকিছু। কাজেই আমি দেশের বাইরে যাব না।’

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গভীর শোক ও সমবেদনা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের অভিভাবক, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

দীর্ঘদিনের মিত্র থেকে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ, প্রধান প্রতিদ্বন্দ্বী। খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান থেকে শুরু করে তৃণমূলের কর্মী, সমর্থকরাও খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসার কথা জানাচ্ছেন। জামায়াতে ইসলামী বরাবরই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ আমলে জামায়াত নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ফাঁসির বিরুদ্ধে সোচ্চার থাকায় খালেদা জিয়াকে বিশেষভাবে সম্মান করে জামায়াত। সম্প্রতি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে বিশেষ দোয়া-মাহফিলেরও আয়োজন করতে দেখা গেছে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এক শোক বার্তায় বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

দমন-ষড়যন্ত্রের মুখে খালেদা জিয়া কখনো সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি: এনসিপি
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এক শোক বার্তায় বলেছেন, খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার এক অবিচল প্রতিক্রিয়া হিসেবে নেতৃত্ব দিয়েছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে তিনি সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অনন্য অবদান রেখেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, দমন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে খালেদা জিয়া কখনো নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের সঙ্গে আপস করেননি বলেও উল্লেখ করেছে এনসিপি। তারা বলেছে, খালেদা জিয়ার সাহস, দৃঢ়তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা দেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে স্থায়ীভাবে চিহ্নিত হবে। খালেদা জিয়ার সংগ্রাম শুধু একটি সময়ের রাজনৈতিক ঘটনা নয়, এটি সবার জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা, স্বৈরাচারবিরোধী প্রতিজ্ঞা এবং দেশনেত্রী হিসেবে জাতির প্রতি দায়বদ্ধতার এক অমলিন শিক্ষা। মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

গণতান্ত্রিক সংগ্রামে তাঁর ভূমিকা জাতি স্মরণ রাখবে: সিপিবি
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক শোক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক সংগ্রামে খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। লড়াকু ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ভবিষ্যতেও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যয়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তাঁরা।

জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি: গণসংহতি আন্দোলন
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক শোক বিবৃতিতে বলেন, তাঁর মৃত্যু এ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে। গণসংহতি আন্দোলন তাদের বিবৃতিতে বলেছে, এক–এগারো সরকারের সময়ে তাঁর অনমনীয় ভূমিকা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও তিনি ছিলেন মানুষের সাহসের উৎস। এ কারণেই তাঁকে বারবার ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হতে হয়েছে। ব্যক্তিগতভাবে নারী হিসেবে কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু স্বভাবসুলভ ঔদার্য, মহানুভবতা ও আত্মমর্যাদার সঙ্গে সেসব কিছুর মোকাবিলা করেছেন তিনি। এসব বিষয়কে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে খালেদা জিয়া অগ্রাধিকার দিয়েছেন। শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করে গণ–অভ্যুত্থানের পথ তৈরিতে তাঁর সিদ্ধান্ত ছিল অন্যতম নির্ধারক। গণ–অভ্যুত্থান–পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন এ দেশের রাজনৈতিক অভিভাবক। তাঁর মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।

অবিসংবাদিত রাজনৈতিক অভিভাবক: হেফাজতে ইসলাম
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক শোক বার্তায় বলেছেন, খালেদা জিয়া ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক বাংলাদেশি মুসলিম নারী। ২০১৩ সালে আধিপত্যবাদ-প্রযোজিত শাহবাগের ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী জমায়েতকে তিনি ‘নাস্তিকদের চত্বর’ আখ্যা দিয়েছিলেন। হেফাজতের ৫ মের ঐতিহাসিক ‘ঢাকা অবরোধ’ কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আলেম-ওলামার পক্ষে দাঁড়িয়েছিলেন। ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে তাঁর আপসহীন রাজনৈতিক অবস্থান ও ভূমিকা সব সময় জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। মৃত্যুর আগে তিনি পুরো জাতির অবিসংবাদিত রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন। ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার সুদীর্ঘ আন্দোলন ও অপরিসীম ত্যাগ-তিতিক্ষা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে শোক বার্তায় উল্লেখ করা হয়েছে। বিএনপি খালেদা জিয়ার সেই আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে আপসহীন রাজনীতি অব্যাহত রাখবে বলে তাঁরা আশা ব্যক্ত করেন।

চরমোনাই পীরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করেন তিনি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রেজাউল করীম।

সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: কর্নেল অলি
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এক শোক বার্তায় তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তিনি মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

খালেদা জিয়ার শিক্ষা ও আদর্শ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে: জাতীয় পার্টি
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এক শোক বার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমার পুত্র তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় জাতীয় পার্টির নেতারা বলেছেন, দেশের গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী ছিলেন খালেদা জিয়া। রাজনীতির যে সাহসী শিক্ষা ও আদর্শ তিনি দিয়ে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশের জন্য তাঁর ত্যাগ ও আত্মনিবেদন জাতি চিরদিন স্মরণে রাখবে।

গণতান্ত্রিক উত্তরণকালে তাঁর নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন ছিল: এবি পার্টি
গভীর শোক প্রকাশ করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ যৌথ শোক বার্তায় বলেছেন, খালেদা জিয়া দীর্ঘকাল ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারিতে থেকে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। এবি পার্টি বলেছে, ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রকাল থেকে শুরু করে ফ্যাসিবাদী যুগে আধিপত্যবাদের ক্রীতদাসেরা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই মহীয়সী নেত্রীকে কারাবন্দী করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তাঁকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে, যা জাতি হিসেবে চরম লজ্জাজনক। মূলত দীর্ঘকালের শারীরিক, মানসিক নির্যাতন ও চরিত্রহননের মতো অমানবিক জেল–জুলুমের পরিণতিতেই আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে। দেশের গণতান্ত্রিক উত্তরণকালে তাঁর নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন ছিল। খালেদা জিয়ার শূন্যতা গভীরভাবে অনুভব করবেন তাঁরা।

একটি দলের নয়, এটি পুরো জাতির অপূরণীয় ক্ষতি: গণ অধিকার পরিষদ
গভীর শোক প্রকাশ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এক যৌথ শোক বার্তায় বলেন, খালেদা জিয়া ছিলেন এ ভূখণ্ডের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। স্বৈরাচার, দমন-পীড়ন ও অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি আজীবন যে সংগ্রাম চালিয়ে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যু শুধু কোনো একটি দলের নয়, এটি পুরো জাতির অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গণ অধিকার পরিষদ বলেছে, তাঁর অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর দৃঢ়তা এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তাঁর অকুতোভয় অবস্থান ভবিষ্যতে দেশের রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।

দৃঢ়তা ও আপসহীন ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে: বাসদ
বাংলদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আজ এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে বাসদ বলেছে, আশির দশকে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণ–আন্দোলনে খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, ভোটাধিকার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ–অভ্যুত্থানের গণ–আকাঙ্ক্ষা পূরণে সংগ্রাম জারি রাখার জন্য বিএনপির সব নেতা–কর্মী ও সব গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।

খেলাফত মজলিসের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের। তাঁরা মরহুমার রুহের মাগফিরত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত মজলিসের এই দুই নেতা বলেন, খালেদা জিয়া ইসলামি মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পরিশীলিত রাজনৈতিক ভাষা ও সংযমবোধ তাঁর ব্যক্তিত্বকে আরও মর্যাদাবান করেছিল।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এক যৌথ শোক বার্তায় নেতারা বলেছেন, গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। কারাবরণ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মাঝেও তিনি মাথা নত করেননি। এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ঐক্য ন্যাপ, বাংলাদেশ সনাতন পার্টি ও জাতীয় যুবশক্তি।

কালের আলো/জেএন/এইচএন

বাংলা কিউআর সম্পূর্ণ নিরাপদ ও এনক্রিপ্টেড: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
বাংলা কিউআর সম্পূর্ণ নিরাপদ ও এনক্রিপ্টেড: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ গড়তে নগদ টাকার লেনদেন কমিয়ে ‘বাংলা কিউআর’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। যে ব্যাংকেরই হিসাব থাকুক, লেনদেনের অর্থ সরাসরি নির্ধারিত হিসাবে জমা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলা কিউআর একটি নিরাপদ প্ল্যাটফর্ম এবং এটি সম্পূর্ণ এনক্রিপ্টেড। ফলে এই ব্যবস্থায় অনিয়মের সুযোগ কম থাকবে। ধীরে ধীরে নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করেই বাংলা কিউআর তৈরি করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা কিউআরের সুবিধা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এই পদ্ধতিতে লেনদেনের জন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। সাধারণ শ্রমিকরাও সহজে এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।

নতুন প্রযুক্তি চালুর শুরুতে কিছু কারিগরি সমস্যা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও নতুন ব্যবস্থা চালুর সময় এ ধরনের প্রতিবন্ধকতা দেখা গেছে। সময়ের সঙ্গে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বাংলা কিউআর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ব্যবস্থা এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটি কার্যকর।

সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ডাচ-বাংলা ব্যাংক এ কর্মসূচির আয়োজন করে। গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ব্যাংকটি দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

রাড্ডা কাণ্ড: এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
রাড্ডা কাণ্ড: এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

ওই ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মিষ্টি হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে তদন্তও চলছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাড্ডা সেন্টারের ঘটনা ঘিরে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

এর মধ্যেই মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বৃহস্পতিবার দুপুরে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ছেলেকে নিয়ে সুইমিংপুলে পরীমণি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
ছেলেকে নিয়ে সুইমিংপুলে পরীমণি

তারকাখ্যাতির ঝলমলে জীবন, শুটিংয়ের ব্যস্ততা কিংবা ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততা—সবকিছুর বাইরে পরীমণির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর সন্তানরা। কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেই তা উপভোগ করেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। এবার সেই সময়েরই কিছু বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠেছেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে মা-ছেলের হাসি-খুনসুটি আর আনন্দের মুহূর্ত ধরা পড়েছে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

সন্তানই এখন পরীমণির আনন্দের বড় জায়গা

রুপালি পর্দায় নানা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া পরীমণির ব্যক্তিজীবনের বড় একটি অংশজুড়ে এখন সন্তানরা। বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর পাশাপাশি দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরেই তাঁর পারিবারিক ব্যস্ততা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সন্তানদের নিয়ে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। কখনো তাদের সঙ্গে ঘুরতে যাওয়া, কখনো খেলাধুলা কিংবা ঘরোয়া আনন্দের ছবি—মাতৃত্বের নানা মুহূর্তই ভক্তদের সামনে তুলে ধরেন এই অভিনেত্রী।

পানিতে মায়ের সঙ্গে পূণ্যর খুনসুটি

সাম্প্রতিক প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, ছেলে পূণ্যকে সঙ্গে নিয়ে সুইমিংপুলে সময় কাটাচ্ছেন পরীমণি। কখনো পানিতে দুজনের খুনসুটি, আবার কখনো মায়ের সঙ্গে ছেলের হাস্যোজ্জ্বল মুহূর্ত—সব মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠেছে স্বতঃস্ফূর্ত এক পারিবারিক আবহ।

মা-ছেলের এই আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে। অনেকেই তাঁদের এই সুন্দর সময়ের প্রশংসা করেছেন।

পর্দার বাইরে অন্য এক পরীমণি

অভিনয়ের কারণে আলোচনায় থাকা পরীমণির ব্যক্তিজীবনের একটি বড় পরিচয় এখন তাঁর মাতৃত্ব। ক্যামেরার সামনে যেমন নানা চরিত্রে নিজেকে উপস্থাপন করেন, ক্যামেরার বাইরে সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় তাঁকে দেখা যায় একেবারেই অন্য রূপে।

শুটিং ও পেশাগত ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করে নেওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতেও বারবার উঠে আসে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত।

নতুন করে জীবন গুছিয়েছেন সন্তানদের ঘিরে

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমণিকে। তবে পরবর্তী সময়ে সন্তানদের ঘিরেই নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় পেরিয়ে এখন সন্তানদের সঙ্গে আনন্দের মুহূর্তগুলোই বেশি করে সামনে আনছেন এই অভিনেত্রী। আর সুইমিংপুলে পূণ্যকে নিয়ে সাম্প্রতিক এই ছবি যেন সেই গল্পেরই আরেকটি ছোট্ট অধ্যায়—তারকা পরীমণির আড়ালে থাকা মমতাময়ী মায়ের একান্ত মুহূর্ত।

কালের আলো/জেএন