খুঁজুন
                               
, ,
           

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয়

সাংবাদিকতার পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে- এমন মন্তব্য করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমানে কে প্রকৃত সাংবাদিক আর কে অন্য পেশার মানুষ হয়েও সাংবাদিক পরিচয়ে কাজ করছেন, তা বুঝা কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফ-এর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কে প্রকৃত সাংবাদিক আর কে সাংবাদিক নন-এই প্রশ্নটি এখনো বিতর্কিত। অনেক ক্ষেত্রে দেখা যায়, কেউ ওষুধের দোকান পরিচালনা করেন, পাশাপাশি সময় পেলে কোচিং করান, আবার তিনিই সাংবাদিক পরিচয়ে কাজ করছেন। এতে সাংবাদিকতার পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে সিপিডির সম্মানীয় ফেলো বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে দলীয় অবস্থান থেকে দূরে থেকে মূল্যবোধ ও পেশাগত নীতির ভিত্তিতে কথা বলা উচিত। গবেষণা, গণমাধ্যম, সংবাদপত্র, নাটক এবং সংস্কৃতির মতো বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সত্য ও তথ্যভিত্তিক বার্তা তুলে ধরা জরুরি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, মিডিয়া রিফর্ম কমিশনকে যুক্তরাজ্যের অফকম মডেলের আদলে পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তথ্যমন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের ওপর হত্যা, মিথ্যা মামলা, গুমসহ যেসব নির্যাতন ঘটে, সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালের আলো/এসআর/এএএন

ভোলাকে সড়কপথে যুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
ভোলাকে সড়কপথে যুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের প্রশাসনিক অঞ্চল ভোলাকে সড়কপথে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ- দুটিই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নদীবেষ্টিত হওয়ায় ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের ওপর নির্ভরতা রয়েছে। নতুন সড়ক সংযোগ তৈরি হলে সেই নির্ভরতা কমবে।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের বড় সুবিধা হলো দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে এটি একটি কার্যকর বিকল্প পথ হয়ে উঠতে পারে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরিসিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকার নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে এবং সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধাঞ্জলি

রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নতুন চার মন্ত্রীদুই প্রতিমন্ত্রী

শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন মন্ত্রী আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী–২ আসনের সংসদ সদস্য। রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কোষাধ্যক্ষ। এত দিন তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জামালপুর–১ আসনের সংসদ সদস্য। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য বান্দরবান আসনের সংসদ সদস্য। আর বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা–১ আসনের সংসদ সদস্য।

হুমায়ুন কবির এত দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। আর শামীম কায়সার গাইবান্ধা–৪ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

কালের আলো/আরডি/এমডিএইচ