খুঁজুন
                               
, ,
           

‘বোমা আতঙ্ক নিয়ে উদ্বেগের কিছু নেই, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
‘বোমা আতঙ্ক নিয়ে উদ্বেগের কিছু নেই, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে’

দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট ‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কিছু নেই, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সম্প্রতি উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগস্ট মাসকে ঘিরে একটি বিশেষ গোষ্ঠীর তৎপরতার কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যেসব পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোথাও কোনো বোমা বা বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে থাকে।

তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে বলে জানান তিনি। এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কোনো ধরনের ইন্ধন রয়েছে কি না, তা সংশ্লিষ্ট বাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

গত পাঁচ-ছয় মাসের অপরাধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আনুপাতিক ও তুলনামূলক বিচারে দেশে বর্তমানে এ ধরনের অপরাধ বা নাশকতার ঘটনা অনেকটাই কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। নাশকতার যেকোনো পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থায় কাজ করছে।

আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু রাজনৈতিক তৎপরতা চলতি মাসে পরিলক্ষিত হচ্ছে। এ কারণেই নিরাপত্তার স্বার্থে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

যুক্তরাষ্ট্র সফরে কনা, প্রকাশ পেল নতুন গান ‘ভিজিয়ে দিও না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র সফরে কনা, প্রকাশ পেল নতুন গান ‘ভিজিয়ে দিও না’

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন। দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিক কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘ভিজিয়ে দিও না’।

গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগানে কনসার্টের মাধ্যমে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মোট ১৯টি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

গত শুক্রবার (৩১ জুলাই) মিউজিক আর্ট স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘ভিজিয়ে দিও না’ গানটির মিউজিক ভিডিও। এটি ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশ পেল।

‘বাদলা স্মৃতি’ অ্যালবামে রয়েছে বর্ষাকেন্দ্রিক ছয়টি গান। এতে কনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান সাইক ও পিন্টু ঘোষ। অ্যালবামের সব গানের কথা লিখেছেন আহসান ইমাম। তিনিই গানগুলোর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। অন্যদিকে শান সাইক করেছেন সুর ও সংগীতায়োজন।

অ্যালবামটি নিয়ে গীতিকার ও নির্মাতা আহসান ইমাম বলেন, বাংলাদেশের বর্ষা ও প্রকৃতির সৌন্দর্য থেকেই এই আয়োজনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের বর্ষা ও প্রাকৃতিক দৃশ্য যেন একজন শিল্পীর ক্যানভাস। ‘বাদলা স্মৃতি’র মাধ্যমে গানের কথা, সুর ও দৃশ্যের সমন্বয়ে দেশের বৃষ্টিভেজা ঋতু, মানুষের আবেগ, স্মৃতি, সম্পর্ক ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।”

সুরকার শান সাইক জানান, বর্ষাকালকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই অ্যালবামের পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, “বর্ষার সময় হওয়ায় আমরা বৃষ্টি নিয়ে একটি অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ছয়টি গানের কথাই দারুণ, আর সেগুলোর সঙ্গে মানানসই সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতারা গানগুলো উপভোগ করবেন।”

যুক্তরাষ্ট্র সফরে কনার পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। এরপর ৮ আগস্ট ওকলাহোমা সিটি, ১৪ আগস্ট ডালাস, ২১ আগস্ট হিউস্টন, ২৮ আগস্ট শিকাগো, ২৯ আগস্ট বোস্টন, ৫ সেপ্টেম্বর অরল্যান্ডো, ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি, ১৯ সেপ্টেম্বর মায়ামি, ২০ সেপ্টেম্বর আটলান্টা, ২৬ সেপ্টেম্বর মিশিগান এবং ৩ অক্টোবর নিউইয়র্কে কনসার্টে অংশ নেবেন তিনি।

কালের আলো/এসএ

ঝুঁকি নিয়েই লিটনকে দলে রাখল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ঝুঁকি নিয়েই লিটনকে দলে রাখল বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে লিটন দাসকে দলে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পুরোপুরি চোটমুক্ত না হলেও তার পুনর্বাসনের অগ্রগতি বিবেচনায় নিয়ে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে এই উইকেটকিপার-ব্যাটারকে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লিটনকে পাওয়ার আশা করেছিল বাংলাদেশ। কিন্তু পায়ের পেশির (ক্যাফ) চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেসব সিরিজে খেলতে পারেননি তিনি। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের পুরো সাদা বলের সিরিজও মিস করেন লিটন।

গত রোববার থেকে হালকা দৌড় শুরু করেছেন তিনি। এরপর দুটি ব্যাটিং সেশন সম্পন্ন করে গত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন এই ব্যাটার।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে লিটনের খেলা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির বিশ্বাস, সফরের মধ্যেই পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করে মাঠে ফেরার মতো প্রস্তুতি নিতে পারবেন তিনি।

বিসিবির একটি সূত্র জানায়, “এ ধরনের সিদ্ধান্ত খেলোয়াড়ের ইচ্ছা এবং দলের প্রয়োজনের ওপর নির্ভর করে। লিটনের উন্নতি ভালো হয়েছে এবং মেডিকেল পরীক্ষাতেও বড় কোনো সমস্যা পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে জিম্বাবুয়ে সফরের সময় চোটের কারণে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল লিটনের। তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছে বিসিবি। অস্ট্রেলিয়ায় হাতে থাকা সময়ের মধ্যে তার শারীরিক উন্নতির ওপর নির্ভর করবে প্রথম টেস্টে তার অংশগ্রহণ।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই লিটনকে দলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “শারীরিক বিষয়গুলো যারা দেখেন, তারাই মূল সিদ্ধান্ত দেন। আমরা দক্ষতার দিকটি দেখি। অবশ্যই দলে নেওয়ার ক্ষেত্রে আমার মতামত থাকে, তবে তার আগে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া হয়েছে বলেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

লিটনের চোট ব্যাটিংয়ে কোনো সমস্যা তৈরি করেনি বলেও জানান হাবিবুল বাশার। তার মূল সমস্যা ছিল ক্যাফ ইনজুরি, যার কারণে দ্রুত দৌড়ানো ও টার্ন নেওয়ার সময় অসুবিধা হচ্ছিল।

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও মনে করেন, টেস্ট ক্রিকেটে লিটনের এই চোট তুলনামূলক কম প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, “টেস্ট ম্যাচে সাধারণত তিন-চার রান নেওয়ার ক্ষেত্রে গতি কম থাকে। উইকেটকিপিংয়ের সময়ও তাকে বেশি স্প্রিন্ট করতে হবে না। যদি সে খেলার মতো অবস্থায় থাকে, তাহলে অভিজ্ঞ একজন খেলোয়াড়কে দলে নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক।”

বিসিবি আপাতত পুরোপুরি ঝুঁকিমুক্ত হওয়ার অপেক্ষায় না থেকে সম্ভাব্য লাভের দিকটিকে গুরুত্ব দিয়েছে। প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে লিটনের ফেরার সম্ভাবনা রয়েছে।

অভিজ্ঞ এই ব্যাটারকে দলে রাখার সিদ্ধান্ত দেখাচ্ছে, গুরুত্বপূর্ণ সিরিজে দলের ভারসাম্য ও অভিজ্ঞতাকে কতটা গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

কালের আলো/এসএ

রিয়াল অধ্যায়ের ‘ক্ষত’ ভুলে চেলসিতে নতুন স্বপ্ন দেখছেন জাবি আলোনসো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
রিয়াল অধ্যায়ের ‘ক্ষত’ ভুলে চেলসিতে নতুন স্বপ্ন দেখছেন জাবি আলোনসো

রিয়াল মাদ্রিদে হতাশাজনক অধ্যায় শেষে নতুন উদ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন জাবি আলোনসো। তবে সাবেক ক্লাব লিভারপুল নয়, এবার চেলসির প্রধান কোচ হিসেবে স্ট্যামফোর্ড ব্রিজে নতুন যাত্রা শুরু করেছেন স্প্যানিশ এই কোচ।

অস্ট্রেলিয়ায় চেলসির প্রাক্-মৌসুম সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলোনসো জানান, রিয়াল মাদ্রিদে কাটানো সময়কে তিনি ব্যর্থতা নয়, বরং মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

তিনি বলেন, “ভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, কিন্তু সেটি সেরে গেছে। আমি দারুণ অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছিলাম, তেমনি এই নতুন অধ্যায়ও উপভোগ করতে চাই।”

খেলোয়াড়ি জীবনে লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে সফল ক্যারিয়ার গড়ার পর কোচিংয়ে নাম লেখান আলোনসো। বায়ার লেভারকুসেনকে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতানোর পর বিপুল প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তবে সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর মাত্র সাত মাসের কিছু বেশি সময় দায়িত্ব পালন করেই বিদায় নিতে হয় তাকে। দায়িত্বে থাকাকালে কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তার সম্পর্কের অবনতির গুঞ্জনও ছড়িয়েছিল।

রিয়ালে কাটানো সময়ের মূল্যায়ন করতে গিয়ে আলোনসো বলেন, “পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলো দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও দেখি। আমি নিজেকে সমালোচনার চোখে বিশ্লেষণ করেছি। ভেবেছি, কী করলে আরও ভালো করতে পারতাম, কারণ সবকিছু প্রত্যাশামতো হয়নি।”

তার মতে, রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা তাকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, খেলোয়াড় পরিচালনা এবং কৌশলগত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

চার বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নেওয়া আলোনসোর সামনে এখন ক্লাবটিকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ। গত মৌসুমে তিনজন কোচ বদল করেও প্রিমিয়ার লিগে দশম স্থানে শেষ করেছিল লন্ডনের ক্লাবটি। ফলে আসন্ন মৌসুমে ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় খেলছে না চেলসি।

চেলসিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে আলোনসো বলেন, “সিদ্ধান্তটা মাথা এবং মনের—দুই জায়গা থেকেই এসেছে। আমি মনে করেছি, ক্লাবের জন্যও সময়টা ঠিক ছিল, আমার জন্যও। এটি ভালো একটি সুযোগ।”

নতুন মৌসুমে ২৪ আগস্ট ফুলহামের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে চেলসি। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে জুভেন্টাস, এসি মিলান, জোহর দারুল তাজিম ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে আলোনসোর দল।

কালের আলো/এসএ