খুঁজুন
                               
, ,
           

৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায়

দীর্ঘ পাঁচ সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। গতকাল শুক্রবার সেখানে প্রায় ১ লাখ মুসল্লি সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেছেন। আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি কাটিয়ে ৪০ দিন পর এই প্রথম সেখানে নামাজের অনুমতি দেওয়া হলো।

এর আগে গত বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে যে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপুলকার বৃহস্পতিবার সকাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে আরোপিত বিধিনিষেধের কারণে দীর্ঘ ৪০ দিন এই পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকার বন্ধ ছিল।

শুক্রবার ভোরের আলো ফোটার আগেই আল-আকসা প্রাঙ্গণে ঢল নামে ফিলিস্তিনিদের। পুরুষ, নারী, শিশু এবং বৃদ্ধদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদের চত্বর। দীর্ঘদিনের অনুপস্থিতির পর আবারও মসজিদুল আকসায় ফিরে আসতে পেরে মুসল্লিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অধিকৃত জেরুজালেম এবং ১৯৪৮ সালে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আল-আকসায় সমবেত হন। ভোররাত থেকেই স্বেচ্ছাসেবীদের পরিচালিত বিশেষ কাফেলাগুলো জেরুজালেমের উদ্দেশে রওনা দেয়।

জুমার খুতবায় আল-আকসা মসজিদের খতিব শায়খ মোহাম্মদ সেলিম উপস্থিত মুসল্লিদের আল্লাহর হুকুম পালনে অবিচল থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া গোটা জাতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। এ সময় তিনি মুসল্লিদের প্রতি জেরুজালেমের পুরোনো শহরের স্থানীয় দোকানপাট থেকে কেনাকাটা করার বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, দীর্ঘ অবরোধের কারণে এই শহরের ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো ধর্মীয় ও মানবিক দায়িত্ব।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা অজুহাতে এই ধর্মীয় স্থাপনা দুটি বন্ধ করে দেয়। এর ফলে টানা পাঁচ সপ্তাহ অর্থাৎ ৬, ১৩, ২০ ও ২৭ মার্চ এবং ৩ এপ্রিল ফিলিস্তিনিরা সেখানে কোনো জুমার নামাজ আদায় করতে পারেননি। অবশেষে ১০ এপ্রিল, ষষ্ঠ জুমায় অংশ নেওয়ার সুযোগ পেলেন তারা।

উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর প্রথমবারের মতো আল-আকসায় রমজানের শেষ দশকে ইতিকাফ ও ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা। ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপের প্রভাব পড়েছিল মুসলমানদের এই তৃতীয় পবিত্রতম স্থানেও, যা প্রায় দেড় মাস পর পুনরায় স্বাভাবিক হওয়ার পথে।

সূত্র : আল জাজিরা, আনাদোলু এজেন্সি

কালের আলো/এসএকে

ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

বিএনপি মিডিয়া সেল জানায়, দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এ অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা। এ আসনের মধ্যে রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা ও ঢাকা সেনানিবাসের একাংশ।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুর পাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। উন্নত ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে মৎস্যবীজ উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সরকারি খামারগুলোতে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে উৎপাদন কার্যক্রম আরও টেকসই হবে।’

টাঙ্গাইলে সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন ও খামারের ব্রুড মাছের পুকুরে মাছ পর্যবেক্ষণ এবং খামার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

এ সময় মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানিসম্পদমন্ত্রী

রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের ২৪টি জেলার অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ হলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে কৃষি খাতেও ব্যাপক পরিবর্তন আসবে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

তিনি জানান, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজবাড়ীতে এসে পদ্মা ব্যারেজ নির্মাণকাজের উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে পদ্মা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় পর ২০২৬ সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান সরকার সারা দেশে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত একনেক সভায় পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

কালের আলো/এএইচ/এমএসআইপি