খুঁজুন
                               
, ,
           

বৈশাখের দিনে কোক স্টুডিওর কনসার্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
বৈশাখের দিনে কোক স্টুডিওর কনসার্ট

বছর ঘুরে ফের দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ মানেই বাঙালির হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের নতুন এক উদযাপন। আর এবারের উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত দেশের সংগীতাঙ্গন। নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে জমকালো কনসার্ট।

এবারের বৈশাখী আয়োজনে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। উৎসবের দিন অর্থাৎ ১৪ এপ্রিল বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে গানের এক জাদুকরী আসর।

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ঢাক-ঢোলের তালে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই উন্মুক্ত আয়োজনে অংশ নিতে।

যেহেতু কনসার্টটিতে সবাইকে একসঙ্গে মেতে ওঠার জন্য সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই এটিকে একটি ওপেন কনসার্ট হিসেবেই ধারণা করা হচ্ছে।

কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।

পহেলা বৈশাখের এই আনন্দ শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই। জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুটও এই উৎসবে যোগ দিচ্ছে ভিন্ন মাত্রায়। রক ও লোকসংগীতের অনন্য স্বাদে দর্শকদের মাতাতে এদিন তিনটি পৃথক বিশ্ববিদ্যালয়ে গান শোনাবে ব্যান্ডটি। ১৪ এপ্রিল সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টের আমন্ত্রণে শুরু হবে তাদের প্রথম পরিবেশনা। এরপর বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সেখানে পারফর্ম করবে তারা।

কালের আলো/আরডি/এমডিএইচ

দীপু মনির স্বামীর জানাজা বৃহস্পতিবার বাদ জোহর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
দীপু মনির স্বামীর জানাজা বৃহস্পতিবার বাদ জোহর

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্র ও আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে ইতোমধ্যে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন বর্তমানে কারাবন্দি ডা. দীপু মনি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘প্যারোলে মুক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার সময় মঞ্জুর করেছেন। আবেদন অনুযায়ী তিনি আগামীকাল ভোরে কারাগার থেকে বের হবেন এবং স্বামীর জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় কারাগারে ফিরবেন।’

এর আগে বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মায়ের সঙ্গে দেখা করতে যান দীপু মনির মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। সেখানে প্যারোলে মুক্তির আইনি প্রক্রিয়া ও দাফনের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট রাতে ঢাকা থেকে গ্রেফতার হন ডা. দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু ২২ আগস্ট

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু ২২ আগস্ট

জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহী  মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আগামী ২২ আগষ্ট শনিবার থেকে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

টুর্নামেন্টে  অংশগ্রহণকারী উপজেলা  দলগুলো হলো মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর,তানোর,বাঘা, পুঠিয়া ও চারঘাট।এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজশাহী  সিটি কর্পোরেশন ফুটবল দল।

শনিবার বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। উদ্বোধন শেষে  উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল বাগমারা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটছে। প্রচার প্রচারণার কাজও চলছে। তবে বৃহস্পতিবার থেকে নগরীতে পুরোদমে প্রচার-প্রচারণা শুরু হবে। উপজেলাগুলোতে তারা তাদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছে।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃজাহাঙ্গীর হোসেন জানান,মাঠ প্রস্তুতির কাজ চলছে। প্রচার-প্রচারণার জন্য মাইকিং করা হবে এবং বিলবোর্ড লাগানো হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

নব-নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্ভরযোগ্য ওই সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ