খুঁজুন
                               
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
           

জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

রাজধানীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত বুধবার (২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে এক বিবৃতিতে বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এ দেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ-তে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে, যা জুলাই যোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহীদের রক্ত ও গোটা জাতির সঙ্গে বেইমানি।’

তিনি আরও বলেন, এজন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায়ে সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের প্রতি আমরা ২৫ এপ্রিলের (আজ) জাতীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছি।

কালের আলো/ এসাআর/এএএন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব স্বর্ণের দামে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব স্বর্ণের দামে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। এছাড়া নতুন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান কেভিন ওয়ার্শের প্রথম নীতিনির্ধারণী বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় অপরিবর্তিত রয়েছে মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্সের

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,৩৩১.২৯ ডলারে স্থির ছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ কমে ৪,৩৫১.৪০ ডলারে নেমে আসে। গত সোমবার স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৪,৩৭০.৮২ ডলারে উঠেছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি অন্তর্বর্তী চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। পাশাপাশি এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরিত হলে ইরান আবারও তেল বিক্রির অনুমতি পাবে।

ইরানের তেল সরবরাহ বাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় তেলের দাম তিন মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। এতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণের সাম্প্রতিক ঊর্ধ্বগতি কিছুটা গতি হারিয়েছে। কারণ এখন সবার নজর ফেডের মুদ্রানীতি ঘোষণার দিকে। কেভিন ওয়ার্শের নেতৃত্বে এটি প্রথম এফওএমসি বৈঠক।

তার কড়াকড়ি নীতির ইতিহাস, বাড়তে থাকা মূল্যস্ফীতি এবং হোয়াইট হাউসের সুদ কমানোর চাপ—এসবের মধ্যে তিনি কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা রয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডের অধিকাংশ নীতিনির্ধারক চলতি বছরজুড়ে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে থাকবেন। তবে মূল্যস্ফীতি আরও বাড়লে তা নিয়ন্ত্রণে রাখতে কিছু সদস্য সুদহার বৃদ্ধির পক্ষে মত দিতে পারেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদহার বৃদ্ধির সম্ভাবনা এখন ৫৯ শতাংশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা আসার আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৭০ শতাংশ। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা আয় পাওয়া যায় না।

স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভারের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭০.০৫ ডলারে নেমেছে। প্লাটিনাম ০.৭ শতাংশ কমে ১,৭৯২.০৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৮ শতাংশ কমে ১,৩৪১.২৩ ডলারে লেনদেন হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় করা চাঞ্চল্যকর মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে  আবির মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক।

কালের আলো/এসআর/এএএন

সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা

সকাল থেকে আষাঢ়ের বৃষ্টিস্নাত সিলেট। বৃষ্টি উপেক্ষা করেও রাস্তার দু’পাশে ছিল নেতাকর্মীদের দীর্ঘ সারি। সেই সারিতে অংশ নিয়েছেন সিলেটের চা-বাগানের শ্রমিকরাও। প্রধানমন্ত্রী আসবেন, তাই ফুল হাতে অপেক্ষায় ছিলেন তারা।

একদিকে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা ঝরছে, কখনও থামছে, কখনও অঝোর ধারায় বইছে বৃষ্টি। তারপরও নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দু’পাশ ছাড়েননি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাকে অভ্যর্থনা জানাতে তাদের ছিল দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে তিনি এলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানালেন উপস্থিত জনতাকে। এ সময় চা শ্রমিকদের ছিল ব্যতিক্রমী আয়োজন-‘ফুলবৃষ্টি’। প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিলে লাক্কাতুড়া চা-বাগান এলাকা অতিক্রমকালে তার বহনকারী লাল-সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান চা শ্রমিকরা। তাদের এ আয়োজন দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

সরেজমিনে দেখা যায়, বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দর এলাকা অতিক্রম করে চৌকিদেখি পয়েন্টে পৌঁছালে সবুজ চা-বাগানের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন লাক্কাতুড়া চা-বাগানের শ্রমিকরা। বৃষ্টিকে উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়িবহরে ফুল ছিটিয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সিলেট নগরের পথে পথে বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাগত জানাতে রাজপথে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালও।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার সফরকে ঘিরে সিলেট বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিন সকাল ১০টা ১৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে তাকে শুভেচ্ছা জানান সিলেট বিভাগের মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতারা। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/এএএন