খুঁজুন
                               
, ,
           

‘গুজব’ ছড়ানোর হাতিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম

কালের আলো রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
‘গুজব’ ছড়ানোর হাতিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম

সামাজিক যোগাযোগমাধ্যমকে দীর্ঘদিন ধরে ‘গুজব’ ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক, ব্যবসায়িক ও ব্যক্তিগত ফায়দা হাসিলে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো, মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানি করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এতে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠীতে কিংবা এলাকাভিত্তিক দাঙ্গা বেধে যায়। ভয়াবহ সংকট তৈরি হয়। মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে।

প্রতিনিয়তই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ গুজবের শিকার হচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে বসে একটি চক্র এটা করছে। এছাড়া কিছু সংবাদমাধ্যমে তথ্য যাচাই না করে ভিত্তিহীন সংবাদ প্রকাশ পাচ্ছে। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের আদলে কার্ড বানিয়ে ভুয়া তথ্যও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

কয়েকদিন আগে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে সাক্ষাতে তথ্যমন্ত্রী ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য, ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। ২৭ এপ্রিল সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘অপতথ্য ও ভুল তথ্য সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এটি এখন যুদ্ধে পরিণত হয়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও নানা গুজব ছাড়ানোর ঘটনা নতুন কিছু নয়। টিকা রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ হলেও এটি নিয়েও গুজব ছড়ানো হয়। গুজবের কারণে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। গুজবের শিকার হয়ে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ছে শারীরিক স্বাস্থ্যের ওপরও। ইসলামে গুজব একটি মারাত্মক সামাজিক ব্যাধি বলা হলেও ইসলামি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গুজবে লিপ্ত হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

মনোশিক্ষাবিদ অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, গুজব ছড়ানো এক ধরনের অপরাধ। যারা গুজব ছড়ান তারা অপরাধ করেন। সব ধর্মেও এ বিষয়ে নিষেধ আছে। যারা গুজব ছড়ায় তারা যে শুধু ‘অ্যান্টিসোস্যাল পারসোনালিটি ডিজঅর্ডার’-এর রোগী শুধু তাই নয়। তবে ‘অ্যান্টিসোশ্যাল পারসোনালিটি ডিজঅর্ডার’ রোগীদের মধ্যে গুজব ছড়ানোর প্রবণতা বেশি থাকে। তাদের মধ্যে যে রকম নির্মমতা নিষ্ঠুরতা বেশি থাকে তেমনি গুজব ছড়ানোর প্রবণতাও বেশি থাকে। গুজব সরিয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়।

কালের আলো/এম/এএইচ

সরকারি প্লট আত্মসাৎ

সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শুরু হয়নি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শুরু হয়নি

আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। বুধবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে এদিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল।

তবে এদিন কোনো সাক্ষী আদালতে না আসায় দুদক সময় আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

এর আগে গত ৬ জুলাই একই আদালত আসামিদের করা অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ জুলাই দিন ধার্য করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক, মোহাম্মদ আব্দুল মঈন, ইফফাত হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

আসামিদের মধ্যে সালাম মুর্শেদী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। মামলার আসামিদের মধ্যে পলাতক আছেন মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার, রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান। বাকিরা জামিনে আছেন।
এদিন দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর শামীম হোসেন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, বোরহান উদ্দিন, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম প্রমুখ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত থাকা সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন।

পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

শেষ একনেক সভায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
শেষ একনেক সভায় মির্জা ফখরুল

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় শেষবারের মতো অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা শুরু হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল অংশ নেন।

সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। একটি প্রকল্পে সংস্থার নিজস্ব অর্থায়নও রয়েছে।

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা মেডিকেল কলেজের অনুপযোগী স্থাপনা পুনর্নির্মাণ, ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল ভবন নির্মাণের সংশোধনী, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনা, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ধরলা নদীর ডান তীর সংরক্ষণ, সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণ এবং তুরাগ নদ ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড সংরক্ষণ প্রকল্প।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ, জামালপুরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ডেসকোর এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবও সভায় উপস্থাপন করা হয়েছে।

সভায় প্রকল্পগুলোর ব্যয়, অর্থায়ন কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

বোরহাম উডের হয়ে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
বোরহাম উডের হয়ে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য ইংল্যান্ড থেকে এল দারুণ এক খবর। বোরহাম উডের হয়ে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই গোল ও অ্যাসিস্ট করে আলো কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ।

ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলকে ৫–২ গোলে হারিয়েছে বোরহাম উড। ম্যাচে ফারহান করেছেন দলের হয়ে একটি গোল, পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেছেন।

৪১ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে বোরহামের হয়ে নিজের প্রথম গোল করেন ১৯ বছর বয়সী এই লেফট উইঙ্গার। প্রথমার্ধের যোগ করা সময়ে তাঁর তৈরি করা সুযোগ থেকেই তারান আল্লারাখিয়া গোল করেন।

তবে ফারহানের ব্যক্তিগত নৈপুণ্যের সবচেয়ে নজরকাড়া মুহূর্ত আসে ৮২ মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড় শুরু করে লিডসের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ফুটওয়ার্কে দুবার কাটিয়ে শট নেন তিনি। তবে লিডস গোলরক্ষক কুক অসাধারণ রিফ্লেক্সে সেই শট ঠেকিয়ে দেন।

ম্যাচ শেষে বোরহাম উডের ওয়েবসাইটে ফারহানের প্রশংসা করে বলা হয়েছে, প্রথম ম্যাচেই তিনি দারুণ চমক দেখিয়েছেন। বল পায়ে তাঁর সাবলীল দৌড়, বুদ্ধিদীপ্ত ছোট পাস এবং বল হারানোর পর দ্রুত তা পুনরুদ্ধারের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পর অনূর্ধ্ব-২১ দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করেন। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মাসের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।

চলতি মাসের শুরুতে ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন ফারহান। ২০২৬–২৭ মৌসুমের পুরোটা তিনি এই ক্লাবেই খেলবেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের জন্য তাই বোরহাম উডের অভিষেকটা শুধু ব্যক্তিগত সাফল্য নয়—বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যও হতে পারে আশাবাদের নতুন গল্প।

কালের আলো/এসএ