খুঁজুন
                               
, ,
           

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ ঘোষণা

নানান আলোচনা-সমালোচনা শেষে অবশেষে উন্মোচন হতে যাচ্ছে গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ৫ আগস্ট সকাল ৯টায় জুলাই জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) গণমাধ্যমকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস এ তথ্য জানান।

এর আগে জাদুকর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় দিয়েছেন।

বাকস্বাধীনতা হরণ ও লাগামহীন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়। সেদিন গণভবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে জনতার ক্ষোভ, আর স্বৈরশাসকের বাসভবন চলে যায় ছাত্র-জনতার দখলে।

এরপর বহু মানুষের চোখের পানির সাক্ষী সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। ৫ আগস্টের নানা স্মৃতিচিহ্ন, জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, বিভিন্ন স্মারক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা উপকরণ সংরক্ষণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি গত ১৭ বছরে স্বৈরাচারী শাসনের বিভিন্ন নিদর্শনও এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

তবে বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে নির্মাণ ঘিরে নানামুখী দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ফলে জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জনমনে।

অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। বর্তমান সরকার ঘোষণা দিয়েছে, আগামী ৫ আগস্ট জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালনকারী সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা মানুষের সামনে তুলে ধরতেই জাদুঘরটি সাজানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে।

কালের আলো/এসএকে

২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড, স্বল্পদৈর্ঘ্য নির্মাতাদের জন্য দারুণ সুযোগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড, স্বল্পদৈর্ঘ্য নির্মাতাদের জন্য দারুণ সুযোগ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। নতুন পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড দেবে সংগঠনটি।

অ্যাসেন কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’ আয়োজন করছে অ্যাডফা। ‘দিস ইজ ইউর শট’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে নির্বাচিত হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প। প্রতিটি প্রকল্পের জন্য দেওয়া হবে নির্ধারিত প্রোডাকশন ফান্ড। পাশাপাশি নির্বাচিত নির্মাতারা পাবেন অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ।

চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, এই উদ্যোগের লক্ষ্য কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। তাঁর মতে, নতুন গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন শুধু সুযোগ ও সহযোগিতা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন। প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই ফিকশন হতে হবে এবং দৈর্ঘ্য হতে হবে ৫ থেকে ১৫ মিনিট।

গল্পের ভাষা নিয়ে থাকছে না কোনো বাধ্যবাধকতা। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় প্রকল্প জমা দেওয়া যাবে। একইভাবে গল্পের ঘরানার ক্ষেত্রেও থাকছে না কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা।

আবেদনের জন্য একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে- চলচ্চিত্রের শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১ হাজার শব্দের মধ্যে পূর্ণাঙ্গ গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টরস নোট, জনর ও সম্ভাব্য দৈর্ঘ্য, আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য

এর পাশাপাশি চাইলে ভিজ্যুয়াল রেফারেন্স ও নির্মাতার আগের কাজের লিংকও যুক্ত করা যাবে।

প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গল্প বলার শক্তি, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে কাজটি বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচিত পাঁচ নির্মাতা শুধু অর্থসহায়তাই পাবেন না, মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগও পাবেন। ফলে নতুন নির্মাতাদের জন্য নিজেদের গল্প ও নির্মাণশৈলী তুলে ধরার এটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬।

কালের আলো/এসএ

ডারউইনের পর ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ঘিরে উত্তেজনা, ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
ডারউইনের পর ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ঘিরে উত্তেজনা, ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ যে চমক দেখিয়েছে, তার প্রভাব এবার দেখা যাচ্ছে ম্যাকাইয়েও। প্রথম টেস্টে বাংলাদেশের দাপুটে জয়ের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে অস্ট্রেলিয়ার দর্শকদের আগ্রহও বেড়ে গেছে।

আগামী শনিবার ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাচের প্রথম দিনের সাধারণ শ্রেণির সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়াকে বাংলাদেশ–অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে বাড়তে থাকা আগ্রহের বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

ডারউনে হারের পর সিরিজে টিকে থাকতে ম্যাকাই টেস্টে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ফলে ম্যাচটি ঘিরে স্থানীয় দর্শকদের আগ্রহ তৈরি হওয়াটা স্বাভাবিক। প্রথম দিনের টিকিট শেষ হলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’-এর প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষ হয়ে আসছে। প্রথম দিনের সাধারণ আসনের পাশাপাশি ওই দিনের করপোরেট হসপিটালিটি প্যাকেজও বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যর্থতার পর দলটির পারফরম্যান্স নিয়ে দেশটির ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ম্যাকাই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড।

অন্যদিকে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বেড়েছে। ডারউইনে চার দিনজুড়ে দারুণ ক্রিকেট খেলে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম ম্যাচেই এমন সাফল্য পেয়েছে নাজমুল হোসেনের দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়েরা দাপট দেখিয়েছেন।

এখন তাই ম্যাকাই টেস্ট শুধু সিরিজের দ্বিতীয় ম্যাচ নয়, দুই দলের জন্যই আলাদা গুরুত্ব বহন করছে। অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজে সমতা ফেরানো, আর বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ—অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের।

কালের আলো/এসএ

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরে ঢালিউডে নানা গুঞ্জন ছড়াচ্ছিল। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবরের পাশাপাশি কোথাও কোথাও দাবি করা হয়, এরই মধ্যে বিয়েও সেরে ফেলেছেন তিনি। এত দিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা জানান, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে যাচাই না করে তাঁকে নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

পূজা লিখেছেন, কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে সংবাদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় বিব্রত ও দুঃখিত বলেও জানান এই অভিনেত্রী।

বিয়ের গুঞ্জনের জবাবে পূজা স্পষ্ট করে বলেন, ‘বারবার বলতে চাই—আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের আলোচনা এবং ঘনিষ্ঠদের বরাতে বিয়ে হয়ে যাওয়ার দাবির কথাও উঠে আসে। তবে তখন পূজার বক্তব্য পাওয়া যায়নি। ফলে ওই খবরের সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি।

এবার নিজের ফেসবুক পোস্টে আগের একটি সাক্ষাৎকারের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন পূজা। সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি।

বর্তমানে ক্যামেরার সামনে তাঁর অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। পূজার ভাষ্য, তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত তাঁকে নিয়মিত শুটিং বা ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যাচাইহীন সংবাদ প্রকাশের বিষয়টি অবশ্য ভালোভাবে নেননি পূজা। নিজের পোস্টে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, কারও সম্পর্কে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের শামিল হতে পারে।

পূজা সতর্ক করে বলেন, তাঁর নীরবতাকে যদি কেউ ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করেন, তাহলে নিজের আইনি অধিকার রক্ষায় তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে।

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান এই অভিনেত্রী। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা এবং দর্শক-ভক্তদের ভালোবাসার প্রতি নিজের সম্মানের কথাও জানিয়েছেন তিনি।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে পরিচিতি পান ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কালের আলো/এসএ