জন্মদিনের চার দিন আগে মারা গেলেন অভিনেত্রী
জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘হিরোস’, ‘ন্যাশভিল’ ও ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের আর নেই। ৩৬ বছর বয়সে মারা গেছেন তিনি। আগামী ২১ আগস্ট তাঁর ৩৭তম জন্মদিন ছিল। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর প্রতিনিধি।
অভিনেত্রীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে তাঁর মৃত্যুর পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে প্যানেটিয়েরের প্রতিনিধি বলেন, হেইডেন ছিলেন এমন একজন মানুষ, যিনি তাঁর পরিচিতদের জীবন এবং পর্দায় তাঁকে দেখা লাখো দর্শকের মাঝে ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা প্যানেটিয়ের পরবর্তী সময়ে ‘হিরোস’ সিরিজে ক্লেয়ার বেনেট চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান। ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয়ের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব মনোনয়নও পেয়েছিলেন। ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজিতেও তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে।
ব্যক্তিজীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে প্যানেটিয়েরকে। মদ্যপান ও আসক্তির সঙ্গে তাঁর দীর্ঘ লড়াইয়ের কথা তিনি নিজেই প্রকাশ্যে জানিয়েছিলেন। এ বছরের মে মাসে প্রকাশিত তাঁর স্মৃতিকথা ‘This Is Me: A Reckoning’-এ মাতৃত্ব, প্রসব-পরবর্তী বিষণ্নতা, আসক্তি ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।
২০২৩ সালে তাঁর ছোট ভাই ও অভিনেতা জ্যানসেন প্যানেটিয়ের ২৮ বছর বয়সে মারা যান। ভাইয়ের আকস্মিক মৃত্যু হেইডেনের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তাঁর নিজের জীবনের সংগ্রাম এবং ভাইকে হারানোর বেদনা সাম্প্রতিক বছরগুলোতে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারেও উঠে এসেছিল।
প্যানেটিয়েরের মৃত্যুতে হলিউডে শোক নেমে এসেছে। ৩৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু ভক্ত ও সহকর্মীদের জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array