দীর্ঘদিন বন্দিজীবনের পর দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সোমবার (৩১ আগস্ট) তাদের ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে প্রত্যাবাসন করা হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৭টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রত্যাবাসন কার্যক্রম তদারক করতে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিল। তারা দেশে ফেরার অপেক্ষায় থাকা অভিবাসীদের প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, এসব বাংলাদেশি ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অনিয়মিত পথে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক বাংলাদেশি প্রাণ হারানো, নিখোঁজ, জিম্মি কিংবা আটকের শিকার হচ্ছেন।
লিবিয়ায় আটক অন্যান্য বাংলাদেশি নাগরিকদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনতে দূতাবাস কাজ করছে। বিশেষ করে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা এবং প্রত্যাবাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে।
এদিকে, দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত পথে বিদেশ না যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array