খুঁজুন
                               
, ,
           

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাম্প্রতিক অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সামঞ্জস্য নেই বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশনকে আবারও রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্যই বিএনপি সরকার দুদকের সংস্কার প্রক্রিয়া বাতিল করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা বলেন, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল এবং পরবর্তীতে ১৫০ জন কর্মকর্তার পদায়নের ঘটনাকে দুদক যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করেছে, তা প্রকৃত ঘটনার ভিন্ন ব্যাখ্যা। পুরো বিষয়টি আদালতের রায় বাস্তবায়ন এবং এরপর নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আদালতের রায়ের কারণেই তাদের নবম গ্রেডের চলতি দায়িত্ব বাতিল করে দশম গ্রেডের মূল পদে ফিরিয়ে নেওয়া হয়। এরপর ওই ৩৮টি পদসহ বিদ্যমান শূন্য পদে পদোন্নতির জন্য পিএসসির মতামত চাওয়া হয়। জ্যেষ্ঠতার তালিকা, সার্ভিস রেকর্ড, এসিআর ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনার জন্য পিএসসিতে পাঠানো হয়। পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় এই প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের নিজস্বভাবে কাউকে পদোন্নতি দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, পিএসসি জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি তালিকা তৈরি করে সুপারিশ করে এবং মন্ত্রণালয় সেই জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী তাদের পদোন্নতি দেয়।

আদালতের রায় বাস্তবায়ন এবং পিএসসির পদোন্নতি প্রক্রিয়ায় নিজের ব্যক্তিগত কোনো ভূমিকা ছিল না বলেও জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, এ দুটি প্রক্রিয়ার কোনোটিতেই আমার ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকার সুযোগ ছিল না। একটি আদালতের, আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের।

দুদক মুখপাত্রের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিপিনেতা আসিফ মাহমুদ বলেন, দুদকের মুখপাত্র যদি ২৪ ঘণ্টার মধ্যে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার না করেন এবং গণমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার না করেন, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব।

একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব নথি ও তথ্য পর্যালোচনার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, সত্যতা উদঘাটনের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি।

প্রসঙ্গত, ২০২১ সালে ১০ম গ্রেডের ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি ছাড়াই ৯ম গ্রেডের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই আদেশ আদালতে চ্যালেঞ্জ করা হলে ২০২৫ সালে আদালত তা অবৈধ ঘোষণা করেন। সে সময় ১১২ জনের মধ্যে ৩৮ জন চলতি দায়িত্বে ছিলেন। বাকিরা ইতোমধ্যে অবসরে গিয়েছিলেন অথবা নিয়মিত পদোন্নতি পেয়েছিলেন। আদালতের রায় অনুসারে ওই ৩৮ জনকে চলতি দায়িত্ব বাতিল করে মূল পদে ফিরিয়ে দেওয়া হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

‘ভলিউম’ থেকে ‘ভ্যালু’তে যেতে চায় পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
‘ভলিউম’ থেকে ‘ভ্যালু’তে যেতে চায় পোশাক খাত

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এখনো মূলত মৌলিক বা ‘বেসিক’ পণ্যের ওপর নির্ভরশীল। টি-শার্ট, প্যান্ট, সোয়েটার, ইননারওয়্যার ও শিশুদের পোশাকের মতো পণ্যের রপ্তানি বেশি হলেও তুলনামূলক উচ্চমূল্যের ও বৈচিত্র্যময় পোশাকের বাজারে বাংলাদেশের অংশ এখনো সীমিত। ফলে বিশ্ববাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্যে বৈচিত্র্য আনা পোশাক খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

ক্যালেন্ডার বছর ২০২৫-এর পোশাক রপ্তানির তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৩৮.৮২৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে। একই সময়ে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে পোশাক রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪২৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) ইপিবি ও আইটিসির ট্রেড ম্যাপের তথ্য বিশ্লেষণ করে এই তুলনা করেছে।

বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৭৬.৯৪ শতাংশই বেসিক ক্যাটাগরির পণ্য। অন্যদিকে বিশ্ব পোশাক বাণিজ্যে এসব পণ্যের অংশ ৬১.৫৮ শতাংশ। অর্থাৎ বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের রপ্তানি ঝুড়ি বেসিক পণ্যের ওপর প্রায় ১৫ শতাংশীয় পয়েন্ট বেশি নির্ভরশীল।

প্যান্ট ও টি-শার্টে বেশি নির্ভরতা

বাংলাদেশের পোশাক রপ্তানিতে সবচেয়ে বড় অংশ বটমওয়্যারের। মোট রপ্তানির ৩৩.৬৮ শতাংশ আসে প্যান্টজাতীয় পোশাক থেকে। বিশ্ববাজারে এ ধরনের পণ্যের অংশ ২১.৬৮ শতাংশ। একইভাবে বাংলাদেশের পোশাক রপ্তানির ১৮.৬৪ শতাংশ আসে টি-শার্ট থেকে, যেখানে বিশ্ববাজারে এ হার ১০.০৯ শতাংশ।

তবে ছোট অ্যাক্সেসরিজের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিপরীত। বিশ্ব পোশাক বাণিজ্যে এ ধরনের পণ্যের অংশ ৭.৫২ শতাংশ হলেও বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে তা মাত্র ০.৩৫ শতাংশ।

বেসিক ও উচ্চমূল্যের পণ্যের মাঝামাঝি ‘সেমি-বেসিক’ ক্যাটাগরির শার্ট ও ব্লাউজ বাংলাদেশের পোশাক রপ্তানিতে ১০.৩৩ শতাংশ অবদান রাখে। বিশ্ববাজারে এ হার ৭.৩৮ শতাংশ।

উচ্চমূল্যের পোশাকে বড় ব্যবধান

আউটারওয়্যার, ড্রেস, টেকনিক্যাল ওয়্যার, স্পোর্টসওয়্যার ও স্যুট—এই পাঁচ ধরনের পণ্যকে উন্নত বা ‘অ্যাডভান্সড’ ক্যাটাগরিতে ধরা হয়েছে। এসব পণ্যের সম্মিলিত অংশ বাংলাদেশের পোশাক রপ্তানিতে মাত্র ৯.৩৫ শতাংশ। অথচ বিশ্ব পোশাক বাণিজ্যে এ ধরনের পণ্যের অংশ ৩০.৪৬ শতাংশ।

সবচেয়ে বড় ব্যবধান আউটারওয়্যারে। বিশ্ববাজারে মোট পোশাক রপ্তানির ১৩.৪৫ শতাংশ আসে এ ক্যাটাগরি থেকে। বাংলাদেশে এ হার মাত্র ৩.৮৩ শতাংশ।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানি দীর্ঘদিন ধরেই বেসিক পণ্যের ওপর নির্ভরশীল। টি-শার্ট, প্যান্ট ও সোয়েটারের মতো পণ্যে দেশের উৎপাদন সক্ষমতা ও অভিজ্ঞতা বেশি হলেও বিশ্ববাজারের চাহিদা দ্রুত পরিবর্তন হচ্ছে।

তার মতে, শুধু একই ধরনের পণ্যের পরিমাণ বাড়িয়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। আউটারওয়্যার, স্পোর্টসওয়্যার, টেকনিক্যাল ওয়্যার, ড্রেস ও অন্যান্য উচ্চমূল্যের পোশাকে বাংলাদেশের বড় সুযোগ রয়েছে।

তিনি বলেন, এখন লক্ষ্য হওয়া উচিত শুধু বেশি পরিমাণ পোশাক রপ্তানি নয়, বরং বেশি মূল্য সংযোজন করা। এজন্য পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি সিনথেটিক ও নন-কটন পোশাক, টেকনিক্যাল টেক্সটাইল, স্পোর্টসওয়্যারসহ বিশেষায়িত পণ্যের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।

মহিউদ্দিন রুবেলের ভাষায়, পোশাক খাতের কৌশল এখন ‘ভলিউম’ থেকে ‘ভ্যালু’র দিকে নেওয়া প্রয়োজন। উচ্চমূল্যের পোশাকের বাজারে অবস্থান শক্ত করতে পারলে একই পরিমাণ পণ্য রপ্তানি করেও বেশি রপ্তানি আয় করা সম্ভব হতে পারে।

এদিকে বাংলাদেশের মোট রপ্তানি ও বিভিন্ন এইচএস-৬ পণ্যের হিসাবের মধ্যে ৩.৩৮ শতাংশ বা প্রায় ১.৩১৩ বিলিয়ন ডলারের একটি অংশের পূর্ণ মিল পাওয়া যায়নি। বিএভির বিশ্লেষণ অনুযায়ী, এটি ইপিবির দুই ও ছয় ডিজিটের হিসাবের মধ্যকার একটি ব্যবধান। বিশ্ববাজারের ক্ষেত্রে এ ব্যবধান প্রায় ০.৫৯ শতাংশ, যা মূলত রাউন্ডিংয়ের সঙ্গে সম্পর্কিত।

কালের আলো/এমএসআইপি 

সরকারি বাসা বরাদ্দে ম্যানুয়াল প্রক্রিয়া বন্ধ, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
সরকারি বাসা বরাদ্দে ম্যানুয়াল প্রক্রিয়া বন্ধ, আবেদন অনলাইনে

অনিয়ম ও দুর্নীতি রোধে সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বাসা বরাদ্দের পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়া হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে বাসা বরাদ্দে অনিয়ম ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৭ সেপ্টেম্বর অনলাইন পদ্ধতিতে সরকারি বাসার জন্য আবেদন করার কথা জানানো হয়েছে। এর মাধ্যমে পরিদপ্তরের আওতাধীন সরকারি বাসাগুলো পর্যায়ক্রমে অনলাইন ব্যবস্থায় বরাদ্দ দেওয়া হবে।

আবাসন সংকটে ভোগান্তি

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীর তুলনায় সরকারি বাসার সংখ্যা খুবই কম। বর্তমানে রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজারের কিছু বেশি। বিপরীতে সরকারি আবাসন পরিদপ্তরের সব শ্রেণি মিলিয়ে বাসা বরাদ্দের সক্ষমতা ১৯ হাজার ৯১টি। অর্থাৎ মোট সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাত্র ৭ দশমিক ৫৪ শতাংশকে সরকারি বাসা দেওয়ার সক্ষমতা রয়েছে পরিদপ্তরের।

এই সীমিত আবাসনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি বাসা পেতে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে আজিমপুর, মতিঝিল ও ইস্কাটন এলাকায় চাহিদা সবচেয়ে বেশি।

পরিদপ্তর সূত্র জানায়, আজিমপুর এলাকায় মাসে গড়ে ৮ থেকে ১০টি বাসা খালি হয়। অথচ এসব বাসার বিপরীতে গড়ে ৭০০টির বেশি আবেদন জমা পড়ে। ফলে একটি বাসা খালি হওয়ার পর তা বরাদ্দ পেতে আবেদনকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়।

দালাল সিন্ডিকেটের অভিযোগ

সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি বাসার সংখ্যা কম হওয়ায় দীর্ঘদিন ধরে একটি দালাল সিন্ডিকেট সক্রিয় রয়েছে। বাসা বরাদ্দে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে সিন্ডিকেটটি বাসা বরাদ্দ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

তাদের আরও অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের পথে না গেলে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত বাসা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ভোগান্তি তৈরি হয়েছে।

২০২০ সালেই তৈরি হয়েছিল অনলাইন সক্ষমতা

সরকারি আবাসন পরিদপ্তর সূত্র জানায়, ২০২০ সালেই অনলাইন বা ডিজিটাল প্রক্রিয়ায় বাসা বরাদ্দ দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছিল। তবে নানা চাপ ও অভ্যন্তরীণ জটিলতার কারণে এতদিন এটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন পদ্ধতি চালু হলে আবেদন, যাচাই ও বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে ম্যানুয়াল প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ কমে আসবে এবং দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যও কমবে বলে তারা আশা করছেন।

গ্রেডভিত্তিক বাসা বরাদ্দ

সরকারি আবাসন পরিদপ্তরের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন গ্রেড অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা রয়েছে। এর মধ্যে সচিব ভবনে গ্রেড-১ ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১১৪টি ফ্ল্যাট রয়েছে।

গ্রেড-৩ তথা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সুপিরিয়র শ্রেণিতে রয়েছে ৫৫৪টি বাসা। গ্রেড-৫ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য এফ শ্রেণিতে ১ হাজার ৪৭৭টি, গ্রেড-৬ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ই-শ্রেণিতে ১ হাজার ৪৭০টি বাসা রয়েছে।

এ ছাড়া ৭, ৮ ও ৯ গ্রেডের কর্মচারীদের জন্য ডি-১ শ্রেণিতে ২ হাজার ৩৮২টি, ১০, ১১ ও ১২ গ্রেডের জন্য ডি-২ শ্রেণিতে ৪ হাজার ৪৭০টি এবং ১৩ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৭ হাজার ২৩২টি বাসা রয়েছে। এর বাইরে অস্থায়ী (পূর্ণ ও নির্ধারিত ভাড়া) এবং অস্থায়ী (একক আসন) শ্রেণির কিছু বাসাও রয়েছে।

অনলাইন পদ্ধতিতে সরকারি বাসা বরাদ্দের এ উদ্যোগকে দীর্ঘদিনের দাবি পূরণের পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের প্রত্যাশা, নতুন ব্যবস্থায় বাসা বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং অনিয়মের সুযোগ কমবে।

কালের আলো/এমএসআইপি 

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি এরদোগানের

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিয়ে আবারও ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপক স্বীকৃতির আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এ সময় তিনি বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার মূল দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হচ্ছে বলে অভিযোগও করেছেন। একই সঙ্গে জাতিসংঘের প্রভাবশালী নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

নিরাপত্তা পরিষদকে আরও বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল সংস্থায় রূপান্তর করার জন্য বহু বছর ধরেই জোরালো দাবি জানিয়ে আসছেন এরদোগান।

জাতিসংঘে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের এটি মেনে নেওয়া উচিত, ১৯০টিরও বেশি দেশের সার্বিক ইচ্ছাকে মাত্র ৫টি দেশের খেয়ালখুশির ওপর জিম্মি করে রাখার যে ব্যবস্থা, তা কোনোভাবেই ন্যায়সংগত হতে পারে না। এই ব্যবস্থা বিশ্বের মানুষের পূর্ণ আস্থা অর্জনেও পুরোপুরি ব্যর্থ।

এরদোয়ান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল লক্ষ্য নিয়ে ৮১ বছর আগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমানে সংস্থাটি সেই মিশন বা উদ্দেশ্য পূরণে চরমভাবে ব্যর্থ হচ্ছে। সংস্থাটিকে কার্যত অকার্যকর করে ফেলা হয়েছে।

গাজায় চলমান সংকট ও মানবিক বিপর্যয়ের কঠোর সমালোচনা করে এরদোগান বলেন, যাদের হৃদয়ে বিন্দুমাত্র মনুষ্যত্ব, সমবেদনা ও দয়া রয়েছে এবং যাদের সামান্যতম ন্যায়বিচার ও বিবেকের বোধ রয়েছে, তাদের পক্ষে সেখানে যা ঘটছে তার প্রতি চোখ বন্ধ রাখা কোনোভাবেই সম্ভব নয়।

ফিলিস্তিনি নেতাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের বাধার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পর পর দুই বছর ধরে সাধারণ পরিষদের এই হলে নিজের নির্ধারিত আসনে বসতে পারেননি।

আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ওপর চালানো এই অসামঞ্জস্যপূর্ণ অবিচার পুরো বিশ্ববিবেককে গভীরভাবে আঘাত করে।

যেসব দেশ এখন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, সেগুলোকে অবিলম্বে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানান এরদোগান।

একই সঙ্গে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

গাজার বর্তমান পরিস্থিতিকে ‘‘আমাদের সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক আটক শিবির’’ হিসেবে আখ্যায়িত করেন তুরস্কের এই প্রেসিডেন্ট।

ন্যাটো সদস্য দেশ তুরস্ক গাজায় হামলা ও আগ্রাসনের জন্য শুরু থেকেই ইসরায়েলের অন্যতম সমালোচক হিসেবে ভূমিকা রাখছে।

আঙ্কারার অভিযোগ, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান স্পষ্টতই গণহত্যার শামিল।

দেশটি বারবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে আসছে। যদিও গণহত্যার সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে বর্বর  ইসরায়েল।

কালের আলো/আরডি/এমডিএইচ