খুঁজুন
                               
, ,
           

একটি গানও স্বৈরতন্ত্রের ভিত কাঁপাতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
একটি গানও স্বৈরতন্ত্রের ভিত কাঁপাতে পারে: রিজভী

রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন সফল করতে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাংস্কৃতিক শক্তি কখনো কখনো পরমাণু বোমার চেয়েও শক্তিশালী হয়ে স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দিতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘একজন নেতার কথা বলছি’ শীর্ষক নতুন গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক আন্দোলন সাংস্কৃতিক বাহিনী ছাড়া চূড়ান্ত সফলতা পেতে পারে না। একটি গান বা গানের কয়েকটি চরণও সমাজ ও রাষ্ট্রে বড় ধরনের পরিবর্তনের ঢেউ তুলতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক বিপ্লবের ইতিহাসেও সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি বলেন, সাংস্কৃতিক কর্মীরা আন্দোলন-সংগ্রামের অগ্রসেনানী। তারা সুসংগঠিত না থাকলে কোনো আন্দোলনের লক্ষ্য অর্জন করা কঠিন।
ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে কয়েকজন শিল্পীর সমালোচনা করে রিজভী বলেন, শিল্পী হলেই কেউ মানবতাবাদী বা উদার মনের হবেন—এমন নিশ্চয়তা নেই। ইতিহাসে স্বৈরশাসক ও ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের অনেকের সম্পৃক্ততার উদাহরণ রয়েছে।
তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী চেতনা ও মানবিক মূল্যবোধ যার মধ্যে রয়েছে, তিনিই প্রকৃত শিল্পী। অন্যথায় শিল্পীর পরিচয়ের আড়ালেও কেউ ফ্যাসিবাদের সহযোগীতে পরিণত হতে পারেন।
অনুষ্ঠানে জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, শাম্মী আক্তার এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

জগন্নাথ হলের পাশে দুটি, টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
জগন্নাথ হলের পাশে দুটি, টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের পাশে দুটি এবং টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিক্ষোভের ডাক ছাত্রদলের

ককটেল বিস্ফোরণের ঘটনার পর রাতেই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।

তবে কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন চান মির্জা ফয়সাল আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন চান মির্জা ফয়সাল আমিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। একই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম নিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সংগ্রহ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূল নেতাকর্মীদের কাছে অত্যন্ত আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা দেওয়ার পর আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় ঠাকুরগাঁও-১ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

রামেক হাসপাতালে এক সপ্তাহে চার ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
রামেক হাসপাতালে এক সপ্তাহে চার ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে হাসপাতালটিতে নতুন করে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের বাসিন্দা।

রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৯ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ১০ ও ১১ সেপ্টেম্বর এ সংখ্যা ছিল ৬৪ জন করে। ১২ সেপ্টেম্বর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। এরপর ১৩ সেপ্টেম্বর ৮০ জন, ১৪ সেপ্টেম্বর ৮২ জন এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ৯৫ জনে পৌঁছেছে।

হাসপাতালের দৈনিক হিসাব বলছে, ৯ সেপ্টেম্বর ২০ জন, ১০ সেপ্টেম্বর ২০ জন, ১১ সেপ্টেম্বর ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১২ জন, ১৩ সেপ্টেম্বর ২১ জন, ১৪ সেপ্টেম্বর ২১ জন এবং ১৫ সেপ্টেম্বর ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সাত দিনে ভর্তি হয়েছেন ১২৫ জন।

এদিকে, এক সপ্তাহে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাবনার বেড়া এলাকার বাসিন্দা ইমরুল কায়েস হৃদয় (২৬), ৯ সেপ্টেম্বর নাটোরের বনপাড়ার বাসিন্দা জিত সরকার (২২), ১৪ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বাসিন্দা হৃদয় (২৪) এবং ১৫ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জের বালুবাগানের বাসিন্দা আসমা খাতুন (৩৫) মারা যান।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং তিনজন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি