এমিতে বাজিমাত ‘উইডোজ বে’, সেরা ড্রামা ‘দ্য পিট’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে টেলিভিশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। এবারের আয়োজনে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’।
প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে সিরিজটি পেয়েছে মোট ১৪টি পুরস্কার। ১৯টি মনোনয়নের বিপরীতে এই সাফল্য এসেছে। সেরা কমেডি সিরিজের পুরস্কারও উঠেছে ‘উইডোজ বে’র হাতে।
সিরিজটির অভিনয়শিল্পী ম্যাথিউ রাইস সেরা কমেডি অভিনেতার পুরস্কার পেয়েছেন। একই আয়োজনে সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। দুই ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হিসেবে একই আসরে পুরস্কৃত হয়ে বিশেষ নজির গড়েছেন রাইস।
‘উইডোজ বে’ থেকে আরও পুরস্কার পেয়েছেন কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট। তাঁরা যথাক্রমে সেরা পার্শ্ব অভিনেত্রী ও পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন। সিরিজটির চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন নির্মাতা কেটি ডিপোল্ড এবং পরিচালনায় জয়ী হয়েছেন হিরো মুরাই।
‘দ্য পিট’–এর দাপট
এবারের এমিতে ২৫টি মনোনয়ন পেয়েছিল এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’—যা ছিল অন্য সব সিরিজের চেয়ে বেশি। শেষ পর্যন্ত সাতটি পুরস্কার ঘরে তুলেছে সিরিজটি।
সেরা ড্রামা সিরিজের পুরস্কার জেতার পাশাপাশি টানা দ্বিতীয়বার সেরা ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছেন নোয়া ওয়াইল। গত বছর সিরিজটি ১৩টি মনোনয়ন পেয়েছিল। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
সীমিত দৈর্ঘ্যের সিরিজের বিভাগেও সাতটি পুরস্কার জিতে আলোচনায় রয়েছে ‘ডিএফটি সেন্ট লুইস’। অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন ডেভিড হারবার ও লিন্ডা কার্ডেলিনি। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য—দুই বিভাগেই পুরস্কার পেয়েছেন।
গুরুত্বপূর্ণ পুরস্কার
- সেরা ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
- সেরা কমেডি সিরিজ: ‘উইডোজ বে’
- সেরা লিমিটেড/অ্যানথোলজি সিরিজ: ‘ডিএফটি সেন্ট লুইস’
- সেরা ড্রামা অভিনেতা: নোয়া ওয়াইল, ‘দ্য পিট’
- সেরা ড্রামা অভিনেত্রী: রিয়া সিহর্ন, ‘প্লুবিরাস’
- সেরা কমেডি অভিনেতা: ম্যাথিউ রাইস, ‘উইডোজ বে’
- সেরা কমেডি অভিনেত্রী: জিন স্মার্ট, ‘হ্যাকস’
- সেরা লিমিটেড/অ্যানথোলজি অভিনেতা: ম্যাথিউ রাইস, ‘দ্য বিস্ট ইন মি’
- সেরা লিমিটেড/অ্যানথোলজি অভিনেত্রী: স্যালি ফিল্ড, ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার’
- সেরা ড্রামা পরিচালক: সোল মেটস্টাইন, ‘স্লো হর্সেস’
- সেরা কমেডি পরিচালক: হিরো মুরাই, ‘উইডোজ বে’
‘উইডোজ বে’র গল্প নিউ ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরের একটি ছোট দ্বীপের শহরকে ঘিরে। শহরটির মেয়র টম লফটিস চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিউ রাইস। অর্থনৈতিক সংকট কাটাতে তিনি পর্যটন বাড়ানোর উদ্যোগ নেন। কিন্তু স্থানীয়দের বিশ্বাস, দ্বীপটি অভিশপ্ত। পর্যটকের আনাগোনা বাড়ার পর পুরোনো নানা ভৌতিক কাহিনি বাস্তব রূপ নিতে শুরু করে।
এবারের এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান সঞ্চালনা করেছেন অভিনেত্রী মারিস্কা হারগিটে। রসিকতা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানটি প্রাণবন্ত করে রাখেন।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array