লিথুয়ানিয়ার আকাশে ড্রোন, ভূপাতিত করলেন ন্যাটোর ইতালীয় যুদ্ধবিমান
লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করেছে ন্যাটোর হয়ে টহলরত ইতালির একটি যুদ্ধবিমান। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় মধ্যরাতের পর দেশটির মধ্যাঞ্চলের প্রাতকুনাই গ্রামের কাছে ড্রোনটি ধ্বংস করা হয়। লিথুয়ানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি বেলারুশের দিক থেকে দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, ড্রোনটি ‘সম্ভবত’ রাশিয়া থেকে এসেছে। তবে ড্রোনটির প্রকৃত উৎস নিশ্চিত করতে ধ্বংসাবশেষ পরীক্ষা করা হচ্ছে। লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাসও জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটিকে নিশ্চিতভাবে রুশ ড্রোন বলা যাচ্ছে না।
লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ড্রোনটি বেলারুশ থেকে প্রবেশ করে প্রাতকুনাইয়ের কাছে ভূপাতিত হয়। এর আগে রাজধানী ভিলনিয়ুস ও আশপাশের এলাকায় ড্রোন সতর্কতা জারি করা হয়েছিল। ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ লিথুয়ানিয়ার আকাশসীমা রক্ষায় মোতায়েন ন্যাটোর বাল্টিক এয়ার ডিফেন্স মিশনের অংশ হিসেবে ইতালির যুদ্ধবিমানগুলো সেখানে দায়িত্ব পালন করছে। ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি F-2000 Eurofighter যুদ্ধবিমান ড্রোনটি মোকাবিলায় আকাশে ওঠে।
ড্রোনটিতে বিস্ফোরক ছিল কি না, তা নিয়েও তদন্তে ভিন্ন ভিন্ন প্রাথমিক তথ্য পাওয়া গেছে। প্রথমদিকে লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ড্রোনটিতে বিস্ফোরক থাকতে পারে। পরে তদন্তকারীরা ঘটনাস্থলে একটি বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কথা জানান।
এদিকে, রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ড্রোনটির উৎপত্তি ও লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশের কারণ—দুটিই এখনো তদন্তাধীন।
বাল্টিক অঞ্চলে সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে ড্রোন আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে। এর আগে এস্তোনিয়া ও লাটভিয়ার আকাশেও ন্যাটোর টহলরত যুদ্ধবিমান ভ্রান্তপথে ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করেছে।
সুত্রঃ আল–জাজিরা
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array