গুগলকে ভাঙল না আদালত, বিজ্ঞাপন ব্যবসায় কঠোর শর্ত
অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রে চলা মামলায় গুগলের বিরুদ্ধে রায় দিয়েছেন একটি ফেডারেল আদালত। তবে প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার নির্দেশ না দিয়ে বিজ্ঞাপন ব্যবসার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লিওনি ব্রিঙ্কেমা এ রায় দেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও কয়েকটি অঙ্গরাজ্যের যৌথ মামলায় অভিযোগ করা হয়েছিল, গুগল বেআইনিভাবে অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা সীমিত করেছে।
মামলায় গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার পাশাপাশি তাদের বিজ্ঞাপন নিলাম প্ল্যাটফর্ম অ্যাডএক্স বিক্রির আবেদন করেছিল সরকার। তবে বিচারক সেই দাবি গ্রহণ করেননি।
রায়ে গুগলকে বিজ্ঞাপন নিলামের কিছু নিয়ম পরিবর্তন ও শিথিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো ওয়েবসাইটকে গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবহার করলে বাধ্যতামূলকভাবে অ্যাডএক্স ব্যবহার করতে হবে—এমন নিয়মও বন্ধ করতে হবে।
বিচারকের নির্দেশ অনুযায়ী, অন্য কোম্পানির বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবহারকারীদেরও অ্যাডএক্সের তাৎক্ষণিক নিলামে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। আদালতের মতে, এতে বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার সুযোগ বাড়বে।
গুগলকে এসব শর্ত আগামী ছয় বছর মেনে চলতে হবে। মামলার বাদীরা অবশ্য ১৫ বছরের জন্য এ ধরনের বিধিনিষেধ চেয়েছিল।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে আদালত অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির কয়েকটি ক্ষেত্রে গুগলের অবৈধ একচেটিয়া আধিপত্যের প্রমাণ পেয়েছিল। তবে বুধবারের রায়ে গুগলের পুরো বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দেওয়া হয়।
রায়ের বিষয়ে গুগল জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং এর বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবসা ভেঙে দেওয়া হলে ছোট ব্যবসাগুলোর জন্য সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়তে পারে।
অন্যদিকে মার্কিন বিচার বিভাগের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জুনিয়র রায়টিকে অনলাইন বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, রায়টি পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গুগলের বিজ্ঞাপন ব্যবসা প্রতিষ্ঠানটির আয়ের অন্যতম প্রধান উৎস। গত বছর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় ৭৩ শতাংশ বিজ্ঞাপন খাত থেকে এসেছিল। আদালতের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী ডিজিটাল বিজ্ঞাপনে ব্যয় ছিল প্রায় ৪২৪ বিলিয়ন ডলার, যা আগামী বছরের মধ্যে প্রায় ৬০৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
গুগলের বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রে চলমান একাধিক অ্যান্টিট্রাস্ট মামলার একটি। এর আগে অনলাইন সার্চ ব্যবসা নিয়ে আরেক মামলায় আদালত গুগলকে একচেটিয়া চুক্তি বন্ধ করা এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কিছু সার্চ-সংক্রান্ত তথ্য ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করে দেওয়ার সরকারি দাবিটি আদালত গ্রহণ করেনি।
সূত্রঃ রয়টার্স
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array