খুঁজুন
                               
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বাজেটে কালো টাকা সাদা করার কোন ব্যবস্থা রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
বাজেটে কালো টাকা সাদা করার কোন ব্যবস্থা রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয় নাই। আমার মনে হয়, আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে সিপিডির বাজেট প্রতিক্রিয়ায় এবারও ‘কালো টাকা সাদা করার সুযোগ’ রাখার সমালোচনা করা হয়। গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা ‘সমর্থনযোগ্য নয়’।

অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সে প্রসঙ্গ আসে। একজন সাংবাদিক বলেন, ‘ভালো বাজেটের কালো দিক কালো টাকা। এই সুযোগটা না রেখে বাজেটকে কালো টাকা মুক্ত করা যেত কিনা।”

সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, একটি বিষয় বুঝতে ‘ভুল’ হচ্ছে। মরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন, যে টাকা পান, কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে। অথচ উনার টাকাটা কিন্তু হোয়াইট, উনি জমি বিক্রি করেছেন ৫ কোটি টাকায়, রেজিস্ট্রেশন হয়েছে ১ কোটি টাকায়। বাকি ৪ কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা গত বছরেই একটা সুযোগ করেছিলাম যে, উনি যদি বাকি ৪ কোটি টাকা প্রমাণ করতে পারেন যে উনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং উনার যদি বায়নানামা থাকে, যদি প্রুভ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার ট্যাক্স এবং ১৫% গেইন ট্যাক্স, সেই হারে ট্যাক্স দিয়ে এটা দেখাতে পারবেন।

আব্দুর রহমান বলেন, এটা আমরা গতবারই করেছি, এটা ছিল সেলারের দিক থেকে। এবার বায়ারের জন্যও একইরকম একটা সুবিধা চিন্তা করা হয়েছিল যে, বায়াররাও ঝামেলায় পড়েন যে একটা ফ্ল্যাট উনি কিনলেন ২০ কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হল ৩ কোটি টাকায়।

তিনি বলেন, আমাদের ট্যাক্সের লোকজন উনাকে গিয়ে আবার চেইজ করে যে, আপনার আমাদের কাছে প্রমাণ আছে আপনি ২০ কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনার এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে, জরিমানাসহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়।

তাদের ‘একটু রিলিফ দেওয়ার জন্য’ এবার বাজেটে নতুন বিষয়টি যুক্ত করা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যদি উনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, যাতে করে উনি ২০% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্সের প্লাস ১৫% এক্সট্রা দিয়ে, যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এরকম একটা প্রভিশন আছে, তবে এটা নিয়ে যদি আপত্তি থাকে, আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তাভাবনা করবেন।

পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বিষয়টি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, এই যে মৌজা রেটের বিষয়টা, যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে সেটা আপনারা সবাই জানেন। এটার ওপর আমরা কাজ করছি যেহেতু আমরা সময় পাই নাই, দেড় মাসের মধ্যে বাজেট করতে হয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারিনি।

মন্ত্রী আরও বলেন, মৌজা রেটের যে বিষয়টা আছে, সেটার উপর একটা কমিটি হয়েছে এবং মৌজা রেটগুলো আমরা রিভিউ করতে যাচ্ছি। আমরা মৌজা রেটগুলো একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি যাতে করে ওই কালো টাকা সাদা করার ক্ষেত্রে আর কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, এটা দীর্ঘ একটা কাজ। এখানে কিন্তু সারা বাংলাদেশের একটা সার্ভে করতে হবে, মৌজাভিত্তিক করতে হবে। এখানে একটা মৌজার বাজারের এক মূল্য, তারপরে ধানের একেবারে চাষবাসের জায়গার আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি এবং এটা কমপ্লিট হলে মৌজা রেটটা যখন মার্কেট রেটের সাথে আমরা নিয়ে আসতে পারব, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না।

কালের আলো/এসএকে

যে কারণে বন্ধ হয়েছিল ফেসবুক-ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
যে কারণে বন্ধ হয়েছিল ফেসবুক-ইনস্টাগ্রাম

মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে হঠাৎ বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হন। তবে প্রায় এক ঘণ্টার মধ্যেই সেবাগুলো পুনরায় স্বাভাবিক হয়ে যায়।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে প্রথমবারের মতো এ বিভ্রাটের অভিযোগ আসতে শুরু করে। এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে ধীরে ধীরে সেবাগুলো পুনরায় সচল হতে শুরু করে।

ডিজিটাল সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের সময় ব্যবহারকারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হন এবং অভিযোগের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়।

ব্যবহারকারীরা জানান, ফেসবুক অ্যাপে প্রবেশ করতে গেলে ‘এরর’ মেসেজ দেখা যাচ্ছিল। মোবাইল অ্যাপে অনেকের ক্ষেত্রে আগের লোড হওয়া পেজেই অ্যাপ আটকে যাচ্ছিল। ডেস্কটপ ব্যবহারকারীরাও লগইন করতে সমস্যায় পড়েন।

মেসেঞ্জারে অনেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান এবং পুনরায় লগইন করার চেষ্টা করলে ‘লগ ইন সম্ভব নয়’-বার্তা প্রদর্শিত হয়।

ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার কথা জানান ব্যবহারকারীরা। এছাড়া হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণেও কিছু সময়ের জন্য সেবা বিঘ্নিত হয়। তবে মোবাইল অ্যাপ অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে কাজ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, মেটার একাধিক প্ল্যাটফর্মে একযোগে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। তবে বিভ্রাটের কারণ বা সম্পূর্ণ সমাধানের সময় সম্পর্কে মেটা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই ধরনের বিভ্রাট সাম্প্রতিক বছরগুলোতে বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর জন্য একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে, যা বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীকে সাময়িকভাবে প্রভাবিত করে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

চাকরির পিছনে না ঘুরে নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
চাকরির পিছনে না ঘুরে নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে। আমরা মনে করি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই আপনাদের প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে।

শুক্রবার (১২ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে জেলা সমাজসেবা কমপ্লেক্স “তিথিডোর” হলরুমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপ সচিব) মোছা. জিলুফা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিভিল সার্জেন ডা. আসিফ ফেরদৌস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজম। সার্বিক তত্বাবর্ধায়নে ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে ৪৯জন কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ,২৫ জন প্রশিক্ষনার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

যুক্তরাষ্ট্রের কঠিন পরীক্ষা নেবে ১২ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের কঠিন পরীক্ষা নেবে ১২ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে

২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র বড় ছাপ রাখতে চায়। সেই লক্ষ্যে ২০২৩ সালে হাইপ্রোফাইল কোচ মাউরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিয়েছিল তারা। তিন বছর পর এই আর্জেন্টাইন কোচের আস্থার প্রতিদান দেওয়ার পালা।

যদিও পচেত্তিনোর দলটির মধ্যে তার আগের ক্লাব দলগুলোর মতো একই বৈশিষ্ট্য—যেমন হাই-প্রেসিং ও সাবলীল আক্রমণাত্মক ফুটবল দেখা যায় না, তবুও যুক্তরাষ্ট্রের এই দল বেশ তীব্রতা নিয়েই খেলে এবং গোল করতে পারে। সামনের সারিতে ক্রিশ্চিয়ান পুলিসিক ও ফোলারিন বালোগানই প্রধান ভরসা এবং গোল করার মূল দায়িত্ব থাকবে তাদের কাঁধেই। তবে আক্রমণের ক্ষেত্রে ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস, ব্রেন্ডেন অ্যারনসন, জিওভানি রেইনা, সার্জিনো ডেস্ট ও অ্যান্টোনি রবিনসনের মতো খেলোয়াড়রাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা বেশ দীর্ঘ সময় ধরে জাতীয় দলের অংশ এবং নিজেদের ক্লাবের হয়ে ইউরোপের বড় বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের।

অবশ্য সাম্প্রতিক সময়ের কিছু ফলের সঙ্গে স্বাগতিক হওয়ার চাপ দলে বিরাজমান। এই বছর চার ম্যাচ খেলে হেরেছে তিনটিতে। জার্মানি, পর্তুগাল ও বেলজিয়ামের কাছে পরাজিত দলটির একমাত্র জয় এসেছিল গত সপ্তাহে সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে। আশা করা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচেও সেই ধারা থাকবে।

এদিকে প্যারাগুয়ে তিনটি আসরে দর্শক হয়ে থাকার পর বিশ্বকাপে ফিরেছে। শেষবার ২০১০ সালের টুর্নামেন্টে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ২০২৪ সালে দলটির কোচের দায়িত্ব নেন ৬৩ বছর বয়সী গুস্তাভো আলফারো। এই ট্যাকটিশিয়ানে ভর করে বিশ্বকাপে স্বপ্নের প্রত্যাবর্তন হয়েছে।

আলফারো জাতীয় দলকে তার প্রথাগত খেলার ধরনে ফিরিয়ে সফল হয়েছেন। আগের কোচ ড্যানিয়েল গারনারোর অধীনে প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে মাত্র একটি জিতেছিল। আলফারো দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের আরও বেশি শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলার পাশাপাশি একটি শক্তিশালী রক্ষণাত্মক কাঠামো গড়ে তোলার দিকে ঠেলে দেন। এর ফলাফল ছিল অবিশ্বাস্য রকমের ইতিবাচক। এর পরের ১২টি বাছাইপর্বের ম্যাচে তারা মাত্র একবারই হেরেছে এবং এই প্রক্রিয়ায় সাতটি ম্যাচে কোনো গোলই হজম করেনি।

এই প্যারাগুয়ে তাদের জমাট রক্ষণণ দিয়ে প্রতিপক্ষদের হতাশ করার ক্ষমতা রাখে। আর কাউন্টার অ্যাটাকেও গোল দিতে সিদ্ধহস্ত। জুলিও এনকিসোর সৃজনশীলতার ওপর অনেকটা নির্ভর করতে হবে তাদের। কিন্তু পেশীর চোটের কারণে হয়তো তাকে প্রথম ম্যাচ বেঞ্চেই কাটাতে হচ্ছে।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায়। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে সময় টিভি, টি স্পোর্টস ও বাংলাদেশ টেলিভিশন।

কালের আলো/জেএন/এমএসআইপি