খুঁজুন
                               
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের

দিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ থেকে ১১ জুন বিএসএফ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্মেলন শেষে যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার।

দুই সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘস্থায়ী সহযোগিতা ও পারস্পরিক আস্থার প্রতিফলন ঘটিয়ে সম্মেলনটি সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক ও ভবিষ্যতমুখী পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিএসএফ ও বিজিবির মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ব্যবস্থার অংশ হিসেবে এ সম্মেলন বিদ্যমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

আলোচনায় মাদক, অস্ত্র, জাল মুদ্রা, সোনা ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ এবং অবৈধ সীমান্ত অতিক্রম ও মানব পাচার প্রতিরোধের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া সীমান্ত এলাকায় প্রাণহানি, অবৈধ, অনিচ্ছাকৃত বা জোরপূর্বক সীমান্ত অতিক্রম, সীমান্ত অবকাঠামো নির্মাণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার বাস্তবায়ন, আস্থা-নির্মাণমূলক পদক্ষেপ এবং সীমান্তজুড়ে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা সমন্বিত টহল আরও জোরদার করা, সতর্কতা বৃদ্ধি, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান উন্নত করা এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত-সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে সীমান্তবাসীকে সচেতন করা এবং সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

উভয় সীমান্তরক্ষী বাহিনী আন্তঃসীমান্ত অপরাধ, বিদ্রোহী কার্যকলাপ এবং সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পক্ষদ্বয় সম্মেলনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে নিরাপদ ও শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করতে সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং পেশাগত সম্পৃক্ততা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

১১ জুন যৌথ আলোচনাপত্রে স্বাক্ষরের মাধ্যমে সম্মেলনটি ইতিবাচক পরিবেশে সমাপ্ত হয়। উভয় প্রতিনিধিদল আশা প্রকাশ করে, গৃহীত সিদ্ধান্ত ও সমঝোতাগুলো দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াবে এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরবর্তী মহাপরিচালক পর্যায়ের সম্মেলন ২০২৬ সালের নভেম্বরে পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে।

কালের আলো/এম/এএইচ

ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে এ সমস্যা শুরু হয়।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব ভার্সন) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের সেশন হঠাৎ করেই ‘লগআউট’ হয়ে যাচ্ছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ওয়েবসাইটের ত্রুটি ও বিভ্রাট নজরদারি করার ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর বরাত দিয়ে জানা গেছে, ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েবসাইটের ব্যবহারকারীরা। ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছে।

আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইতিমধ্যে #FacebookDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

তবে চলতি এই বিভ্রাট নিয়ে মেটা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

কালের আলো/এসআর/এএএন

নতুন হেয়ারকাট, মিষ্টি হাসি— অন্য এক সাদিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
নতুন হেয়ারকাট, মিষ্টি হাসি— অন্য এক সাদিয়া

সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। প্রায়ই নতুন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়ান ভক্তদের। সদ্য সামাজিক মাধ্যমে নতুন হেয়ারস্টাইলের কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী; যা মুহূর্তের মধ্যেই তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

দেখা যায়, অভিনেত্রী তার নতুন হেয়ারকাটের চার ছবির একটি কোলাজ শেয়ার করেছেন। ছবিতে তাকে একটি সাদা রঙের অফ-শোল্ডার পোশাকে বেশ গ্ল্যামারাস লুকে দেখা যায়। কানে থাকা সোনালী রঙের আকর্ষণীয় দুল এবং মুখের চেনা মিষ্টি হাসি তার এই নতুন রূপকে যেন অনন্য করে তোলে।

ক্যাপশনে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সিগনেচার লুক বাই সামিয়া আমাকে একটি নতুন হেয়ারস্টাইল দিয়েছে’।

নতুন লুকে অভিনেত্রীকে দেখে কমেন্ট বক্সে প্রশংসায় মেতে উঠেছেন তার অনুরাগীরা। পোস্টটিতে লাইক ও কমেন্টের বন্যা বইছে। অধিকাংশই সাদিয়ার এই নতুন ফ্যাশনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন; তার সৌন্দর্য ও হেয়ারস্টাইলের প্রশংসা করছেন।

এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘চমৎকার হেয়ারকাট’।

ছোটপর্দায় সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসির কারণে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন সাদিয়া আয়মান। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন।

অভিনয়ের পাশাপাশি নিজের লুক এবং ফ্যাশন নিয়েও বেশ সচেতন এই তারকা। এর আগেও বিভিন্ন সময় তার ভিন্নধর্মী লুক দর্শকদের পছন্দ হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে পৌঁছেছেন ছয় মন্ত্রী

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে পৌঁছেছেন ছয় মন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

কক্সবাজারে আগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে পৌঁছাবেন। তাঁর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী একটি নতুন উপজেলা ও একটি নতুন পৌরসভার উদ্বোধন করবেন। এছাড়া তিনি রাজনৈতিক জনসভা, সুধী সমাবেশ এবং খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে শনিবার রাতেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ