খুঁজুন
                               
, ,
           

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ : কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ : কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সমান অংশীদার। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। মানুষের কল্যাণ নিশ্চিত হলেই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত হবে।

তিনি বলেন, এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার। এ দেশে যারা বসবাস করেন, তারা সবাই দেশের সমান অংশীদার। তাই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্বও সবার।

মন্ত্রী আরও বলেন, পূর্বসূরিরা আমাদের জন্য একটি সুন্দর দেশ রেখে গেছেন। আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম দায়িত্ব। সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ হবে।

সমাজে কিছু অসাধু ও দুষ্কৃতকারী মানুষ সব সময়ই ছিল এবং এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভালো মানুষগুলো একসঙ্গে দাঁড়ালে কোনো অন্যায় বা অপশক্তি সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।

অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু ও শ্রী সঞ্জিত দেবনাথসহ কুমিল্লার সনাতনী সমাজের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের সন্ধানে টানা ৭২ ঘণ্টা ধরে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে বেশির ভাগ সদস্যের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের সময় মালকা পরিবারের সদস্যরা ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। হামলায় ভবনটি ধ্বংস হয়ে যাওয়ার পর পরিবারের বহু সদস্য নিখোঁজ ছিলেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালান। একপর্যায়ে সেখান থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মালকা পরিবারের সদস্যদের স্মরণে আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজার আয়োজন করা হবে।

কালের আলো/এসএ

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ হিমবাহ ও পাথরধসের পর সৃষ্ট ঢলের ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার ত্রিশূলী–১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাঁকে উদ্ধার করে নেপালের সেনাবাহিনী।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আপার ত্রিশূলী–১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ত্রিশূলী–৩–এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজন হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন।

উদ্ধারের পর তাঁদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হয়। তবে সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া কবির মহারাজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কাঠমান্ডুর আর্মি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে সঞ্জয় শাহকেও একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে।

নেপালের জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ বলেছেন, ক্ষতিগ্রস্ত সব সুড়ঙ্গেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তাঁর ভাষায়, যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আশা রয়েছে।

গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় ব্যাপক হিমবাহ ও পাথরধসের ঘটনা ঘটে। এরপর কাদা, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ওই অঞ্চলে নেমে আসে। এতে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয় এবং বহু কর্মী নিখোঁজ হন।

দুর্যোগের পর থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপালের বিভিন্ন সংস্থা। একের পর এক জীবিত উদ্ধারের ঘটনায় উদ্ধারকাজে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জনের বেশি মানুষ।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বত অংশে এই দুর্যোগে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩১ জন এখনো নিখোঁজ। দুই দেশের হিসাব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৩৭৫ জনে। নিখোঁজের সংখ্যা পাঁচ হাজার পাঁচশরও বেশি।

ধ্বংসস্তূপের নিচে আরও কেউ জীবিত আছেন কি না, তা জানতে ক্ষতিগ্রস্ত সুড়ঙ্গগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপাল সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালের আলো/এসএ

সহকারী জজ পদে ২৫০ জন নেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন

চাকরি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
সহকারী জজ পদে ২৫০ জন নেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৬-এর আবেদন চলছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (সিভিল জজ) হিসেবে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কম-বেশি হতে পারে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

পদ ও বেতন

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)
পদসংখ্যা: ২৫০টি
বেতন: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা। এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর শিক্ষাজীবনের ফলাফলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন

প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট

আবেদন ও ফি

অনলাইনে আবেদনের শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন সম্পন্ন করার পর পরীক্ষার ফি বাবদ ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।

পরীক্ষার পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে—

  • প্রাথমিক পরীক্ষা: ১০০ নম্বরের MCQ। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • লিখিত পরীক্ষা: মোট ১ হাজার নম্বর। গড় পাস নম্বর ৫০ শতাংশ।
  • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর। পাস নম্বর ৫০।

প্রাথমিক, লিখিত ও মৌখিক—সব পরীক্ষা ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

কালের আলো/এসএ