খুঁজুন
                               
, ,
           

বালিপাড়া ব্রিজে অবৈধ টোল বন্ধে তথ্য প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক অ্যাকশন

বিশেষ সংবাদদাতা/ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
বালিপাড়া ব্রিজে অবৈধ টোল বন্ধে তথ্য প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক অ্যাকশন

একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে টোলের নামে টাকা আদায়ের অভিযোগ—বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ত্রিশালের বালিপাড়া ব্রিজ ঘিরে বাড়ছিল উত্তেজনা। তখনই আসে দ্রুত সমাধানের উদ্যোগ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় ব্রিজের অবৈধ টোল আদায়। তাঁর নির্দেশনার পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। থামে যানজট, স্বস্তি ফেরে চালক-যাত্রীদের মধ্যে।

  • সড়ক অবরোধের খবর পেয়েই প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ
  • এক ফোনেই থামল ‘অবৈধ টোল’, স্বস্তি বালিপাড়ায়
  • জনস্বার্থে দ্রুত সিদ্ধান্তে প্রশংসা স্থানীয়দের

ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, জনভোগান্তির একটি অভিযোগ প্রশাসনিক জটিলতায় আটকে থাকেনি। অভিযোগ ও বিক্ষোভের খবর সামনে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটে। স্থানীয়দের কাছে এ কারণেই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হস্তক্ষেপটি আলাদা গুরুত্ব পেয়েছে।

ক্ষোভ জমছিল, সড়কে নামলেন চালকেরা
ত্রিশাল-নান্দাইল সড়কের গুরুত্বপূর্ণ এই ব্রিজে টোল আদায় শুরু হওয়ার পর থেকেই ক্ষোভ তৈরি হয় স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের মধ্যে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেই ক্ষোভ রূপ নেয় সড়ক অবরোধে। নান্দাইল-ত্রিশাল সড়কে অবস্থান নিয়ে টোল বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। আটকে পড়ে সাধারণ যাত্রী ও পরিবহন। এমন পরিস্থিতিতে বিষয়টি দ্রুত তথ্য প্রতিমন্ত্রীর নজরে আসে। তাঁর নির্দেশনায় ব্রিজের টোল আদায় পুরোপুরি স্থগিত করা হয়। ঘোষণার পরই অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

‘অনুমতিই ছিল না’—সওজের বক্তব্য
বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দিকও উঠে এসেছে সড়ক ও জনপথ বিভাগের বক্তব্যে। সওজ কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, বালিপাড়া ব্রিজে কোনো ধরনের টোল আদায়ের অনুমতি নেই। যারা অর্থ আদায় করছিল, তারা অবৈধভাবে এ কাজ করছিল। বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানিয়েছেন, টোল আদায়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সিদ্ধান্তে মিলল সরাসরি সুফল
একজন পরিবহন চালকের ভাষায়, টোলের নামে জোর করে টাকা নেওয়া হচ্ছিল। সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে সেই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। স্থানীয়দের মন্তব্যেও উঠে এসেছে অভিন্ন কথা।

তাঁদের মতে, অভিযোগ ওঠার পর দীর্ঘসূত্রতা না করে দ্রুত ব্যবস্থা নিয়েছেন প্রতিমন্ত্রী। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির অবসান ঘটিয়েছেন। তাঁরা প্রতিমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।

সরকারের ‘জনবান্ধব’ নীতির বার্তাকে করেছে স্পষ্ট
বালিপাড়া ব্রিজের ঘটনাটি এখন শুধু অবৈধ টোল বন্ধের ঘটনা নয়। জনস্বার্থের একটি অভিযোগের বিষয়ে সরকারের দায়িত্বশীল একজন প্রতিমন্ত্রী, জনপ্রতিনিধির দ্রুত হস্তক্ষেপ কীভাবে তাৎক্ষণিক সুফল আনতে পারে, তারও একটি বড় উদাহরণ হয়ে উঠেছে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত আমলে নিয়ে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার এই পদক্ষেপ সরকারের জনবান্ধব নীতির বার্তাকে আরও স্পষ্ট করেছে। এতে করে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে।একই সঙ্গে স্থানীয়দের প্রত্যাশা—অবৈধ টোলের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নিয়ে এই উদ্যোগকে পূর্ণতা দেওয়া হবে।

কালের আলো/এমএএএমকে

মৌসুমীর ভিডিও বার্তায় ওমর সানীর সঙ্গে সম্পর্কের নতুন ইঙ্গিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
মৌসুমীর ভিডিও বার্তায় ওমর সানীর সঙ্গে সম্পর্কের নতুন ইঙ্গিত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিভিন্ন কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এবার পারিবারিক ব্যবসার নতুন উদ্যোগের খবর জানিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুক পেজে মৌসুমীর একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এরপর থেকেই ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হয়।

ভিডিও বার্তায় মৌসুমী জানান, তাদের পারিবারিক রেস্টুরেন্ট ব্র্যান্ড ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা মানিকগঞ্জের সাটুরিয়ায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার সাভারের হেমায়েতপুরে চালু হচ্ছে রেস্টুরেন্টটির দ্বিতীয় শাখা।

আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেখানে ঐতিহ্যবাহী ‘চাপ’-এর পাশাপাশি বিভিন্ন ধরনের বাঙালি খাবার পাওয়া যাবে বলেও জানান মৌসুমী।

এদিকে, এই ভিডিও বার্তাকে ঘিরে ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সাম্প্রতিক ভিডিও কলে তাদের স্বাভাবিক কথোপকথন এবং এবার ব্যবসায়িক প্রচারে মৌসুমীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই গুঞ্জনকে আরও প্রশ্নের মুখে ফেলেছে।

সব মিলিয়ে, নতুন রেস্টুরেন্ট শাখা চালুর খবরের পাশাপাশি ওমর সানী-মৌসুমীর সম্পর্কের বিষয়টিও ভক্তদের আগ্রহের কেন্দ্রে এসেছে।

কালের আলো/এমএসআইপি 

হুথির হামলায় ফুরোচ্ছে  সৌদির ‘আকাশের ঢাল’

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
হুথির হামলায় ফুরোচ্ছে  সৌদির ‘আকাশের ঢাল’

ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ার মধ্যেই বড় ধরনের প্রতিরক্ষা চাপে পড়েছে সৌদি আরব। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে দেশটির ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসছে। ফলে নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে এখন আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের দিকে তাকাতে হচ্ছে রিয়াদকে। দুই আঞ্চলিক কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হুথি ও অন্যান্য ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলা ঠেকাতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ করেছে সৌদি আরব।

একসঙ্গে বহু দিক থেকে চাপ
সৌদি আরবের সংকট শুধু ইয়েমেন সীমান্তে সীমাবদ্ধ নেই। হুথিদের হামলার পাশাপাশি ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতায় তেল স্থাপনা, পাইপলাইন ও সমুদ্রপথও ঝুঁকিতে পড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের সঙ্গে যুক্ত হয়েছে হরমুজ প্রণালির উত্তেজনা। গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো সুরক্ষার পাশাপাশি সামরিক ঘাঁটি ও সরকারি স্থাপনাগুলো রক্ষায়ও আকাশ প্রতিরক্ষার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

ফলে রিয়াদের জন্য সমস্যা এখন শুধু পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা নয়; সীমিত ইন্টারসেপ্টর কোথায় এবং কোন হুমকির বিরুদ্ধে ব্যবহার করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মক্কার আকাশে নতুন উদ্বেগ
এই চাপের মধ্যেই বুধবার সৌদি আরব দাবি করেছে, হুথিরা মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, ড্রোনটি মক্কার দিকে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। পবিত্র নগরীটির নিরাপত্তাকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করছে রিয়াদ। তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মূলত এর প্রতীকী ও নিরাপত্তাগত গুরুত্বের কারণে। ইয়েমেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে থাকা মক্কার দিকে কোনো ড্রোন পৌঁছানোর দাবি সৌদির আকাশ প্রতিরক্ষার সক্ষমতা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রও পারছে না চাহিদা মেটাতে
সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের কারণে ওয়াশিংটনের নিজেদের ইন্টারসেপ্টর মজুতও কমেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ফলে রিয়াদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে যুক্তরাষ্ট্রের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।

তবে ওয়াশিংটন পুরোপুরি নিষ্ক্রিয় নয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি টাস্কফোর্স সৌদি বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক পরিকল্পনায় সহায়তা করছে। কিন্তু সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিষয়ে অনাগ্রহ স্পষ্ট।

তেলের বাজারেও পড়ছে প্রভাব
সৌদির নিরাপত্তা সংকটের প্রভাব এখন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে জ্বালানি বাজারেও পড়ছে। তেল পাইপলাইন ও স্থাপনায় হামলার ঝুঁকি এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

অর্থাৎ রিয়াদের ইন্টারসেপ্টর সংকট কেবল সামরিক সরঞ্জামের ঘাটতি নয়। এটি একই সঙ্গে সৌদি তেল অবকাঠামো, আন্তর্জাতিক নৌপথ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এখন রিয়াদের বড় প্রশ্ন—মিত্রদের কাছ থেকে কত দ্রুত আকাশ প্রতিরক্ষা সহায়তা পাওয়া যাবে এবং দীর্ঘস্থায়ী হামলার মধ্যে সীমিত প্রতিরক্ষা মজুত কতদিন টিকিয়ে রাখা সম্ভব হবে।

এম/এএইচ

ফিফার নগদ তহবিল ৬০০ কোটি ডলার, সদস্যদের অর্থ দেওয়ার দাবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
ফিফার নগদ তহবিল ৬০০ কোটি ডলার, সদস্যদের অর্থ দেওয়ার দাবি

বাংলাদেশসহ ফিফার ২১১ সদস্য সংস্থাকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় ফুটবল কনফেডারেশন (কনকাকাফ)। বাংলাদেশি মুদ্রায় প্রতিটি সদস্য সংস্থার জন্য এই অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো এক যৌথ চিঠিতে এ দাবি জানানো হয়েছে। চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি স্বাক্ষর করেছেন।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তহবিল নিয়ে প্রস্তাব

চিঠিতে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ মেয়াদ শেষে ফিফার নগদ তহবিল প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত ফিফার প্রয়োজনের তুলনায় এই অর্থ অনেক বেশি বলেও উল্লেখ করা হয়েছে।

উয়েফা ও কনকাকাফের প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ চক্রে ফিফার ২১১ সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার করে এককালীন বরাদ্দ দেওয়া উচিত। অবকাঠামো নির্মাণ ও ফুটবলের উন্নয়নে এই অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।

এই প্রস্তাব বাস্তবায়ন হলে ফিফাকে অতিরিক্ত প্রায় ২১১ কোটি ডলার ব্যয় করতে হবে। নিয়মিত বরাদ্দের বাইরে এই অর্থ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যবহারের কথা বলা হয়েছে।

বিনিয়োগ পরিকল্পনার নথি প্রকাশের দাবি

এদিকে এর একদিন আগে ফিফার সহসভাপতি ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ডেবি হিউইট ফিফার বাতিল হওয়া বিনিয়োগ পরিকল্পনার সব নথি প্রকাশের দাবি জানান। ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের সভার আগেই এসব নথি প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

ফিফার বাণিজ্যিক ও টিকিটিং অধিকার পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করা হয়েছিল। তবে জাতীয় ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার মুখে চার দিনের মধ্যেই সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এদিকে জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চে ফিফা সভাপতি পদে চতুর্থ মেয়াদে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

কালের আলো/এমএসআইপি