খুঁজুন
                               
, ,
           

হামে আরও সাতজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৯৫

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
হামে আরও সাতজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৯৫

দেশে হাম ও হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। হাম উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন।

এদিকে, একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান নিয়ে বাধা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্তলিকা দাহ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় তারা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করার দাবি জানান।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কুশপুত্তলিকায় ‘পাকিস্তানের দালাল’ ও ‘যুদ্ধাপরাধী দেইল্যা রাজাকার’ লেখা ছিল। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন এবং তাকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা সংশ্লিষ্টদের শনাক্ত করার দাবি জানান।

কর্মসূচির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান কবির রাসেল বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনৈতিক অবস্থান বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

একজন মুক্তিযোদ্ধাকে গোপনে গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাসেল আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাজাকারদের ছবি প্রদর্শনের ঘটনা এবং পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া অভিযোগ করেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে মানিক পশারীর স্বাভাবিক দাফন ও গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে। যারা এ ঘটনায় বাধা দিয়েছেন, তাদের অবিলম্বে শনাক্ত করার দাবি জানান তিনি।

সোহাগী সামিয়া আরও বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের মাধ্যমে একজন মুসলমানের দাফনপ্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ঘটনাবলির দোহাই দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার প্রবণতা সম্পর্কেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও আদর্শের ওপর আঘাত এলে আরও বেশি মানুষ প্রতিবাদে অংশ নেবেন।

তবে দাফন ও গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগ এবং এর পেছনের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে: রিজভী

গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল কখনও পিছপা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রামে যুবদল নিজেদের ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানুষের অধিকার রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তারা গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক দায়িত্ব থেকে সরে যাননি।

যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে সংগঠনটির যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে রিজভী বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তারপরও সংগঠনটির নেতাকর্মীরা আন্দোলন থেকে পিছিয়ে যাননি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কর্মকাণ্ড এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে সংগঠনটি।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলেছেন। তারা এখন যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনেও তাদের সাহসী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

রাজশাহীর মাঠে ঢাকার দাপুটে জয়, ইনিংস ব্যবধানে হার স্বাগতিকদের

রাজশাহী সংবাদদাতা, কালের আলো
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
রাজশাহীর মাঠে ঢাকার দাপুটে জয়, ইনিংস ব্যবধানে হার স্বাগতিকদের

নিজেদের মাঠে ঢাকা বিভাগের কাছে ইনিংস ও ১০৩ রানের বড় ব্যবধানে হেরেছে রাজশাহী বিভাগ। চলতি প্রতিযোগিতায় এটি রাজশাহীর প্রথম পরাজয়। এর আগে দুটি ম্যাচ ড্র করার পাশাপাশি একটিতে জয় পেয়েছিল দলটি। অন্যদিকে, টানা তিন ম্যাচ ড্র করার পর রাজশাহীকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ১৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

আগের দিনের ৫ উইকেটে ২১৫ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। ক্রিজে ছিলেন সাব্বির রহমান ও মেহরাব হোসেন। সাব্বির আগের দিনের ৬৪ রানেই আউট হন। এরপর দলীয় ২৪০ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রানে বিদায় নেন মেহরাব। এতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় ঢাকা।

রাজশাহীর হয়ে সানজামুল ২৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ৭০.৪ ওভারে ২৫৬ রানে অলআউট হয় রাজশাহী। ঢাকার বোলারদের মধ্যে আনামুল হক ৪৮ রানে ৩ উইকেট নেন। সুমন খান ৪১ রানে এবং রিপন মন্ডল ৬২ রানে ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে ঢাকা বিভাগ নিজেদের প্রথম ইনিংসে ৫২১ রান করে অলআউট হয়। জবাবে রাজশাহীর প্রথম ইনিংস থামে মাত্র ১৬২ রানে। ফলে ৩৫৯ রানের বড় লিড পায় ঢাকা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৬ রানেই গুটিয়ে যায় রাজশাহী। এতে ইনিংস ও ১০৩ রানের জয় নিশ্চিত করে ঢাকা বিভাগ।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ঢাকা বিভাগের নাঈম শেখ নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।

কালের আলো/এএইচ/এমএসআইপি