খুঁজুন
                               
, ,
           

আজান-কেরাতের সুমধুর সুরশৈলী, আরও মজবুত করবে তিন বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
আজান-কেরাতের সুমধুর সুরশৈলী, আরও মজবুত করবে তিন বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

সুললিত কণ্ঠে কল্যাণের দিকে ধাবিত হওয়ার আহ্বান হচ্ছে আজান। সুমধুর এই আহ্বান নিয়ে মহাকবি কায়কোবাদ কবিতায় ছন্দে উচ্চারণ করেছিলেন- ‘কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি। মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। কি মধুর আযানের ধ্বনি…।’ মনোমুগ্ধকর আজানের বাণী আর হৃদয়কাড়া ছন্দের ঝংকারে কেরাতের অসাধারণ সুরশৈলীর  মোহনীয়তায় উজ্জীবিত করে মুমিনের অন্তর। এই আজানই মুসলিম উম্মাহ’র শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার মূলমন্ত্র।

ইসলামের অন্যতম এই দু’নিদর্শন বা প্রতীক নিয়েই বরাবরের মতো এবারও আয়োজন করা হয় চলতি বছরের আন্ত:বাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতার। শুক্রবার (১৮ এপ্রিল) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই এর মসজিদে সমাপনী অনুষ্ঠানে ঐশীপ্রেরণাজাত নিদর্শনে সবাইকে মুগ্ধ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী দল আর রানারআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দল।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈনিকদেরকে শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আজান ও কেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে আজান ও কেরাত প্রতিযোগিতার মাধ্যমে কেবল ধর্মীয় নির্দেশনা প্রতিপালনই নয় বরং মুসলিম উম্মাহর হাজার বছরের অনুপম সাংস্কৃতিক নিদর্শনের প্রতিচ্ছবিও ফুটে ওঠে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান। এ সময় ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ়ের গুরুত্বপূর্ণ বার্তাও দেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে চলতি বছরের আন্ত:বাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ৩টি দল সেনা, নৌ ও বিমান বাহিনী অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার। এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে।

কালের আলো/এমএএএমকে

হামের উপসর্গে একদিনে ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
হামের উপসর্গে একদিনে ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্ত ১,১৫৭

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ হাজার ১৫৭ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১ জন।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৬২ হাজার

১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

মোট মৃত্যু ৯৭৫

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০১ জনের।

কালের আলো/এমএসআইপি 

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং পরিস্থিতি অনুকূলে এলে দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দামের বড় পার্থক্য তৈরি হলে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি বাড়ে। এ কারণে বিকল্প না থাকায় সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তবে মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে আবারও দাম সমন্বয় করা হবে।

তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে ২১ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। তখন প্রতিমন্ত্রী বলেছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জামায়াতের সমালোচনা করেন। তিনি দলটিকে বিরোধী দল থেকে ‘জালিমে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন এবং আওয়ামী লীগের মতো ‘ফ্যাসিবাদী আচরণ’ করার অভিযোগ তোলেন। তার ভাষ্য, এর জবাব জনগণ দেবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

ইসরায়েলকে ইউরোপীয় ফুটবলের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে উয়েফা ‘চোখ বন্ধ করে আছে’ বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের ফুটবল অংশগ্রহণের অনুমতি দেওয়ার কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনটি।

২০২৬–২৭ উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইসরায়েল। গ্রুপ ‘জি’-তে তাদের অন্য প্রতিপক্ষ রিপাবলিক অব আয়ারল্যান্ড ও কসোভো।

নিরপেক্ষ ভেন্যুতে ইসরায়েলের ম্যাচ

নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল নিজেদের দেশে ম্যাচ আয়োজন করতে পারছে না। ফলে ২৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং ১ অক্টোবর কসোভোর বিপক্ষে তাদের ‘হোম’ ম্যাচ দুটি হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ৪ অক্টোবর আয়ারল্যান্ডের মাঠে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে সার্বিয়ার বাক্কা টপোলায়। ওই ম্যাচে দর্শক উপস্থিতি থাকবে না।

ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বিতর্কের মধ্যেই ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

উয়েফার বিরুদ্ধে অ্যামনেস্টির অভিযোগ

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউরোপ বিষয়ক পরিচালক স্টিভ ককবার্ন অভিযোগ করেন, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উয়েফা দেশটিকে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ ব্যবহারের সুযোগ দিচ্ছে।

ককবার্ন বলেন, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধের জন্য কোনো মূল্য দিতে হবে—এমন স্পষ্ট বার্তা দেওয়ার পরিবর্তে উয়েফা ইসরায়েলকে আন্তর্জাতিক মঞ্চ দিচ্ছে।’

তিনি আরও বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা কোনো রাষ্ট্রের জন্য খেলাধুলাকে জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়।

অ্যামনেস্টির এই কর্মকর্তা দাবি করেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ বসতিতে থাকা ক্লাবগুলো নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় উয়েফা ও ফিফার আরও আগেই ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

‘ফুটবল ঐক্যের জন্য’

ককবার্নের ভাষ্য, ইসরায়েল যখন ইউরোপীয় ফুটবলে অংশ নিচ্ছে, একই সময়ে ফিলিস্তিনি পরিবারগুলোর বাস্তুচ্যুতি, জমি হারানো এবং জলপাই গাছ উপড়ে ফেলার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘ফুটবল মানুষের মধ্যে ঐক্য তৈরি করার জন্য, কোনো বৈষম্যমূলক ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য নয়।’

তবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উয়েফা ও ফিফার কাছেও মন্তব্য চাওয়া হয়েছে।

এশিয়া থেকে ইউরোপে ইসরায়েল

ইসরায়েল একসময় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিষ্ঠাতা সদস্যদের একটি ছিল। তবে ১৯৭৪ সালে কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ফুটবলে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৯৪ সালে উয়েফায় যোগ দেওয়ার মাধ্যমে ইউরোপীয় ফুটবলে তাদের অংশগ্রহণের পথ তৈরি হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবিও জোরালো হয়েছে।

৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫০ জনের বেশি মানুষ জিম্মি হন বলে ইসরায়েলি সূত্রে জানানো হয়। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, গাজায় ইসরায়েলি অভিযানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের একটি তদন্ত সংস্থা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে। তবে ইসরায়েল সরকার এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

আয়ারল্যান্ডেও তীব্র বিতর্ক

ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি আয়ারল্যান্ডে বিশেষভাবে জোরালো হয়েছে। দেশটির জাতীয় দলের কোচ হেইমির হালগ্রিমসন সম্প্রতি বলেছেন, আন্তর্জাতিক বিরতিতে তার দল ‘গণহত্যার বিরুদ্ধে খেলছে’।

এর জবাবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও বোকামি’ বলে আখ্যা দিয়েছে।

ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) সরাসরি এ মন্তব্যের জবাব দেয়নি। তবে তারা জানিয়েছে, জুলাইয়ে সদস্যদের ভোটের পর ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচে অংশ না নিলে উয়েফার নিষেধাজ্ঞার ঝুঁকি ছিল।

এফএআইয়ের ভোটে ম্যাচ খেলার পক্ষে ৭৫-৩২ ব্যবধানে সিদ্ধান্ত হয়। তবে হাঙ্গেরি ও সার্বিয়ায় অনুষ্ঠেয় ম্যাচ দুটিতে কোনো আইরিশ সমর্থক উপস্থিত থাকবেন না। দেশটির সম্প্রচার সংস্থা আরটিইও চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী ম্যাচ সম্প্রচার করবে, তবে বিজ্ঞাপন প্রচার করবে না।

কালের আলো/এসএ