প্রবাসী ভোটের অভিজ্ঞতা বিনিময়ে শ্রীলঙ্কা যাচ্ছে ইসির প্রতিনিধি দল
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া আরও কার্যকর করতে অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নিতে যাচ্ছে ইসির দুই সদস্যের প্রতিনিধি দল।
শনিবার (১৫ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসির এক আদেশে জানানো হয়, ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নিতে শ্রীলঙ্কা সফর করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি উইংয়ের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন।
আগামী ১ ও ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এই আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসির আদেশ অনুযায়ী, দুই সদস্যের প্রতিনিধি দলটি ১ আগস্টের কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে অথবা উপযুক্ত সময়ে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ৩ সেপ্টেম্বর অথবা উপযুক্ত কোনো তারিখে তারা ঢাকায় ফিরবেন।
অফিস আদেশে সফরটিকে সরকারি বা অফিসিয়াল সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইসি জানায়, সফরের পুরো সময় এবং যাতায়াত ও ট্রানজিটের সময়কে দায়িত্বকাল হিসেবে গণ্য করা হবে। তারা স্থানীয় মুদ্রায় বেতন-ভাতা গ্রহণ করবেন এবং এ বাবদ কোনো অর্থ বৈদেশিক মুদ্রায় উত্তোলন করা যাবে না।
ইসি আরও জানায়, সফরের যাবতীয় ব্যয় বহন করবে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)।
কালের আলো/আরডি/এমডিএইচ

আপনার মতামত লিখুন
Array