খুঁজুন
                               
, ,
           

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

বঙ্গভবনে যাওয়ার আগেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) তিনি বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সমাধিতে শ্রদ্ধা জানান।

রাজনীতির দীর্ঘ পথ চলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কবরে বহুবার দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভিন্ন আবহে তাকে শ্রদ্ধা নিবেদন করতে হয়েছে। কারণ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদনের সময় নিরাপত্তাবাহিনীর কড়াকড়ি ছিল।

এই সময়ে বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী সঙ্গে ছিলেন।

কবর জিয়ারতের সময় সমাধি প্রাঙ্গণের চারপাশের নিরাপত্তা বেষ্টনীর বাইরে দলের নেতা-কর্মী-সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে থেকে ১টা ৪৬ মিনিটে সরাসরি আসেন শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুরা পাঠ করেন এবং মোনাজাত করেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরাসরি ভোটে মোট ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। এই বিশেষ আনুষ্ঠানিকতার আগেই বিএনপির সদ্য সাবেক মহাসচিব তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা খালেদা জিয়ার কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

হরমুজে জব্দ মার্কিন জাহাজ বিক্রি করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
হরমুজে জব্দ মার্কিন জাহাজ বিক্রি করবে ইরান

হরমুজ প্রণালি ও উপসাগরে যুদ্ধের সময় জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো বিক্রি করার পরিকল্পনা করছে ইরান।

আর এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।

সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা মিজান নিউজ এজেন্সির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আবদোলিয়ানপুর বলেন, বিচারিক আদেশের আওতায় হরমুজ প্রণালি ও উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য ব্যবহার করা হবে।’

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলজুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

উভয়পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

সব শিশুর শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সব শিশুর শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন হোক কিংবা স্বাভাবিক—কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। এক দিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিক পর্যন্ত সব মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যেকোনো জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব। সরকার কারও প্রতিপক্ষ নয়; বরং সরকার ও জনগণ একে অপরের পরিপূরক।

এ সময় সংকীর্ণ সমালোচনা পরিহার করে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহার করে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে অভিভাবকহীন শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহ ও নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার বিষয়টি তুলে ধরা হয়। মন্ত্রী বিষয়গুলো সহমর্মিতার সঙ্গে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সুরক্ষা, নিরাপদ আশ্রয় ও জরুরি সেবা দেওয়ার পাশাপাশি শিশুদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।

কালের আলো/এমএসআইপি 

ব্যালন ডি’অর নিয়ে দিবু মার্তিনেস, ‘আমার কোনো সুযোগ নেই, মেসির আছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
ব্যালন ডি’অর নিয়ে দিবু মার্তিনেস, ‘আমার কোনো সুযোগ নেই, মেসির আছে’

ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। বরং পুরস্কারটির জন্য নিজের চেয়ে লিওনেল মেসির সম্ভাবনাকেই এগিয়ে রেখেছেন চেলসির এই গোলরক্ষক।

ফিফার আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার সামনে থাকা তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার দেশে ফিরেছেন দিবু। আর্জেন্টিনায় পা রাখার পর ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কোনো সুযোগ নেই। মেসির আছে, আমার নয়।’

তবে সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াসিন ট্রফির জন্য মনোনীত হয়েছেন ৩৪ বছর বয়সী দিবু। ২০২৩ ও ২০২৪ সালে এই পুরস্কার জেতা আর্জেন্টাইন গোলরক্ষক এবারও নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন না।

বরং বিশ্বকাপে মেসির পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। ব্যালন ডি’অরের জন্য মনোনীত আর্জেন্টিনার দুই খেলোয়াড়ের একজন মেসি, অন্যজন লাওতারো মার্তিনেস।

ফাইনালের হার এখনো মনে আছে

স্পেনের কাছে হেরে যাওয়া ফাইনালের কথাও স্মরণ করেছেন দিবু। সেই হারকে দীর্ঘদিন মনে থাকার মতো ‘কাঁটা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে জাতীয় দলে আবারও ফিরতে পেরে নিজের আনন্দের কথাও জানিয়েছেন।

দিবু বলেন, ‘এখানে ফিরে জাতীয় দলে খেলতে পেরে আমি উপভোগ করছি। যারা এখানে আছে, তারা নতুন কেউ নয়, সবাই আগে থেকেই দলের সঙ্গে ছিল। আর জাতীয় দল সবসময়ই জাতীয় দল থাকবে, যারা চলে যাবে তাদের বিষয়টি আলাদা।’

মেসির বিদায়ী ম্যাচ স্মরণীয় করতে চান দিবু

মেসির জাতীয় দল থেকে বিদায় নিয়েও কথা বলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ হওয়ার কথা।

এ নিয়ে দিবু বলেন, ‘আমি ভেবেছিলাম, সে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছে। আর্জেন্টিনায় নিজের দেশে অবসর নেওয়ার সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নপূরণের মতো। আমরা চেষ্টা করব দিনটিকে সুন্দর ও স্মরণীয় করে তুলতে।’

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জানেন না দিবু

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও প্রশ্নের মুখে পড়েছিলেন দিবু। বছরের শেষেই স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে কোচের ভবিষ্যৎ নিয়ে নিজের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন তিনি।

দিবুর ভাষায়, ‘আমি জানি না। এটা তার এবং তার দলের সিদ্ধান্ত। সে যে সিদ্ধান্তই নিক, আমরা সবসময় তাকে সমর্থন করব।’

সামনে তিন প্রীতি ম্যাচ

আর্জেন্টিনা দলের সব খেলোয়াড় এখনো ক্যাম্পে যোগ দেননি। তবে মঙ্গলবার সকাল ১০টা থেকে এজেইজা কমপ্লেক্সে অনুশীলন শুরু করার কথা বিশ্বচ্যাম্পিয়নদের।

৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর বুয়েনস এইরেসে ফিরে ৩ অক্টোবর বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। সবশেষ ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা—যে ম্যাচটি মেসির জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচ হিসেবে ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ।

কালের আলো/এসএ