খুঁজুন
                               
, ,
           

১০০ বছর পর মুদ্রায় জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
১০০ বছর পর মুদ্রায় জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত নতুন ১ ডলারের স্মারক কয়েন বাজারে এনেছে দেশটির টাকশাল। এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পর কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় স্থান পেল।

নতুন এই স্মারক কয়েনে ট্রাম্পের প্রতিকৃতির পাশে লেখা রয়েছে ‘ইন গড উই ট্রাস্ট’। যুক্তরাষ্ট্রের টাকশাল জানিয়েছে, ঐতিহাসিক এই বার্ষিকী উপলক্ষে দেশের চেতনা, গর্ব ও ঐতিহ্য তুলে ধরতেই বিশেষ কয়েনটি তৈরি করা হয়েছে।

২৫টি কয়েনের একটি রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার। আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই টাকশালের ওয়েবসাইটে কয়েনগুলো ‘বর্তমানে মজুত নেই’ বলে দেখানো হয়।

এর আগে ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি হাফ-ডলার কয়েনে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল। জীবিত অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় ব্যবহারের সেটিই ছিল প্রথম ঘটনা।

এদিকে, যুক্তরাষ্ট্রে জীবিত ব্যক্তির প্রতিকৃতি দিয়ে কাগুজে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা রয়েছে। তবে কয়েনের ক্ষেত্রে আইনগত অবস্থান কিছুটা ভিন্ন। ট্রাম্পের প্রতিকৃতি নতুন কয়েনের সামনের অংশে থাকায় সংশ্লিষ্ট আইন প্রয়োগের বিষয়টি নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এর আগে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে জীবিত ব্যক্তির ছবি কাগুজে মুদ্রায় ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধা থাকায় সেই উদ্যোগ এখনো চূড়ান্ত হয়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ১৫% ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ১৫% ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে বিক্রি হওয়া স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মঙ্গলবার আদালত রায় দিলেও বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নিলাম ক্রেতাদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।

মামলার নথি অনুযায়ী, একটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করে। পরে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(১) ধারার অধীনে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি নিলামে তোলে।

নিলামে আবেদনকারীরা সর্বোচ্চ ২৪ কোটি টাকা দর দিয়ে সম্পত্তিটি কিনে নেন। তাদের দর অনুমোদনের পর সম্পূর্ণ অর্থ জমা দেওয়া হলেও অর্থঋণ আদালত নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি জমা দেওয়ার নির্দেশ দেয়।

ওই নির্দেশ চ্যালেঞ্জ করে নিলাম ক্রেতারা হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত রুল ও সম্পূরক রুল চূড়ান্ত ঘোষণা করে রায় দেন।

রায়ে হাইকোর্ট বলেন, নিলাম ক্রেতাদের নিলামমূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত যে আদেশ দিয়েছিল, তা আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং এর কোনো আইনগত কার্যকারিতা নেই।

একই সঙ্গে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ হিসেবে অন্তর্ভুক্ত করা বিতর্কিত এসআরওর সংশ্লিষ্ট অংশকেও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন আদালত।

আইনজীবীদের মতে, এই রায়ের ফলে অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সুযোগ থাকছে না। দেশের বিভিন্ন অর্থঋণ আদালতে ডিক্রি বাস্তবায়নের জন্য পরিচালিত বিচারিক নিলাম এবং নিলামে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

কালের আলো/এসকে/এমএসআইপি

দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার

সাইবার হামলা, ড্রোন প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তার মতো নতুন ধরনের হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমুদ্রে নজরদারি ও পরিস্থিতিগত সচেতনতা বাড়ানোর জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন সময়ে দেশের সার্বিক নিরাপত্তায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।

এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল’-এর আওতায় বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসামরিক প্রশাসনকে সহায়তা করে সশস্ত্র বাহিনী।

প্রধানমন্ত্রী জানান, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১২৯ ধারার আওতায় সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে প্রচলিত সামরিক সক্ষমতার পাশাপাশি সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তার মতো আধুনিক ক্ষেত্রেও দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পরিকল্পনা রয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

ইরানে মার্কিন হামলা, নিহত ১৮; পাল্টা হামলা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
ইরানে মার্কিন হামলা, নিহত ১৮; পাল্টা হামলা তেহরানের

ইরানে নতুন করে মার্কিন বাহিনীর চালানো হামলায় ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দি এ তথ্য জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ‘আগ্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানানো হয়েছে।

ইরানের দাবি, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ও সেবা খাতের অবকাঠামোয় হামলা চালায়। এতে হতাহতের পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের ওপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার চেষ্টার জবাবে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

পাল্টা জবাবে ইরান জর্ডান, কুয়েত, বাহরাইন, ইরাকের কুর্দিস্তান অঞ্চল ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি