আজ রাতে চরকিতে দেখা যাবে ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল’
দেশের বিনোদন অঙ্গনের গুণী ও জনপ্রিয় শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছিল ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। দিনব্যাপী এই আয়োজনে ছিল পুরস্কার বিতরণ, অভিনয়ের মাস্টারক্লাস ও প্যানেল আলোচনা। রেকর্ড করা অনুষ্ঠানটি আজ শুক্রবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশিত হবে।
তারকাদের রেড কার্পেট, ফ্যাশন, সাক্ষাৎকার, আড্ডা ও মিলনমেলার নানা মুহূর্তের পাশাপাশি থাকবে পুরস্কার জয়ের আনন্দ এবং বিজয়ীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ফলে ছুটির রাতে ঘরে বসেই প্রিয় তারকাদের নিয়ে সাজানো এই বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন দর্শকেরা।
নিজেদের অরিজিনাল কনটেন্ট, সিনেমা ও সিরিজের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছে চরকি। ২০২৩ ও ২০২৪ সালের কাজের জন্য সাবস্ক্রাইবার চয়েজ বা দর্শক ভোট এবং সমালোচক—দুই বিভাগে ২৩টি করে ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুরস্কার।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘সবার অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। কনটেন্টটিকে আমরা এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি যেন দর্শকেরা সবাই মিলে উপভোগ করতে পারেন।’
তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজন
‘চরকি অ্যাওয়ার্ডস’ সঞ্চালনা করেন রাকিন আবসার ও রাফসান সাবাব। অনুষ্ঠানে মুবাশশীরা কামাল ইরার কোরিওগ্রাফিতে ছিল নৃত্য পরিবেশনা ‘ফ্লো বাই ইরা’। এ ছাড়া বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিংও দর্শকদের বিনোদিত করে।
বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও গিয়াসউদ্দিন সেলিম এবং অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, রুমানা রশীদ ঈশিতা ও জাহিদ হাসান।
পুরস্কারজয়ীদের মধ্যে রয়েছেন রায়হান রাফী, আশরাফুল আলম শাওন, অনম বিশ্বাস, আফরান নিশো, নাজিয়া হক অর্ষা, শঙ্খ দাশগুপ্ত, রবিউল আলম রবি, জাহিন ফারুক আমিন, আবু সাঈদ রানা, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, সুমন সরকার, সালেহ সোবহান অনীম, আতিয়া রহমান, বিজয়া রত্নাবলী, ইমন চৌধুরী, রিপন নাথ, শহীদুল ইসলাম, মাশা ইসলাম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু ও সাবিলা নূর।
এ ছাড়া পুরস্কার পেয়েছেন আল-আমিন হাসান নির্ঝর, প্রীতম হাসান, মেহজাবীন চৌধুরী, মোহাম্মদ তাওকীর ইসলাম, নুহাশ হুমায়ূন, গুলতেকিন খান, এফ এস নাইম, জিন্নাত আরা, তাহসিন রহমান, রুবামা ফাইরুজ, সাথী আকতার, খৈয়াম সানু সন্ধি, অদীপ সিং মানকি, শিহাব নূরুন নবী, রিজভী রিজু, শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মোশাররফ করিম ও জয়া আহসানসহ অনেকে।
‘গা ছুঁয়ে বলো’ ও ‘লাগে উড়াধুরা’র স্বীকৃতি
সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘গা ছুঁয়ে বলো’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজীব সরোয়ার ও অবন্তী সিঁথি। গানটির কথা লিখেছেন তানজীব সরোয়ার এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
আরেকটি সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘লাগে উড়াধুরা’। এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সুর করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান।
প্রয়াত কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা
আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তাঁর বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে এই সম্মাননা তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজনে ছিল অভিনয়শিল্পী তারিক আনাম খানের মাস্টারক্লাস। প্যানেল আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন।
চরকি জানিয়েছে, কার্নিভ্যালের মাস্টারক্লাস ও প্যানেল আলোচনার আলাদা কনটেন্টও শিগগিরই দর্শকদের জন্য প্রকাশ করা হবে।
আজ শুক্রবার রাত ৮টায় চরকিতে প্রকাশের মধ্য দিয়ে ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল’-এর বর্ণিল আয়োজন এবার ঘরে বসেই দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array