খুঁজুন
                               
, ,
           

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিজেলের দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে ওঠে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ১০৩ ডলার ছাড়িয়ে যায়।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়েছে। তবে কবে এটি পুনরায় চালু হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, রোববার মাত্র ১৪টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শনিবার এ সংখ্যা ছিল ১২, শুক্রবার ১১ এবং বৃহস্পতিবার মাত্র ৯টি।

এর পাশাপাশি ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের অগ্রযাত্রায় বাব এল-মান্দেব প্রণালী নিয়েও উদ্বেগ বাড়ছে। ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুটি নৌপথ ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লয়েডস ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, তেল পাইপলাইনটি কতদিন বন্ধ থাকবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ সময় পাইপলাইনটি বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহ এবং জ্বালানির দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

হরমুজ প্রণালী নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত হওয়ায় বাজারের উদ্বেগ আরও বেড়েছে। সোমবারের নির্ধারিত বৈঠকটি রোববার বিকেলে স্থগিত করা হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ঐকমত্যের স্বার্থে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে তেহরান বলেছে, রিয়াদের অনুরোধেই বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বাড়ছে। সোমবার দেশটিতে সাধারণ আনলেডেড পেট্রোলের জাতীয় গড় দাম প্রতি গ্যালন ৪ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে পেট্রোলের গড় দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে।

সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে ডিজেলের দাম। সোমবার যুক্তরাষ্ট্রে ডিজেলের জাতীয় গড় দাম প্রতি গ্যালন ৬ দশমিক ২৩ ডলারে পৌঁছেছে, যা দেশটির সর্বকালের সর্বোচ্চ।

ট্রাক, নৌযান ও ট্রেনসহ পণ্য পরিবহনে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে ডিজেলের দাম বাড়লে পরিবহন ব্যয়ও বাড়বে। এর প্রভাব খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দামে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।

কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়ঙ্ক বলেন, কৃষিকাজ, খাদ্য উৎপাদন থেকে শুরু করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন—প্রায় সব ক্ষেত্রেই ডিজেলের ব্যবহার রয়েছে। তাই ডিজেলের দাম বাড়লে এর প্রভাব অর্থনীতির বিভিন্ন খাতে ছড়িয়ে পড়তে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

পরিবারের দায়িত্ব নেবে সরকার

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শোকের এই সময়ে সরকার ও সেনাবাহিনী শহীদ পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি পরিবারগুলোর দেখভালের দায়িত্বও সরকার পালন করবে।

বাড়ি নির্মাণ ও চাকরির উদ্যোগ

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শহীদ আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন।

অন্যদিকে শহীদ মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

কালের আলো/এমএসআইপি 

আশায় চাকরি, ডিপ্লোমা পাসে আবেদন

চাকরি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
আশায় চাকরি, ডিপ্লোমা পাসে আবেদন

ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা ‘হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি এ পদে মোট ৩ জন নিয়োগ দেবে। পদটি ফুলটাইম এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

পদের নাম ও যোগ্যতা

পদ: হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেডিকেল ফ্যাকাল্টি)
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
বেতন: ৩৩ হাজার টাকা
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা

আশার এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া দেখতে আশার নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

কালের আলো/এসএ

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি, জিয়ারত করবেন দুই মাজার

সিলেট সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি, জিয়ারত করবেন দুই মাজার

৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৮ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। পরে সকাল ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।

সিলেট সফর শেষে মঙ্গলবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

কালের আলো/এমএসআইপি