খুঁজুন
                               
, ,
           

সৌদির তিন শহরে হুতিদের হামলা, আহত ১৩ বেসামরিক নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
সৌদির তিন শহরে হুতিদের হামলা, আহত ১৩ বেসামরিক নাগরিক

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের তিন শহরে ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোট মঙ্গলবার এ দাবি করেছে।

জোটের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে হুতিরা।

সামরিক জোটের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ১৩ জনের পরিচয় কিংবা তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক এই হামলার পেছনে ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং দেশটির পশ্চিম উপকূল ও বাব আল-মানদেব প্রণালিকে ঘিরে চলমান সংঘাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে গৃহযুদ্ধ তীব্র হয়। এর এক বছর পর হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে বড় ধরনের সংঘাত কিছুটা কমে এসেছিল। তবে সম্প্রতি পশ্চিম উপকূলে হুতিদের নতুন করে অগ্রযাত্রায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

হুতিদের মোখা বন্দরনগরী দখল এবং বাব আল-মানদেব প্রণালির মুখে অবস্থিত মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই নৌপথ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী পাল্টা অভিযান চালাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর জবাবে সৌদি আরবের সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে হুতিদের বিরুদ্ধে।

ইয়েমেনের এই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্যই নয়, লোহিত সাগর ও বাব আল-মানদেবের নৌপথ এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

কালের আলো/এসএ

আশায় চাকরি, ডিপ্লোমা পাসে আবেদন

চাকরি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
আশায় চাকরি, ডিপ্লোমা পাসে আবেদন

ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা ‘হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি এ পদে মোট ৩ জন নিয়োগ দেবে। পদটি ফুলটাইম এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

পদের নাম ও যোগ্যতা

পদ: হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেডিকেল ফ্যাকাল্টি)
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
বেতন: ৩৩ হাজার টাকা
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা

আশার এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া দেখতে আশার নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

কালের আলো/এসএ

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি, জিয়ারত করবেন দুই মাজার

সিলেট সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি, জিয়ারত করবেন দুই মাজার

৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৮ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। পরে সকাল ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।

সিলেট সফর শেষে মঙ্গলবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

কালের আলো/এমএসআইপি 

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় এড শিরানের কনসার্ট থেকে বাদ ম্যাকলমোর

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় এড শিরানের কনসার্ট থেকে বাদ ম্যাকলমোর

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের বাকি কনসার্টগুলো থেকে বাদ পড়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর।

এড শিরানের ‘লুপ ট্যুর’-এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কনসার্টে পারফর্ম করছিলেন ম্যাকলমোর। গত ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের একটি কনসার্টে মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন তিনি। পাশাপাশি গাজায় চলমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

এরপরই ম্যাকলমোরকে সফরের বাকি অনুষ্ঠানগুলো থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। সফরের আয়োজক মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, আসন্ন কয়েকটি কনসার্টের ভেন্যু কর্তৃপক্ষ ম্যাকলমোরকে অনুষ্ঠানের তালিকায় রেখে আয়োজন করতে আপত্তি জানিয়েছিল। এতে পুরো সফর বাতিল হওয়ার আশঙ্কা এবং বিপুলসংখ্যক দর্শকের ওপর প্রভাব পড়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর বাকি কনসার্টগুলোতে ম্যাকলমোরকে আর না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ সেপ্টেম্বরের কনসার্টে ম্যাকলমোর বলেন, যুক্তরাষ্ট্রের বড় মঞ্চগুলোতে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলাই এ সফরে যুক্ত হওয়ার অন্যতম কারণ। গাজা থেকে অধিকৃত পশ্চিম তীর পর্যন্ত ফিলিস্তিনিদের কথা যেন ভুলে যাওয়া না হয়—এমন বার্তাও দেন তিনি। পরে গাজায় ধ্বংসযজ্ঞের ছবি প্রদর্শনের সময় নিজের প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন।

ম্যাকলমোরের বক্তব্যের পর ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল তাকে এড শিরানের সফরের বাকি অনুষ্ঠানগুলো থেকে বাদ দেওয়ার দাবিতে আবেদন শুরু করে। তাদের দাবি, কনসার্টের মঞ্চ রাজনৈতিক বক্তব্য প্রচারের জায়গা হওয়া উচিত নয়।

এদিকে ম্যাকলমোর জানিয়েছেন, এড শিরানের সঙ্গে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কঠিন আলোচনা হয়েছে। নিজের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তাঁর মতামত ও অনুভূতি সবসময় নিখুঁত বা ভদ্রভাবে প্রকাশ পায় না এবং কখনো কখনো মুহূর্তের আবেগে ভুলও হতে পারে।

ফিলিস্তিনের পক্ষে ম্যাকলমোরের অবস্থান অবশ্য নতুন নয়। ২০২৪ সালে তিনি ‘হিন্দস হল’ নামে একটি প্রতিবাদী গান প্রকাশ করেন। গানটি গাজায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের স্মৃতির সঙ্গে যুক্ত এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে।

এড শিরানের ‘লুপ ট্যুর’-এর বাকি ১০টি অনুষ্ঠানের মধ্যে আটটিতে ম্যাকলমোরের পারফর্ম করার কথা ছিল। আগামী ১৯ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় সফরটি আবার শুরু হওয়ার কথা। তবে এখন ম্যাকলমোরকে ছাড়াই বাকি অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে।

কালের আলো/এসএ