খুঁজুন
                               
, ,
           

জনপ্রতিনিধিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
জনপ্রতিনিধিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

কালের আলো রিপোর্ট :

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশুদ্ধ পানির ব্যবস্থা ঠিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে বলেছেন। নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণকে দেয়া ওয়াদা পূরণ করতে উদ্ধুদ্ধ করেছেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে সমাজ রক্ষায় বিশেষ যত্নবান হতে সুপরামর্শ দিয়েছেন। জনপ্রতিনিধিদের চোখে বুনে দিয়েছেন সাবলম্বী স্থানীয় সরকারের স্বপ্ন। সাফ সাফ জানিয়ে দিয়েছেন জনপ্রতিনিধিদের দায় এড়ানোর উপায় নেই। শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তুলতে নিজ নেতৃত্বাধীন সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রজ্ঞাবান প্রধানমন্ত্রী স্মার্ট স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতেই প্রেরণাদায়ী উচ্চারণে পরিকল্পিত উদ্যোগ ও নানা কর্মযজ্ঞ বাস্তবায়নের চিত্রপট উপস্থাপন করেন। তিনি বলেছেন, ‘শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে। রাষ্ট্রের সার্বিক উন্নয়নে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে স্থানীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার উন্নয়নে বরাদ্দ দেবে, কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও সাবলম্বী হতে হবে।’ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সকলকে আমি বলব ২০০৯ সাল থেকে আমরা সরকারে আছি। আজকে বাংলাদেশের একটি ধাপ উত্তরণ ঘটেছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এটা যেন পিছিয়ে না যায়। সেদিকে লক্ষ্য রেখেই আপনাদের ওপর অর্পিত দায়িত্ব এবং জনসেবা আপনারা করে যাবেন। আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।

মানুষ এখন সব সেবা পান গ্রামে বসেই
প্রধানমন্ত্রী জানান, গ্রামীণ পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। রাস্তাঘাট অনেক হয়েছে। ডিজিটাল সেন্টার হয়েছে দেশব্যাপী। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। মানুষ এখন সব সেবা পান গ্রামে বসেই। মানুষের আয় বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে যথাযথ মহাপরিকল্পনার মাধ্যমে ভূমির কার্যকর ব্যবহার করতে হবে। সার্বজনীন পেনশন স্কিমে দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হলে উপকৃত হবে সবাই।

জনপ্রতিনিধিদের তো দায় এড়ানোর উপায় নেই
শেখ হাসিনা বলেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা ঠিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। পানি দূষিত হলে দোষ হয় সরকারের। সরকারি কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য চাকুরে। তাদের তো জবাবদিহিতা নেই। কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি, তাদের তো দায় এড়ানোর উপায় নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয়দের খোঁজখবর রাখবেন। কারণ তাদের আস্থা-বিশ্বাসই আপনাকে প্রতিনিধি বানায়।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণকে দেয়া ওয়াদা পূরণ করবেন। সরকারি কর্মকর্তাদের বুদ্ধি শুনে অযথা বা যেনোতেনো প্রকল্প নেবেন না। কারণ আপনার এলাকার প্রয়োজন আপনাকেই ভালো করে জানতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে সমাজ রক্ষায় বিশেষ যত্নবান হয়ে কাজ করতে হবে স্থানীয় সরকার প্রতিনিধিদের।

‘গ্রাম পর্যায় পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগ দিতে হবে। অহেতুক প্রকল্প নেবেন না। সুপেয় পানির পুকুরের পাশে কেন বর্জ্য ফেলার জায়গা বানাতে হবে? তাহলে তো প্রকল্প কাজে আসবে না। জলাধার ভরাট করে ভবন যাতে নির্মাণ না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

শক্তিশালী করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকে

সরকার প্রধান বলেন, আমি মনে করি আগামী দিনে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। একটা রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবে স্থানীয় সরকার। কাজেই স্থানীয় সরকার হবে সবচেয়ে শক্তিশালী। তিনি বলেন, ‘কেন্দ্র থেকে আমরা ব্যবস্থা করে দেব কিন্তু স্থানীয় সরকার স্থানীয়ভাবেই দেশের উন্নয়ন করবে এবং জাতির পিতার স্বপ্ন পূরণ করব। জাতির পিতা যে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই উন্নয়নশীল দেশ হিসেবেই আমাদের এগিয়ে যেতে হবে। কারো কাছে মাথা নিচু করে নয় মাথা উঁচু করে আমরা চলবো। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলবো। শেখ হাসিনা বলেন, ‘আমরা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, প্রতিটি স্কুলের উন্নয়ন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। বিভাগগুলোতে মেডিকেল বিশ্ববিদ্যালয় করছি, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে শিক্ষার মান আমরা উন্নয়ন করে দিচ্ছি।

২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’

প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই স্বাধীনতার সুফল প্রতি মানুষের ঘরে পৌঁছাব এটাই আমাদের লক্ষ্য। আর সেটা আমরা করতে পারব তখনই যদি সক্রিয় ভাবে আপনারা  কাজ করেন  এবং মানুষের সেবা করেন, তখনই এটা করা সম্ভব। তিনি আরও বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’। আমাদের ফ্রিল্যান্সার আছে অনলাইনে কেনাবেচা হচ্ছে বাণিজ্য চলছে, রাস্তাঘাটের উন্নতি করে দিয়েছি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে সবদিক থেকেই উন্নয়ন অব্যাহত রাখতে হবে। আর যে কাজগুলো করে দিই সেটা রক্ষণাবেক্ষণ এবং যত্ন আপনাদেরই করতে হবে।

গোপালগঞ্জে পতিত জমিতে মণে মণে মাছ
গোপালগঞ্জে অযথা পড়ে থাকা জমিতে চাষ করে মণে মণে মাছ পাওয়া যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর লাভের টাকা জমির মালিক, চাষী সবাই পাবেন বলেও জানান সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, গোপালগঞ্জে পতিত জায়গায় মাছ চাষ করা হয়েছে। কিছু দিন আগে পেলাম ১৪ মণ। আর গত পরশু সেখানে মাছ ধরা হয়েছে প্রায় ৮৮ মণ। প্রতিমণ বিক্রি করা হয়েছে ৭ হাজার ৭০০ টাকায়। জমির মালিক, চাষী সবাই এই লাভের টাকার ভাগ পাবেন। অথচ এই জমিগুলো অযথা পড়ে থাকতো।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, রাজশাহীর বাঘা উপজেলার চেয়ারম্যান লায়েব উদ্দিন আহমেদ লাবলু, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলুও স্থানীয় সরকার সংস্থার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন।

কালের আলো/এমএএএমকে

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নরসিংদীর উদ্দেশে ছেড়ে আসে। পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর উদ্দিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামও মারা যান। পরে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

নারী-শিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা বন্ধে শক্তিশালী পদক্ষেপ চান শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
নারী-শিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা বন্ধে শক্তিশালী পদক্ষেপ চান শামা ওবায়েদ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের পার্শ্ব বৈঠক হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের প্রযুক্তি সহায়তাপ্রসূত নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে’ এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও জোরদার করেছে। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মানসিক সহায়তার মতো কার্যক্রম রয়েছে।

নারীদের নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ উদ্যোগের কথাও বৈঠকে তুলে ধরেন তিনি।

এ ছাড়া সংঘাতপ্রবণ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে ডিজিটাল হয়রানি প্রতিরোধে বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়েও আলোচনা করেন শামা ওবায়েদ। এ উদ্যোগের আওতায় ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ক্রোয়েশিয়া ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন) আয়োজিত গোলটেবিল বৈঠকে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে উদীয়মান ডিজিটাল হুমকি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় জালিয়াতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অপব্যবহারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

কালের আলো/এমএসআইপি 

এলএনজি ট্রান্সফার শুরু, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
এলএনজি ট্রান্সফার শুরু, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর শুরু হওয়ায় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং স্বাভাবিক সরবরাহ ফিরতে শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্নের কথা জানিয়েছিল পেট্রোবাংলা। এর প্রভাবে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে যায়।

পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। আবহাওয়ার উন্নতির পর এখন এলএনজি স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।

কালের আলো/এমএসআইপি