খুঁজুন
                               
, ,
           

সেনা মালঞ্চে জাতির সূর্য সন্তানদের মিলনমেলা, গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
সেনা মালঞ্চে জাতির সূর্য সন্তানদের মিলনমেলা, গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

আপোসহীন ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করা দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরই পবিত্র মাহে রমজানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। এবারো এই আয়োজনটি কার্যত স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়ে আসা জাতির বীর সন্তানদের এক মিলনমেলায় রূপ নেয়।

এ মিলনমেলায় মুক্তিযুদ্ধের সুমহান চেতনার আলোয় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পথ ধরেই আলোকিত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের পানসিতে চড়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় পথচলার অমিয় বাণীই উচ্চারণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে অনন্য এই মিলন মোহনায় সেনাবাহিনী প্রধান বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাঙালি জাতির মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশের তরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

তিনি আরও স্মরণ করেন ত্রিশ লক্ষ শহিদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে আছি। এছাড়াও, তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের দেশপ্রেম ও বীরত্ব স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে বলে উল্লেখ করেন।

ইফতার মাহফিলের অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল যুবায়ের সালেহীনসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ইফতার মাহফিলে তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেই জাতির সূর্য সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেনাপ্রধান তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই কথা শুনেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালের আলো/এমএএএমকে

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নরসিংদীর উদ্দেশে ছেড়ে আসে। পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর উদ্দিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামও মারা যান। পরে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

নারী-শিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা বন্ধে শক্তিশালী পদক্ষেপ চান শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
নারী-শিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা বন্ধে শক্তিশালী পদক্ষেপ চান শামা ওবায়েদ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের পার্শ্ব বৈঠক হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের প্রযুক্তি সহায়তাপ্রসূত নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে’ এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও জোরদার করেছে। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মানসিক সহায়তার মতো কার্যক্রম রয়েছে।

নারীদের নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ উদ্যোগের কথাও বৈঠকে তুলে ধরেন তিনি।

এ ছাড়া সংঘাতপ্রবণ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে ডিজিটাল হয়রানি প্রতিরোধে বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়েও আলোচনা করেন শামা ওবায়েদ। এ উদ্যোগের আওতায় ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ক্রোয়েশিয়া ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন) আয়োজিত গোলটেবিল বৈঠকে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে উদীয়মান ডিজিটাল হুমকি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় জালিয়াতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অপব্যবহারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

কালের আলো/এমএসআইপি 

এলএনজি ট্রান্সফার শুরু, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
এলএনজি ট্রান্সফার শুরু, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর শুরু হওয়ায় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং স্বাভাবিক সরবরাহ ফিরতে শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্নের কথা জানিয়েছিল পেট্রোবাংলা। এর প্রভাবে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে যায়।

পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। আবহাওয়ার উন্নতির পর এখন এলএনজি স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।

কালের আলো/এমএসআইপি